লিভারপুলের জার্সিতে শেষ ম্যাচটি খেলার পর মোহাম্মদ সালাহ
লিভারপুলের জার্সিতে শেষ ম্যাচটি খেলার পর মোহাম্মদ সালাহ

ইংলিশ প্রিমিয়ার লিগ

সালাহ-গার্দিওলার বিদায়ের রাতে অবনমন বাঁচাল টটেনহাম

প্রিমিয়ার লিগে একটি অধ্যায় শেষ হলো আজ রাতে। লিভারপুলের হয়ে শেষ ম্যাচ খেলে ফেললেন কিংবদন্তি মোহাম্মদ সালাহ ও অ্যান্ডি রবার্টসন। পেপ গার্দিওলা আজ শেষবারের মতো দাঁড়িয়েছেন ম্যানচেস্টার সিটির ডাগআউটে। গার্দিওলার সঙ্গে আজ সিটি থেকে বিদায় নিলেন পর্তুগিজ মিডফিল্ডার বের্নার্দো সিলভা ও ইংলিশ ডিফেন্ডার জন স্টোনসও। তবে শেষটা গার্দিওলা-সালাহদের ভালো হলো না।

লিভারপুল ১-১ গোলে ড্র করেছে ব্রেন্টফোর্ডের সঙ্গে। আর অ্যাস্টন ভিলার কাছে ইতিহাদে ২-১ গোলে হেরে গেছে ম্যানচেস্টার সিটি। যদিও এমন ফলে দুই দলের কারও কোনো ক্ষতি হয়নি। সিটি রানার্সআপ হয়ে মৌসুম শেষ করেছে আর লিভারপুল পঞ্চম দল হিসেবে প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নস লিগ খেলা নিশ্চিত করেছে।

নটিংহাম ফরেস্টের সঙ্গে ১-১ গোলে ড্র করে ইউরোপা লিগ খেলা নিশ্চিত করেছে বোর্নমাউথ। তাদের সঙ্গী হয়েছে চেলসিকে ২-১ গোলে হারানো সান্ডারল্যান্ড। আর এই ম্যাচে হেরে ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে চেলসি। উয়েফা কনফারেন্স লিগে খেলবে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৩-০ গোলে হারা ব্রাইটন।

সিটির সমর্থকদের কাছ থেকে বিদায় নিলেন কিংবদন্তি কোচ পেপ গার্দিওলা

কোনো চমক মেলেনি অবনমনের লড়াইয়েও। টটেনহাম নিজেদের ম্যাচে এভারটনকে ১-০ গোলে হারিয়ে ১৭ নম্বরে থেকে মৌসুম শেষ করেছে। আর উলভস এবং বার্নলির সঙ্গে অবনমিত হয়ে গেল শেষ ম্যাচে লিডসকে ৩-০ গোলে হারানো ওয়েস্ট হাম ইউনাইটেড।

টটেনহামের খেলোয়াড়দের হাঁপ ছেড়ে বাঁচার আনন্দ

তবে এসব জয়-পরাজয় থেকে দূরে দাঁড়িয়ে আজ অন্যরকম এক উৎসবে মেতেছে আর্সেনাল। ২২ বছর পর শিরোপা পুনরুদ্ধারের পর আজ আনুষ্ঠানিকভাবে ট্রফি বুঝে পেল তারা। ক্রিস্টাল প্যালেসের মাঠে ২-১ গোলে জিতে শুরু হওয়া উদ্‌যাপন চলবে আরও অনেক দিন পর্যন্ত।