আর্জেন্টিনাকে শিরোপা এনে দেওয়া দুই কিংবদন্তি– ১৯৮৬ সালে ম্যারাডোনা ও ২০২২ সালে মেসি
আর্জেন্টিনাকে শিরোপা এনে দেওয়া দুই কিংবদন্তি– ১৯৮৬ সালে ম্যারাডোনা ও ২০২২ সালে মেসি

মেসিকে ম্যারাডোনার মতো মনে হচ্ছে সিমিওনের

বিশ্বকাপের পর ইউরোপীয় লিগ শুরু হয়েছে পূর্ণোদ্যমে। কিন্তু বিশ্বকাপের আলাপ যেন থামছেই না। ইউরোপের প্রায় সব লিগেরই সংবাদ সম্মেলনে একটা বড় অংশ জুড়ে থাকছে কাতার বিশ্বকাপের বিভিন্ন আলোচনা। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়, মেসি–এমবাপ্পের দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে কথা বলতে যেন অন্য রকম আনন্দই পাচ্ছেন বিভিন্ন দলের কোচরা।

আতলেতিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনের সংবাদ সম্মেলনে মেসি এলেন প্রবলভাবে। লা লিগায় সিমিওনের দলের পরের ম্যাচ বার্সেলোনার সঙ্গে। আজ রোববার আতলেতিকোর মাঠ মেত্রোপলিতানো স্টেডিয়ামে এই দুই দল মুখোমুখি হবে। মেসির স্মৃতি এখনো কাটিয়ে উঠতে পারেনি বার্সেলোনা, এমনকি লা লিগাও। আর্জেন্টাইন কোচ সিমিওনে মেসির সঙ্গে ম্যারাডোনারই তুলনা করেছেন। তাঁর মতে, মেসির একটা দলের ওপর যে প্রভাব, সেটি অনেকটাই ম্যারাডোনার মতো।

আর্জেন্টিনা দলে দীর্ঘ দিন খেলেছেন সিমিওনে। ১৯৯৪ বিশ্বকাপে সিমিওনে খেলেছিলেন ম্যারাডোনার সঙ্গে। যদিও গ্রুপ পর্বের ২ ম্যাচ খেলেই বিদায় নিতে হয়েছিল ম্যারাডোনাকে। নিষিদ্ধ ওষুধ এফিড্রিন সেবনের দায়ে নিষিদ্ধ হয়েছিলেন আর্জেন্টিনার ’৮৬ বিশ্বকাপজয়ী অধিনায়ক।

আতলেতিকো কোচ দিয়েগো সিমিওনে

সতীর্থ হিসেবে দলের ওপর ম্যারাডোনার প্রভাবের চাক্ষুষ সাক্ষী সিমিওনে, ‘আমি যখন ম্যারাডোনার সঙ্গে বিশ্বকাপ খেলেছি, তখন তিনি দলের অভিজ্ঞতম খেলোয়াড়। তিনি থাকলে মনে হতো, আমাদের পক্ষে ম্যাচ হারাটা কঠিন, কারণ, আমরা দারুণ দল। দলে সেরাদের সেরা থাকলে ম্যাচ হারা আসলেই কঠিন।’

মেসি বার্সেলোনা ছেড়েছেন ২০২১ সালে। তাঁর অভাবটা বার্সেলোনা এখনো অনুভব করে। সিমিওনে মনে করেন মেসিহীন বার্সেলোনা এখন প্রতিপক্ষের জন্য আগের চেয়ে অনেক কম হুমকির, ‘মেসির উপস্থিতিটা সব সময়ই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। সেটা আর্জেন্টিনা দল হোক, পিএসজি হোক কিংবা বার্সেলোনা। মেসির মতো একজন খেলোয়াড় থাকলে কোনো দলের জেতার সুযোগটা সব সময়ই বেশি।’

পিএসজিতে এটি মেসির দ্বিতীয় মৌসুম। প্রথম মৌসুমে পিএসজি সাফল্য পায়নি। সাফল্য বলতে চ্যাম্পিয়নস লিগের শিরোপা। এবার আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পর মেসির লক্ষ্য একটাই—পিএসজিকে আরাধ্য শিরোপাটা এনে দেওয়া। এটা জিততে পারলে মেসি যে নিজেকে আসলেই ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাবেন।