শেষ মুহুর্তের গোলে হার নিয়ে মাঠ ছেড়েছে সেনেগাল
শেষ মুহুর্তের গোলে হার নিয়ে মাঠ ছেড়েছে সেনেগাল

‘ওটা পেনাল্টি ছিল না’

মাঠে সেনেগালের খেলোয়াড়দের প্রতিবাদ আর হতাশা ছিল চোখে পড়ার মতো। শেষ বাঁশি বাজবে কিছুক্ষণের মধ্যে, খেলা যাবে টাইব্রেকারে—এমন মুহূর্তে পেনাল্টি হজম করতে চাইবে না যে কেউই। কিন্তু বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে সেনেগালের বিপক্ষে এমন সিদ্ধান্তই দিয়েছেন রেফারি। সেই পেনাল্টিতে গোল করে বেলজিয়ামকে ৩-২ গোলের জয় এনে দিয়েছেন ইউরি টিলেমান্স।

ম্যাচের পর স্বাভাবিকভাবেই আলোচনায় রেফারির পেনাল্টির সিদ্ধান্তটি। ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিলের মতে, পেনাল্টির সিদ্ধান্তটি সঠিক ছিল না। আইটিভিতে ম্যাচ বিশ্লেষণ করতে গিয়ে নেভিল বলেন, ‘আমার সত্যিই মনে হয় না এটা পেনাল্টি। টিলেমান্স যদি আগে বলে স্পর্শ করতেন, এরপর লাথি খেতেন, তাহলে পেনাল্টি দেওয়া যেত।’

বিতর্কিত ঘটনাটি ঘটে অতিরিক্ত সময়ের একেবারে শেষ দিকে। সেনেগালের লামিনে কামারা বল ক্লিয়ার করতে স্লাইড করেন। কিন্তু বলে স্পর্শ করার আগেই তাঁর পা লাগে টিলেমান্সের সঙ্গে। প্রথমে খেলা চালিয়ে দিলেও পরে ভিএআরের পরামর্শে মনিটরে রিপ্লে দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।

শুধু নেভিলই নন, সিদ্ধান্তটি নিয়ে প্রশ্ন তুলেছেন নাইজেরিয়ার সাবেক অধিনায়ক জন ওবি মিকেলও। তিনি টেলিভিশন অনুষ্ঠানে বলেন, ‘কারা খেলছে, তার ওপর নির্ভর করে যেন এখন খেলার নিয়ম বদলে যায়। অন্য কোনো দল একই কাজ করলে পেনাল্টি দেওয়া হতো না।’