গোল করছেন পর্তুগাল ফরোয়ার্ড গনসালো রামোস
গোল করছেন পর্তুগাল ফরোয়ার্ড গনসালো রামোস

উয়েফা নেশনস লিগ

রোনালদোকে ছাড়াই ‘পারফেক্ট’ পর্তুগাল কোয়ার্টার ফাইনালে

পর্তুগাল ২-১ নরওয়ে

কে অপরাধী, সেটা ব্যানারের দুই প্রান্তে ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জ জেসুসের ছবিতেই স্পষ্ট। রোনালদোর ছবিটি একটু বড়। ছবি দুটোর মাঝে বড় করে লেখা ‘ধন্যবাদ, ক্রিস্টিয়ানো রোনালদো।’ পর্তুগাল কোচ জেসুসকে নিয়েও বার্তা আছে। সেটা যে ভালো কিছু না, তা না বললেও চলে।

লিসবন শহরে তিনটি এবং পোর্তোয় এই ব্যানার একটি শোভা পাচ্ছে। পোর্তো শহরেরই মাঠ দ্রাগাও স্টেডিয়ামে যাওয়ার পথে জেসুসের কি তা চোখে পড়েছে? নরওয়ের বিপক্ষে ২-১ গোলে জয়ের পর অবশ্য ব্যানারটি চোখে পড়লে জেসুসের পাত্তা দেওয়ার কথা নয়। রোনালদোর জায়গায় খেলা গনসালো রামোস যে গোল করেই যাচ্ছেন!

নেশনস লিগে আগের তিনটি ম্যাচই জেতা পর্তুগাল প্রথমবারের মতো পয়েন্ট হারানোর শঙ্কায় ছিল ৭৮ মিনিট পর্যন্ত। পরের মিনিটে ভিতিনিয়ার বক্সে বাড়ানো বল জোয়াও ফেলিক্স সামনে ফেললে আলতো টোকায় জয়সূচক গোলটি করেন রামোস।

রোনালদো ওয়েলস ম্যাচের পর আর খেলেননি। রামোস তাঁর জায়গায় নেমে গোল পেলেন এই তিন ম্যাচেই। ‘পারফেক্ট’ পর্তুগালও চার ম্যাচের সবগুলো জিতে উঠল নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে।

তবে ষোলো আনা আনন্দ পায়নি পর্তুগাল। ৮৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পর্তুগালের উইঙ্গার ফ্রান্সিসকো কনসেইসাও। পেনাল্টির আবেদনে ব্যর্থ হওয়ার পর দেখেন প্রথম হলুদ কার্ড। রেফারির সিদ্ধান্তের প্রতিক্রিয়া দেখানোয় কয়েক সেকেন্ডের মধ্যে দ্বিতীয় হলুদ কার্ড দেখে ছাড়েন মাঠ। যোগ করা সময় মিলিয়ে ম্যাচের বাকি ১০ মিনিটে পর্তুগাল ১০ জন নিয়ে খেললেও গোল পায়নি নরওয়ে।

গোলের পর নরওয়ের আয়ান ছুটলেন

পর্তুগালের ওয়েলস ম্যাচে একাদশে ছিলেন রোনালদো। অসলোয় নরওয়ের বিপক্ষে পরের ম্যাচে ছিলেন বেঞ্চে। কোপেনহেগেনে ডেনমার্কের বিপক্ষেও জেসুস তাঁকে বেঞ্চে বসানোর সিদ্ধান্ত জানানোর পর জাতীয় দলের ক্যাম্প চলে যান রোনালদো। দুটি ম্যাচেই গোল করেন পর্তুগিজ কিংবদন্তির জায়গায় একাদশে সুযোগ পাওয়া রামোস। নরওয়ের মাঠে তাঁর গোলেই জেতে পর্তুগাল, জিতল স্বাগতিক হয়েও।

অথচ ম্যাচের আধা ঘণ্টা পেরিয়ে পর্তুগালই পিছিয়ে পড়েছিল। ৩৬ মিনিটে বক্সের ডান কোনার বাইরে থেকে ভলিতে চোখ ধাঁধানো গোল করেন নরওয়ে সেন্টার ব্যাক ক্রিস্টোফ আয়ার। দুই মিনিট পরই ভলির জবাব ভলিতেই দেন কানসেলো। থ্রো ইন থেকে বক্সে বল পেয়ে গোল করেন ডান পায়ের ভলিতে।

গোলের পর কানেসেলো

গ্রুপ এ৪-এর শীর্ষে পর্তুগাল। ৪ ম্যাচে ১২ পয়েন্ট। একই গ্রুপে ওয়েলসের বিপক্ষে ১-০ গোলে জেতা ডেনমার্ক সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে। সমান  ৩ পয়েন্ট করে তৃতীয় ওয়েলস ও চতুর্থ নরওয়ের। নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে গ্রুপের প্রতিটি দল আরও দুটি করে ম্যাচ খেলবে। গ্রুপে শীর্ষ দুটি জায়গার মধ্যে একটি নিশ্চিত করে আগামী বছর মার্চে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটল পর্তুগাল।

দ্রাগাও স্টেডিয়ামের গ্যালারি থেকে দুয়ো শোনার সঙ্গে করতালিও পেয়েছেন পর্তুগাল কোচ জেসুস। ওদিকে মাদ্রিদ থেকে উড়াল দিয়ে সৌদি আরবে ফিরেছেন রোনালদো। নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে তাঁকে পর্তুগালের জার্সিতে আবারও দেখা যাবে কি না কে জানে!