ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো

‘বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে কাতার বিশ্বকাপে দুর্দান্ত খেলবেন রোনালদো’

বিতর্ক আর ক্রিস্টিয়ানো রোনালদো চলতি মৌসুমে অনেকটা গলা–ধরাধরি করে চলছে। টেন হাগ ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়ার পর শুরুর একাদশে জায়গা পাচ্ছেন না। ম্যাচ শেষের আগেই মাঠ থেকে বেরিয়েও আলোচনার জন্ম দিয়েছিলেন।

তবে সবচেয়ে বড় বোমাটা ফাটিয়েছেন বিশ্বকাপের আগে। পিয়ার্স মরগানকে দেওয়া সাক্ষাৎকারে সরাসরিই কোচ, ক্লাবমালিকদের বিরুদ্ধে কথা বলেছেন। মাঠের বাইরে এত বিতর্কের জন্ম দেওয়া রোনালদো কি বিশ্বকাপে জ্বলে উঠতে পারবেন?

প্রশ্নটা উঠতেই পারে, উঠেছেও। সে প্রশ্নের উত্তরে অবশ্য রোনালদোর সতীর্থ মিডফিল্ডার রুবেন নেভেস জানিয়ে দিয়েছেন, রোনালদো দারুণ ছন্দে আছেন। মাঠের বাইরের বিতর্ক পাশ কাটিয়ে বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করবেন তিনি।

পর্তুগালের এই মিডফিল্ডার বলেছেন, ‘অনুশীলনে রোনালদোকে দেখে মনে হয়েছে, সে দারুণ ফর্মে আছে। আমরা অন্য কিছু নিয়ে উদ্বিগ্ন নই। দল হিসেবে ভালো খেললেও ব্যক্তিগতভাবে কেউ নিজেকে মেলে ধরতে পারে। আমরা ভালো খেললে রোনালদো বিশ্বকাপে দুর্দান্ত খেলবে।’

ক্লাব ফুটবলে সময়টা ভালো কাটছে না রোনালদোর

আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের মালিক রোনালদো (১১৭)। ক্লাব ফুটবলে করেছেন ৭০১ গোল। নিঃসন্দেহে তিনি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। তাই তাঁর প্রতি সতীর্থদের দৃষ্টিভঙ্গি বিশেষ হওয়ারই কথা।

ব্রুনো ফার্নান্দেজের সঙ্গে সম্পর্কটা আরও ‘বিশেষ’ হওয়াটাই স্বাভাবিক। কারণ, রোনালদোর ক্লাব ও জাতীয় দলের সতীর্থ এই মিডফিল্ডার। তবে ক্লাব নিয়ে রোনালদো অমন বোমা ফাটানোর পর দুজনের সম্পর্কের ছন্দ কেটে গেছে, এমন খবর ডালাপালা মেলেছে।

সঙ্গে পর্তুগালের অনুশীলনে ক্রিস্টিয়ানো রোনালদো ও ব্রুনো ফার্নান্দেসের যে ভিডিও ছড়িয়ে পড়েছিল, তাতে সেই গুঞ্জন অনেকটা সত্যতা খুঁজে পেলেও পেতে পারেন অনেকে। তবে রুবেন নেভেসের দাবি, ড্রেসিংরুমে এমন কিছুই ঘটেনি, ‘আমার মনে হয় না, ড্রেসিংরুমে কেনো ধরনের ঝামেলা আছে। বিতর্ক থাকবেই, তবে সেটা ড্রেসিংরুমের বাইরে, মিডিয়ায়। আমাদের দলের পরিবেশ দারুণ।’