
আর্লিং হলান্ড!
এই মুহূর্তে ব্রাজিলের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম।
বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে বাংলাদেশ সময় আজ রাত ২টায় মুখোমুখি হচ্ছে ব্রাজিল-নরওয়ে। এই ম্যাচের আগে নরওয়ের ‘গোলমেশিন’কে নিয়ে একের পর এক নানা প্রশ্নের উত্তর দিতে হয়েছে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিকে। এখন পর্যন্ত ৩ ম্যাচে ৫ গোল করেছেন নরওয়ের স্ট্রাইকার। তবে নরওয়েজীয় এই গোল-দানবকে নিয়ে মোটেও চিন্তিত নন আনচেলত্তি। তাঁর সাফ কথা, হলান্ডকে আটকানোর জন্য ডিফেন্ডারদের নতুন করে কোনো পরামর্শ দেওয়ার প্রয়োজন নেই তাঁর।
নিউ জার্সির মাঠে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে হলান্ডের মুখোমুখি হবেন ব্রাজিলের রক্ষণভাগের অতন্দ্রপ্রহরী গ্যাব্রিয়েল মাগালাইস। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি বনাম আর্সেনালের সেই চেনা দ্বৈরথই এবার দেখা যাবে বিশ্বকাপের মঞ্চে। শুধু গ্যাব্রিয়েলই নন, ব্রাজিলের অধিনায়ক ও আরেক সেন্ট্রাল ডিফেন্ডার মার্কিনিওসও চ্যাম্পিয়নস লিগে হলান্ডের বিপক্ষে খেলেছেন। ডিফেন্ডারদের ওপর পূর্ণ আস্থা রেখে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি সংবাদ সম্মেলনে বলেছেন, ‘সে (হলান্ড) কীভাবে খেলে, তা সবাই জানে। ওকে কীভাবে রুখতে হবে, সে বিষয়ে আমার ডিফেন্ডারদের আলাদা করে বোঝানোর কিছু নেই। ওরা এর আগে বেশ কয়েকবার ওর বিপক্ষে খেলেছে।’
আনচেলত্তি আরও যোগ করেন, ‘আমি মনে করি না যে ‘‘অ্যান্টি-হলান্ড’’ বলে বিশেষ কোনো পরিকল্পনা হতে পারে। আমার খেলোয়াড়দের শেখানোর প্রয়োজন নেই কীভাবে রক্ষণ সামলাতে হয়।’
ব্রাজিল–ভক্তদের জন্য স্বস্তির খবরও দিয়েছেন কোচ। ঊরুর চোটের কারণে গত দুই ম্যাচ মিস করা ফরোয়ার্ড রাফিনিয়া দলে ফিরতে পারেন। আনচেলত্তি বলেন, ‘রাফিনিয়া খুব দ্রুত সুস্থ হয়ে উঠছে। ও হয়তো এখনো ১০০ ভাগ ফিট নয়, তবে কিছু সময় খেলার জন্য বেঞ্চে থাকতে পারে। আমরা ওর এই দ্রুত সেরে ওঠাতে খুব খুশি। ও আমাদের দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।’
নরওয়ের বিপক্ষে ভিনিসিয়ুস জুনিয়র ও নেইমারকে একসঙ্গে খেলানোর ইঙ্গিতও দিয়ে রাখলেন কোচ। চলতি বিশ্বকাপে ৪ গোল করে ব্রাজিলের আক্রমণভাগকে নেতৃত্ব দিচ্ছেন ভিনিসিয়ুস। অন্যদিকে কাফ মাসলের চোট কাটিয়ে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার কেবল একটি ম্যাচে বদলি হিসেবে অল্প সময়ের জন্য মাঠে নেমেছিলেন। তাঁদের জুটি প্রসঙ্গে আনচেলত্তি বলেন, ‘হ্যাঁ, ম্যাচের কোনো একমুহূর্তে নেইমার আর ভিনিসিয়ুস একসঙ্গে খেলতেই পারে। আর আমার মনে হয়, ওরা খেলবে।’