বেলজিয়ামের জয়ের পর টিমোথি কাস্তানিয়েদের উদ্‌যাপন
বেলজিয়ামের জয়ের পর টিমোথি কাস্তানিয়েদের উদ্‌যাপন

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেন ফিফাকেও হারাল বেলজিয়াম

বেলজিয়াম ৪ : ১ যুক্তরাষ্ট্র

এই ম্যাচে ফোলারিন বালোগানকে খেলানো নিয়ে কথা হয়েছে অনেক। হয়তো আরও হবে।

তবে ম্যাচের আগে বালোগান ইস্যুতে ফিফার আদালতে হেরে গেলেও মাঠের খেলায় তাঁকে ও তাঁর দল যুক্তরাষ্ট্র রীতিমতো পর্যুদস্তই করেছে বেলজিয়াম। সিয়াটলে যুক্তরাষ্ট্রকে ৪–১ গোলের বড় ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে বেলজিয়াম।

যে বালোগানকে খেলার সুযোগ করে দিতে নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছিল ফিফা, সেই তিনি পুরো নব্বই মিনিটে মাত্র ১৯ বার বলে স্পর্শ করতে পেরেছেন।

বড় জয়ে শেষ ষোলোর ম্যাচ জিতে যাওয়া বেলজিয়াম কোয়ার্টার ফাইনালে খেলবে স্পেনের বিপক্ষে।

যুক্তরাষ্ট্রের শেষ বত্রিশের ম্যাচে বসনিয়ার বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন বালোগান। ন্যুনতম শাস্তি হিসেবে এক ম্যাচ তাঁর মাঠের বাইরে থাকার কথা থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনের পর ফিফা তা স্থগিত করে।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে নিষেধাজ্ঞা বহালের আবেদন নিয়ে ফিফায় আপিল করেছিল বেলজিয়াম। তবে ‘ঘটনার সঙ্গে সরাসরি জড়িত নয়’ জানিয়ে তাদের আপিল খারিজ করে দেয় ফিফা। যার ফলে, বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো খেলোয়াড় লাল কার্ড দেখেও পরের ম্যাচেই খেলতে নেমে যান আজ।

তবে পুরো ম্যাচে বেলজিয়ামের রক্ষণভাগ বালোগানকে খুব বেশি নড়াচড়ার সুযোগ দেয়নি।

আগের চার ম্যাচে তিন গোল করা বালোগান বেলজিয়ামের বিপক্ষে সুবিধা করে উঠতে পারেননি

বেলজিয়াম ম্যাচে এগিয়ে যায় নবম মিনিটেই। নিকোলাস রাসকিনের পাস থেকে গোলমুখে টোকায় বল জালে পাঠান চার্লস ডি কেটেলারা। তবে শুরুর ধাক্কা সামলে ৩১ মিনিটে সমতা ফেরায় যুক্তরাষ্ট্র।

মালিক টিলম্যানের নেওয়া ফ্রি-কিক বেলজিয়ান মিডফিল্ডার হান্স ফানাকানের মাথায় লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায় (১-১)। তবে যুক্তরাষ্ট্রের এই স্বস্তি দুই মিনিটের বেশি স্থায়ী হয়নি। ৩৩ মিনিটে লিয়ান্দ্রো ত্রোসারের ক্রস থেকে দুর্দান্ত হেডে নিজের দ্বিতীয় গোল করে বেলজিয়ামকে আবারও এগিয়ে দেন কেটেলারা।

১-২ ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করা যুক্তরাষ্ট্র ৫৭ মিনিটে গোলকিপার ম্যাট ফ্রিজের মারাত্মক ভুলে ম্যাচ থেকে ছিটকে যায়। ফ্রিজ বক্সের বাইরে এসে বল বিপদমুক্ত করতে গিয়ে গড়বড় করে ফেললে সেটি কেড়ে নেন কেটেলারা। তাঁর পাস থেকে প্রায় ৩৫ গজ দূর থেকে ফাঁকা পোস্টে শট নিয়ে ব্যবধান ৩-১ করেন ফানাকান।

দুটি গোল করেছেন চার্লস ডি কেটেলারা

ম্যাচের শেষ মুহূর্তে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আবারও নিজেদের ভুলে গোল হজম করে যুক্তরাষ্ট্র। এ যাত্রায় ক্রিস রিচার্ডসের ভুল পাস থেকে বল কেড়ে নিয়ে রোমেলু লুকাকুকে বাড়িয়ে দেন ফানাকান। বল নিয়ন্ত্রণে নিয়ে কোনাকুনি শটে যুক্তরাষ্ট্রের কফিনে শেষ পেরেকটি ঠোকেন লুকাকু (৪-১)।

এই জয়ে কোয়ার্টার ফাইনালে স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে বেলজিয়াম। সেমিফাইনালে ওঠার লড়াইটি হবে বাংলাদেশ সময় শুক্রবার রাত ১টায়।