পেলে
পেলে

পেলের ১৯৫৮ বিশ্বকাপ জয়ের জার্সি নিলামে

কিংবদন্তি পেলের ১৯৫৮ বিশ্বকাপ জয়ের ঐতিহাসিক জার্সিটি নিলামে তুলতে যাচ্ছে বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান ‘সদবিস’। মঙ্গলবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি বছরের বিশ্বকাপ চলাকালীন এই নিলাম অনুষ্ঠিত হবে এবং পেলের জার্সিটিই হবে মূল আকর্ষণ।

১৯৫৮ সালের সেই ফাইনালে স্বাগতিক সুইডেনের বিপক্ষে ব্রাজিলের ৫ গোলের দুটিই করেছিলেন তখন ১৭ বছর বয়সী পেলে। রেকর্ড পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের সেটিই ছিল প্রথম শিরোপা। কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে ২০২২ সালের ডিসেম্বরে ৮২ বছর বয়সে মৃত্যুবরণ করেন পেলে। তাঁর হাত ধরেই তিনটি বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল।

পেলের সেই ঐতিহাসিক ১০ নম্বর জার্সিটির আনুমানিক বিক্রয়মূল্য ধরা হয়েছে ৬০ লাখ ডলারের বেশি (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭০ কোটি টাকার বেশি)। ২৯ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত নিলামটি চলবে।

এর আগে ২০২২ সালে দিয়েগো ম্যারাডোনার বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ জার্সিটি ৯৩ লাখ ডলারে বিক্রি হয়েছিল, ক্রীড়াসামগ্রী বিক্রির ইতিহাসে তখন রেকর্ড ছিল সেটি। তবে কয়েক মাস পরেই বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের ‘লাস্ট ডান্স’ শিকাগো বুলসের জার্সিটি ১০১ লাখ ডলারে বিক্রি হলে ম্যারাডোনার জার্সি বিক্রির রেকর্ডটি ভেঙে যায়।

বিজ্ঞাপনে পেলে।

সদবিস জানিয়েছে, ১৯৫৮ সালের ফাইনাল শেষে পেলে তাঁর এই জার্সিটি সতীর্থ ও বন্ধু দিদাকে উপহার দিয়েছিলেন। দিদার পরিবার কয়েক দশক ধরে এটি নিজেদের কাছে আগলে রেখেছিল। পরে জার্সিটি একটি জাদুঘরে ঠাঁই পায়। এর আগে ২০০৪ সালেও জার্সিটি নিলামে তোলা হয়েছিল।

সদবিসের বিশেষ এই নিলামে পেলের জার্সি ছাড়াও আরও কিছু ঐতিহাসিক স্মারক থাকছে। এর মধ্যে রয়েছে ১৯৮৬ সালের সেই বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ ম্যাচে ম্যারাডোনার পরা একটি আর্মব্যান্ড এবং আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির ব্যবহৃত কিছু ক্রীড়াসামগ্রী।

নিলামে ওঠার আগে আগামী ১ জুলাই থেকে নিউইয়র্কের ‘সদবিস ব্রয়ার’ ভবনে সাধারণ দর্শকদের প্রদর্শনী ও দেখার জন্য এসব ঐতিহাসিক স্মারক উন্মুক্ত করা হবে।