লিগ কাপের ফাইনাল নিশ্চিত করেছে আর্সেনাল
লিগ কাপের ফাইনাল নিশ্চিত করেছে আর্সেনাল

‘সবচেয়ে ভালো ভিটামিন’ পেল আর্সেনাল, ফাইনালে তাকিয়ে বার্সেলোনা

আর্সেনালের দিন কি তবে বদলেছে! সাম্প্রতিক সময়ে দলটির অবস্থা দেখে যে কারও এমন মনে হতেই পারে। প্রিমিয়ার লিগে শিরোপা পুনরুদ্ধারের পথে এগিয়ে থাকা দলটি এবার নিশ্চিত করেছে লিগ কাপের ফাইনালও।

গতকাল রাতে সেমিফাইনালের ফিরতি লেগে চেলসিকে ১-০ গোলে (দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে) হারিয়েছে আর্সেনাল। একই রাতে স্প্যানিশ কাপের কোয়ার্টার ফাইনালে আলবাসেতেকে ২-১ গোলে হারিয়েছে বার্সা। এই আলবাসেতেই এর আগে রিয়াল মাদ্রিদকে কাপের লড়াই থেকে বিদায় করে ইতিহাস গড়ে।

কাপের ৯ম ফাইনালে আর্সেনাল

লিগ কাপের ইতিহাসে প্রিমিয়ার লিগের অন্য শীর্ষ দলগুলোর তুলনায় আর্সেনালের রেকর্ড একেবারে সাদামাটা। সবচেয়ে বেশি ১০ বার এই প্রতিযোগিতার শিরোপা জিতেছে লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির শিরোপা সংখ্যা ৮। বিপরীতে ৮ বার ফাইনাল খেলা আর্সেনালের শিরোপা মাত্র ২টি।

১৯৮৬-৮৭ মৌসুমে প্রথমবার শিরোপা জেতার পর সর্বশেষ দলটি শিরোপা জেতে ১৯৯২-৯৩ মৌসুমে। এরপর অবশ্য আরও তিনবার ফাইনাল খেললেও শেষ পর্যন্ত শিরোপা জেতা হয়নি গানারদের। এবার আবার আর্সেনালের সামনে সুযোগ এসেছে শিরোপা জেতার। আর একটি ম্যাচ জিততে পারলেই ৩৩ বছর পর লিগ কাপের শিরোপার স্বাদ পাবে দলটি।

গতকাল রাতে ফাইনালে ওঠার পথে যোগ করা সময়ে আর্সেনালের হয়ে একমাত্র গোলটি করেন কাই হাভার্টজ। তবে এর আগে প্রথম লেগে ৩-১ গোলে জিতে ফাইনালের পথে এগিয়ে গিয়েছিল আর্সেনাল। ফিরতি লেগের এ ম্যাচের মধ্য দিয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ২০টি ম্যাচে ক্লিনশিট (গোল না খাওয়া) রাখল দলটি।

কাই হাভার্টজের গোল উদ্‌যাপন

ম্যাচ শেষে আর্সেনাল কোচ মিকেল আরতেতা লিগ কাপের ফাইনালে ওঠাকে দলের জন্য এক ‘জাদুকরি’ অর্জন বলে মন্তব্য করেছেন। তাঁর ভাষায়, এই সাফল্যই হলো ‘আমাদের শরীরে দেওয়ার জন্য সবচেয়ে ভালো ভিটামিন’।

আরতেতার অধীনে আর্সেনালের একমাত্র শিরোপা এসেছিল ২০২০ সালের এফএ কাপ ফাইনালে। এই জয়ের আগে টানা চারটি সেমিফাইনালে হেরে যায় তারা। আর্তেতা আরও বলেন, ‘আমরা এখন ফাইনাল থেকে মাত্র এক ম্যাচ দূরে। আমরা যেহেতু তিন দিন পরপর ম্যাচ খেলছি, তাই এটা আমাদের শরীরের জন্য সবচেয়ে ভালো ভিটামিন। তবে সবচেয়ে বড় বিষয় হলো—এই মুহূর্তগুলো অর্জনের জন্য আমরা কতটা পরিশ্রম করেছি এবং সবাই মিলে এমন মুহূর্ত উপভোগ করতে পারছি, সেটাই সত্যিই জাদুকরি।’

আজ রাতে কাপের দ্বিতীয় সেমিফাইনালের ফিরতি লেগে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও নিউক্যাসল ইউনাইটেড। প্রথম লেগে নিউক্যাসলকে ২-০ গোলে হারায় সিটি। এই ম্যাচে জয়ী দলের সঙ্গে ফাইনালে মুখোমুখি হবে আর্সেনাল।

আরেকটি ফাইনালের দ্বারপ্রান্তে বার্সা

কোপা দেল রে-তে সবচেয়ে সফল দল বার্সেলোনা। এই প্রতিযোগিতায় বার্সার আধিপত্য অন্য যেকোনো দলের চেয়ে আলাদা। এই টুর্নামেন্টে তারা নিজেদের মানটা এমনভাবে তুলে ধরে, যা আর কেউ পারে না। এখন পর্যন্ত প্রতিযোগিতায় রেকর্ড ৩২ বার শিরোপা জিতেছে তারা। যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের শিরোপা মাত্র ২০টি।

রিয়ালের সঙ্গে ব্যবধানটা এখন আরও বাড়ানোর স্বপ্ন দেখছে কাতালান ক্লাবটি। গতকাল রাতে কোপা দেল রের সেমিফাইনালে পৌঁছে গেছে তারা। কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় বিভাগের দল আলবাসেতেকে ২-১ গোলে হারিয়েছে তারা। বার্সার জয়ে গোল করেছেন লামিনে ইয়ামাল ও রোনালদ আরাউহো।

বার্সেলোনার গোল উদ্‌যাপন

এর ফলে কোপা দেল রের নকআউট পর্বে (ফাইনাল বাদে) বার্সেলোনা তাদের সর্বশেষ ৫৯ ম্যাচের মধ্যে ৫৪টিতেই জয় পেল। গত ১৫ বছরে এই প্রতিযোগিতায় তারা কেবল দুটি দলের কাছে হেরে বিদায় নিয়েছে। অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ৩ বার এবং রিয়াল মাদ্রিদের কাছে ২ বার।

সেমিফাইনাল নিশ্চিত করার প্রতিক্রিয়ায় বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক বলেছেন, ‘এ ধরনের ম্যাচই আমাদের জিততে হবে। আমরা সেমিফাইনালে উঠেছি এবং এতে আমরা খুশি। ম্যাচটি কঠিন ছিল। আমাদের অনেক সুযোগ তৈরি হয়েছিল। তিন দিন পরপর ম্যাচ খেলেও দল যেভাবে প্রস্তুত থাকে, তাতে আমি গর্বিত। দল সব সময়ই তৈরি থাকে, সব সময়ই প্রস্তুত। আমরা এই জয় প্রাপ্যই ছিল।’