
বাংলাদেশের কাছে ৪-০ গোলে হেরে সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। কিন্তু ম্যাচের ফল নিয়ে কথা বলার চেয়ে সংবাদ সম্মেলনে সাফের ওপর ক্ষোভ উগরে দিতেই বেশি ব্যস্ত ছিলেন শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরি।
সাংবাদিকদের প্রশ্ন নেওয়ার আগেই সাফের আইন বিভাগের প্রধান তানজিম আহমেদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছেন তিনি। একপর্যায়ে কুয়েতের এই কোচ ঘোষণা দিয়েছেন, এটাই সাফ অঞ্চলে তাঁর শেষ আসর।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শুরুতেই বাংলাদেশকে অভিনন্দন জানান মুতাইরি। এরপরই সাফের আইন বিভাগের প্রধানের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, ‘তিনি আমাকে মাঝরাতে ই-মেইল পাঠিয়ে জানিয়েছেন, আমার বিরুদ্ধে তদন্ত হওয়া প্রয়োজন। কেন মাঝরাতে? সকাল ৯টা পর্যন্ত অপেক্ষা করা যেত না?’
মুতাইরির অভিযোগ, ২০২১ সালের সাফেও তাঁর প্রতি অন্যায় করা হয়েছিল। দুই ম্যাচে দুটি হলুদ কার্ড পাওয়ায় তাঁকে ফাইনালে থাকতে দেওয়া হয়নি। অথচ প্রতিযোগিতার নিয়মে এমন কোনো বিধান নেই বলে দাবি তাঁর।
২০২৩ সালের ভারত-পাকিস্তান ম্যাচের প্রসঙ্গ টেনে সাফের দ্বৈতনীতির অভিযোগও করেন তিনি। তাঁর দাবি, ভারতের কোচ পাকিস্তানের এক খেলোয়াড়কে স্পর্শ করলেও সাফ কোনো ব্যবস্থা নেয়নি। অথচ তাঁর সামান্য মন্তব্যের জন্য ছয় মাস বা এক বছর নিষেধাজ্ঞা এবং ১০ হাজার ডলার জরিমানার কথা বলা হচ্ছে।
সাফের পাঠানো ই-মেইলের বক্তব্যও পড়ে শোনান মুতাইরি। সেখানে তাঁর বিরুদ্ধে রেফারির সিদ্ধান্তের সমালোচনা ও ভিডিও সহকারী রেফারির (ভিএআর) কথা উল্লেখ ছিল বলে জানান তিনি।
মুতাইরির দাবি, ১০ ঘণ্টার মধ্যে জবাব চাওয়া হলে তিনি ১৪টি বিষয়ে লিখিত ব্যাখ্যা দিয়েছেন। এরপরও তাঁর বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়ার উদ্যোগ কেন, সেই প্রশ্ন তোলেন তিনি।
একপর্যায়ে ক্ষোভের সুর আরও চড়া হয়। তানজিমের উদ্দেশে বলেন, ‘কিয়ামতের দিন আল্লাহর সামনে যদি আমাদের দেখা হয়, তখন আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। আমি সেদিন আপনার বিরুদ্ধে অভিযোগ জানাব।’
শুধু তা–ই নয়, সাফে আরবদের প্রতি বর্ণবাদী আচরণ করা হয় বলেও অভিযোগ করেন মুতাইরি। তাঁর ভাষায়, ‘আমি বিশ্বাস করি, সাফে সমস্যা আছে। তারা আরবদের পছন্দ করে না।’ এরপরই ঘোষণা দেন, ‘এটাই সাফ অঞ্চলে আমার শেষ আসর।’
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের প্রশ্ন নেওয়ার আগেই সাফের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে এসব অভিযোগ করেন শ্রীলঙ্কার কোচ। যাওয়ার আগে অবশ্য একটি প্রশ্নের উত্তর দেন তিনি। প্রশ্ন ছিল, সবাই আশা করেছিল শ্রীলঙ্কা সেমিফাইনালে উঠবে। কিন্তু বাংলাদেশের কাছে ৪-০ গোলে হারের মতো ফল কি প্রত্যাশিত ছিল?
মুতাইরি বলেন, ‘ফুটবলে সবকিছু মেনে নেওয়ার এবং সবকিছুর জন্য প্রস্তুত থাকার মানসিকতা থাকতে হয়। তবে ওই ই-মেইল পাওয়ার পর থেকেই আমি বুঝতে পেরেছিলাম, আমরা হেরে যাব।’
এরপর সাফের তাড়াহুড়া নিয়ে প্রশ্ন তোলেন তিনি, ‘বিশ্বকাপ চলাকালে ফিফা কি কোনো ব্যবস্থা নিয়েছিল? না। তারা বিশ্বকাপ শেষ হওয়ার পর তদন্ত করেছে। তাহলে তানজিমের এত তাড়া কেন?’
শেষে আবারও নিজের অবস্থান পরিষ্কার করে ধন্যবাদ জানিয়ে সংবাদ সম্মেলন ছাড়েন মুতাইরি।