বিশ্বকাপের প্রথম ম্যাচে জোড়া গোল করেছেন এমবাপ্পে
বিশ্বকাপের প্রথম ম্যাচে জোড়া গোল করেছেন এমবাপ্পে

এমবাপ্পেকে ঠেকাতে তিন গোলরক্ষক খেলাতে চেয়েছিলেন ইরাকের কোচ

নিউজার্সিতে এবার বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই ইতিহাস গড়েছেন কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের গোলসংখ্যা ছাড়িয়ে গেছেন তিনি। একই সঙ্গে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় আরও ওপরে উঠলেন। শুধু তাই নয়, ফ্রান্স জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও এখন তাঁর দখলে।

২০২২ সালের গোল্ডেন বুট জয়ী এই ফরোয়ার্ডকে থামানো যেন প্রায় অসম্ভব। গ্রুপ আই–এ আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে ইরাক। এই ম্যাচে ফরাসি যুবরাজকে কীভাবে আটকানো যাবে? ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ইরাকের কোচ গ্রাহাম আর্নল্ড মজা করে বললেন, ‘আমি তো (ফিফার কাছে) জিজ্ঞাসা করেছিলাম, আমরা কি একসঙ্গে তিনজন গোলরক্ষক খেলাতে পারি? কিন্তু তারা সাফ না বলে দিয়েছে!’

রিয়াল মাদ্রিদের ২৭ বছর বয়সী স্ট্রাইকার আজ আরও একটি মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন। ইরাকের বিপক্ষে মাঠে নামলেই সেটি হবে ফ্রান্সের হয়ে তাঁর শততম ম্যাচ। ২০১৮ সালের বিশ্বকাপজয়ী এই তারকা বললেন, ‘জাতীয় দলে খেলা সব সময়ই আনন্দের। এর চেয়ে বড় কিছু নেই। শততম ম্যাচ, এটা ঐতিহাসিক। তার ওপর যদি সেটা বিশ্বকাপে হয়, তাহলে আরও বড় ব্যাপার।’

ফ্রান্সের সাবেক অধিনায়ক ও বর্তমান কোচ দিদিয়ের দেশমের ১০৩ ম্যাচের কীর্তি ছুঁতে আর বেশি দূরে নেই এমবাপ্পে। ফ্রান্স যদি টুর্নামেন্টে অনেক দূর এগোয়, দেশমকে ছাড়িয়ে যাবেন তিনি। আর চোট না পেলে ফ্রান্সের হয়ে উগো লরিসের সর্বোচ্চ ১৪৫ ম্যাচের রেকর্ডও ভাঙতে পারেন এমবাপ্পে।