লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে
লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে

মেসি নাকি এমবাপ্পে: সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙবেন কে

মেসি নাকি এমবাপ্পে: সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙবেন কবিশ্বকাপে শিরোপা লড়াইয়ের পাশাপাশি দর্শক আগ্রহের কেন্দ্রে থাকে ব্যক্তিগত মাইলফলকও। এবারের আসরে যেমন চোখ থাকবে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ডের দিকে।

এক যুগ ধরে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ডটি নিজের করে রেখেছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসা। তবে সেই রেকর্ড এবারের আসরে ভেঙে যেতে পারে। রেকর্ডটি নিজের করে নেওয়ার সুযোগ এখন আর্জেন্টিনার লিওনেল মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের সামনে।

২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে সেমিফাইনালে জার্মানির ৭–১ ব্যবধানে জেতা ম্যাচে এক গোল করেন ক্লোসা। সেটি ছিল বিশ্বকাপে তাঁর ১৬তম গোল। এই গোলেই ক্লোসা ছাড়িয়ে যান ব্রাজিল কিংবদন্তি রোনালদো নাজারিওকে। এর পর থেকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হিসেবে ক্লোসার নামই লেখা আছে।

ক্লোসা সব মিলিয়ে চারটি বিশ্বকাপ খেলেছেন। প্রতিটি আসরেই ছিলেন দারুণ ধারাবাহিক। ২০০২ সালে বিশ্বকাপ মঞ্চে নিজের প্রথম ম্যাচেই সৌদি আরবের বিপক্ষে করেছিলেন হ্যাটট্রিক, সে দিন জার্মানি জিতেছিল ৮–০ গোলে। একই আসরে পরে আরও দুটি গোল করেন ক্লোসা। সব মিলিয়ে প্রথম আসর শেষ করেন পাঁচ গোল নিয়ে।

প্রথম আসরের সেই সাফল্যের ধারা ধরে রাখেন ২০০৬ আসরেও। জার্মানির মাটিতে হওয়া এই টুর্নামেন্টে কোস্টারিকার বিপক্ষে করেন জোড়া গোল। স্বাগতিকেরা সেবার সেমিফাইনাল থেকে ছিটকে গেলেও ক্লোসা সব মিলিয়ে ৫ গোল করেন। যা টুর্নামেন্ট সর্বোচ্চ হওয়ায় ফাইনালের মঞ্চে জেতেন অ্যাডিডাস গোল্ডেন বুট।

২০১০ বিশ্বকাপে অবশ্য গোলসংখ্যা একটি কমে যায় তাঁর। দক্ষিণ আফ্রিকায় হওয়া এই আসরে ক্লোসা করেন চার গোল। এর চার বছর পর যখন ব্রাজিলে খেলতে যান, তত দিনে ৩৬ বছর বয়সী ক্লোজার ধার অনেকটাই কমেছে। প্রথম একাদশে জায়গাও সুনিশ্চিত ছিল না।

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসা

তবে গোল করার সামর্থ্যটা যে একেবারে ফুরিয়ে যায়নি, সেটিই প্রমাণ করেন সুযোগ পেয়ে দুই গোল করে। এর মধ্যে ব্রাজিলের বিপক্ষে সেমিফাইনালের গোলটি তাঁকে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে বসিয়ে দেয়। ক্লোসার ২৪ ম্যাচে করা ১৬ গোলের সেই রেকর্ড এবার হুমকির মুখে।

রেকর্ডটি ভাঙার পথে সবচেয়ে কাছাকাছি আছেন মেসি। ২০২২ বিশ্বকাপজয়ী এই তারকার বর্তমান গোলসংখ্যা ২৬ ম্যাচে ১৩। অর্থাৎ, আর মাত্র তিন গোল করলে মেসি ছুঁয়ে ফেলবেন ক্লোসাকে এবং চার গোল করতে পারলে এককভাবে শীর্ষে। আর্জেন্টিনা দলে এবারও ‘নিউক্লিয়াসের’ ভূমিকায় থাকবেন মেসি। চার গোল করে ক্লোসার রেকর্ড ভাঙা তাই মেসির পক্ষে খুবই সম্ভব।

এই মুহূর্তে মেসির চেয়ে এক গোল কম আছে এমবাপ্পের। ২৭ বছর বয়সী এমবাপ্পে নিজের তৃতীয় বিশ্বকাপেই ছাড়িয়ে যেতে পারেন সবাইকে। চার গোল করলে তিনি ছুঁয়ে ফেলবেন ক্লোসাকে, শীর্ষে  উঠতে দরকার ৫ গোল। তবে বয়স কম হওয়ায় এমবাপ্পের সামনে ভবিষ্যতেও সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগ থাকবে।