তিউনিসিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে বেশ অপ্রীতিকর অভিজ্ঞতারই সম্মুখীন হয়েছে ব্রাজিল। প্যারিসের পার্ক দে প্রিন্সেসে তিউনিসিয়ার সমর্থকেরা গ্যালারিতে বসে সমানে উত্ত্যক্ত করে গেছেন নেইমার-রিচার্লিসনদের। চোখে লেজার রশ্মি মারার পাশাপাশি গ্যালারি থেকে ব্রাজিলিয়ান খেলোয়াড়দের দিকে কলাও ছুড়ে মারা হয়।
নেইমারদের মাঠের অভিজ্ঞতাও অবশ্য ভালো ছিল না। বিশেষ করে ৪২ মিনিটে নেইমারকে ডিলান ব্রন যে ফাউল করেছেন, তা ব্রাজিল সমর্থকদের মনে ভয়ই ধরিয়ে দিয়েছিল। ম্যাচ শেষে ব্রাজিল কোচ তিতে তো বলেছেন, নেইমারকে কাতার বিশ্বকাপে খেলতে না দিতে এভাবে আঘাত করা হয়েছে।
প্যারিসে ম্যাচের ১১ মিনিটে ব্রাজিলকে লিড এনে দেন রাফিনিয়া। ১৮ মিনিটে সমতা ফিরিয়ে রোমাঞ্চের ইঙ্গিত দেয় তিউনিসিয়া। তবে এই গোল ছাড়া ম্যাচে আর বলার মতো কিছু করতে পারেনি উত্তর আফ্রিকার দেশটি।
প্রথমার্ধের ৪০ মিনিটের মধ্যে ৪-১ গোলে পিছিয়ে পড়ে তারা। তবে ৪২ মিনিটে নেইমারকে জঘন্য ফাউল করে বিপদ আরও বাড়ান ডিলান। লাল কার্ড দেখেন। পরের সময়টুকু তিউনিসিয়াকে খেলতে হয় ১০ জনের দল নিয়ে।
তবে নেইমারকে যেভাবে ফাউল করা হয়েছে, তা নিয়ে ম্যাচ শেষে ক্ষোভ জানিয়েছেন তিতে, ‘আমরা জানতাম মাঠের লড়াইটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং আস্থার হবে। কিন্তু নেইমারের সঙ্গে যা হয়েছে, তা আমি কল্পনা করতে পারিনি। এটা একজন খেলোয়াড়কে বিশ্বকাপ থেকে ছিটকে ফেলার জন্য করা হয়েছে।’
তিউনিসিয়ার সঙ্গে বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি ম্যাচ খেলার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিতে আরও বলেন, ‘আমরা চেয়েছিলাম, বিশ্বকাপে আছে এমন দুটি দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে। কারণ, শারীরিক, কৌশলগত এবং মানসিক চাহিদা অনেক বেশি ছিল। তিউনিসিয়া সাত ম্যাচে অপরাজিত ছিল। প্রতিযোগিতামূলক মনোভাব সাধারণত আপনাকে এমন প্রীতি ম্যাচ খেলতে দেয় না যাতে আবেগ জড়িত থাকবে না। আমরা এভাবেই প্রস্তুতি নিতে চেয়েছিলাম এবং ঝুঁকিটা নিয়েছিলাম।’
তিতে অবশ্য ভাবতে পারেননি, এই ঝুঁকি তাঁদের সেরা খেলোয়াড়কেও ঝুঁকিতে ফেলতে পারে। এদিন গ্যালারিতেও ছিল তিউনিসিয়ান সমর্থকদের দাপট, যার প্রভাব পড়েছে মাঠেও। জাতীয় সংগীতের সময় দুয়ো দিয়েছেন তিউনিসিয়ার সমর্থকেরা।
লেজার রশ্মির আলো দিয়ে ব্রাজিল খেলোয়াড়দের মনোযোগ নষ্ট করার চেষ্টাও হয়েছে, যে কারণে খেলা কিছু সময় বন্ধ রাখতে হয়েছিল রেফারিকে। গ্যালারির পরিস্থিতি নিয়ে তিতে বলেছেন, ‘আমরা এমন একটা আবহে খেলেছি, যেখানে বেশির ভাগ সমর্থকই ছিল তিউনিসিয়ার।’
এই ম্যাচ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতির ইতি টানল ব্রাজিল। টানা ৫ ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়েই ‘হেক্সা’ মিশনে নামবে ব্রাজিল। আগামী ২৫ নভেম্বর ব্রাজিলের প্রথম ম্যাচের প্রতিপক্ষ সার্বিয়া। গ্রুপ ‘জি’তে ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ সুইজারল্যান্ড ও ক্যামেরুন।