লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ
লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ

ওল্ড ট্রাফোর্ডে ম্যাচ না হলে ওয়াকওভার চান ক্লপ

নতুন মৌসুমে পুরোনো সেই ম্যানচেস্টার ইউনাইটেড। গত মৌসুমটা যেখানে শেষ হয়েছিল, নতুন মৌসুমটা যেন সেখান থেকেই শুরু হয়েছে ওল্ড ট্রাফোর্ডের দলটির। গত মৌসুমের সর্বশেষ দুটি ম্যাচে হেরেছিল ইউনাইটেড। নতুন মৌসুমটা তারা শুরু করেছে টানা দুই হারে।

ভাগ্যের কোনো পরিবর্তন নেই, এটা মেনে নিতে পারছে না ইউনাইটেডের সমর্থকেরা। আর এর জন্য তারা দায় দিচ্ছে দলটির মালিক গ্লেজার পরিবারকে। গত বছরের মতো এবারও তাই গ্লেজারদের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার ইউনাইটেডের সমর্থকেরা।

গত বছরও গ্লেজারদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল ইউনাইটেডের সমর্থকেরা

আগামীকাল ঘরের মাঠে ইউনাইটেড চলতি মৌসুমে লিগে নিজেদের তৃতীয় ম্যাচে লিভারপুলের মুখোমুখি হবে। এ ম্যাচেও হয়তো দলের হার নিশ্চিত ধরে রেখেছে ইউনাইটেডের সমর্থকেরা। ব্রেন্টফোর্ডের মাঠে সর্বশেষ ম্যাচে ৪–০ গোলে হেরে আসার আগে ঘরে ব্রাইটনের কাছে হেরেছে ইউনাইটেড। নিজেদের কিংবা প্রতিপক্ষের মাঠ, লিভারপুলের কাছে তো পাত্তা না পাওয়ারই কথা তাদের!

ইউনাইটেডের সমর্থকেরা তাই এ ম্যাচকেই বেছে নিয়েছে গ্লেজারদের বিরুদ্ধে প্রতিবাদের উপলক্ষ হিসেবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ইউনাইটেডের সমর্থকেরা ঘোষণা দিয়েছে, লিভারপুলের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচের সময় গ্লেজারদের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে তারা।

২০২১ সালের মে মাসেও ওল্ড ট্রাফোর্ডে লিগের ম্যাচের দিন গ্লেজারদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল ইউনাইটেডের সমর্থকেরা। তাদের সেবারের প্রতিবাদ ছিল ইউনাইটেডের ইউরোপিয়ান সুপার লিগে যোগ দেওয়ার বিরুদ্ধে।

সেবার হাজার হাজার ইউনাইটেড–সমর্থক মাঠে ঢুকে পড়েছিল। একটা সময় তারা ড্রেসিংরুমে ঢোকারও চেষ্টা করে। শেষ পর্যন্ত অবশ্য তা পারেনি।

টানা দুই ম্যাচ হেরে শুরু হয়েছে ইউনাইটেডের নতুন লিগ

বিশ্বকাপের বছর বলে এমনিতেই এ মৌসুমে সূচিটা খুব ব্যস্ত। এর মধ্যে স্থগিত হয়ে যাওয়া কোনো ম্যাচের জন্য সময় বের করা খুব কঠিন হবে বলে মনে করেন টানা দুই ড্র দিয়ে নতুন মৌসুম শুরু করা লিভারপুলের জার্মান কোচ ইয়ুর্গেন ক্লপ। তাই ওল্ড ট্রাফোর্ডে ইউনাইটেড–সমর্থকদের প্রতিবাদ কর্মসূচির কারণে ম্যাচ না হতে পারলে ওয়াকওভার চান ক্লপ।

ম্যাচের আগের সংবাদ সম্মেলনে ক্লপ বলেছেন, ‘আশা করছি, এমন কিছু হবে না। কিন্তু যদি এমন কিছু হয়ই (সমর্থকদের প্রতিবাদ কর্মসূচির কারণে ম্যাচ স্থগতি), আমি মনে করি, আমাদের পয়েন্ট দিয়ে দেওয়া উচিত। এ পরিস্থিতি নিয়ে আমাদের কিছু করার নেই। সমর্থকেরা যদি ম্যাচটি হতে দিতে না চায়, তাহলে মহাব্যস্ত এ সূচির মধ্যে আমাদের পক্ষে ম্যাচটি আবার কোথাও ঢোকানো সম্ভব নয়।’