বিশেষ ওই ভেস্ট পরে অনুশীলনে আর্জেন্টিনার দুই ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেজ
বিশেষ ওই ভেস্ট পরে অনুশীলনে আর্জেন্টিনার দুই ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেজ

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, কী আছে এতে

আর্জেন্টিনা দলে এখন স্বস্তির বাতাস। প্রথম ম্যাচেই আলজেরিয়ার বিপক্ষে ৩–০ গোলে জয় এসেছে। পরের ম্যাচটি জিতলে দ্বিতীয় রাউন্ড অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। বিশ্বকাপ ধরে রাখার অভিযানে আসা আর্জেন্টিনা এখন যুক্তরাষ্ট্রের কানসাসে অনুশীলন করছে।

আর্জেন্টিনা দলের অনুশীলনে খেলোয়াড়দের গায়ে বিশেষ ভেস্ট দেখা যাচ্ছে। একই ভেস্ট এর আগে স্পেন দলের অনুশীলনেও দেখা গেছে। কী এই ভেস্ট?

টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়, কানসাসের তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে এই বিশেষ ভেস্টের ব্যবস্থা। ফুটবল মাঠে এ ধরনের ভেস্ট খুব একটা দেখা যায় না, তবে ফর্মুলা ওয়ানের রেসাররা এটা নিয়মিতই পরেন। এটি মূলত ‘কুলিং ভেস্ট’। সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও কাতারের মতো প্রচণ্ড গরম ও আর্দ্রতার ট্র্যাকে রেসাররা নিয়মিত এই ভেস্ট পরেন।

বিশ্বকাপের সময় আর্জেন্টিনা দলের জন্য ভেস্টের ব্যবস্থা করেছে কিট স্পনসর প্রতিষ্ঠান। এর আগে স্পেন দলও এই ভেস্ট পরে অনুশীলন করেছে। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে এই ভেস্টে বেশ কিছু পকেট থাকে, যেখানে কুলিং জেল ব্যবহার করা হয়। প্রচণ্ড গরমে অ্যাথলেটদের শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখে এটি। শুধু শরীরই নয়, পায়ের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে মেসিরা ব্যবহার করছেন বিশেষ ধরনের ‘ইনসুলেটেড বুট’।

এসব প্রযুক্তি নিয়ে স্পেনের ফিজিক্যাল ট্রেনার কার্লোস ক্রুজ জানান, এই ভেস্টগুলো খেলোয়াড়দের শরীরের তাপমাত্রা দ্রুত কমিয়ে এনে ক্লান্তি দূর করতে ও দ্রুত রিকভারির জন্য সাহায্য করে। সাধারণত অনুশীলনের পর ব্যবহার করা হয়। তবে ম্যাচের আগে, বিশেষ করে ওয়ার্মআপ ও মূল ম্যাচ শুরুর মাঝের সময়েও ব্যবহার করা যায়। এতে খেলোয়াড়েরা সতেজ অনুভব করেন ও মাঠে শতভাগ দেওয়ার জন্য প্রস্তুত থাকে।

টিওআইসি স্পোর্টস জানিয়েছে, কানসাসের অনুশীলনে আর্জেন্টিনার ফুটবলারদের বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে। আলজেরিয়ার বিপক্ষে যাঁরা ৪৫ মিনিট বা তার বেশি সময় মাঠে ছিলেন, তাঁরা মূলত ‘রিকভারি ওয়ার্ক’ করেছেন। আর বাকিরা মেতেছিলেন বল ড্রিবলিংয়ে। ২২ জুন গ্রুপের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।