ফুটবল থেকে অবসর নেওয়ার পর খেলোয়াড়েরা কী করেন, কেমন পেশা বেছে নেন? এমন প্রশ্নের জবাবে অনেকেই বলবেন, কেন তাঁরা তো ফুটবলের সঙ্গেই নিজেদের জড়িয়ে রাখেন। কোচ কিংবা কর্মকর্তা, কেউ কেউ ব্যবসাও করেন। তবে এর মধ্যেই বিচিত্র সব পেশা আছে। অবসর নেওয়ার পর বিচিত্র সব পেশায়ও জড়িয়ে পড়েন ফুটবলাররা। সবাই তো আর মিশেল প্লাতিনি, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার কিংবা কার্লো আনচেলত্তি হতে পারেন না!
অবসর নেওয়ার পর কোনো কোনো ফুটবলার এমন পেশাও বেছে নেন, যে জীবনের সঙ্গে ফুটবলের দূরতম সম্পর্কও নেই। আসুন, তেমন কয়েকজন ফুটবলার সম্বন্ধে জেনে নিই।
আলভারো বেনিতো/সংগীতশিল্পী
১৯৯৫ থেকে ২০০২ পর্যন্ত রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে খেলেছেন। বেড়ে উঠেছিলেন রিয়ালের একাডেমিতে। কিন্তু চোটের কারণে ক্যারিয়ার লম্বা করতে পারেননি। রিয়াল থেকে হেতাফেতে ধারে গিয়েছিলেন। কিন্তু ৬টির বেশি ম্যাচ খেলতে পারেননি। খেলাই ছেড়ে দেন। এরপর তিনি মনোযোগ দেন সংগীতে। ধীরে ধীরে সংগীতশিল্পী হিসেবেই নাম করেছেন।
হিদোতেশি নাকাতা/মডেলিং
জাপান ফুটবলের বড় নামই ছিলেন হিদোতেশি নাকাতা। খেলেছেন ১৯৯৮ বিশ্বকাপে। প্রথম জাপানি ফুটবলার হিসেবে খেলেছেন ইউরোপীয় লিগে—ফিওরেন্তিনা, পারমা, পেরুজ্জিয়ায় খেলা নাকাতা মাত্র ২৯ বছর বয়সে খেলা ছেড়ে দেন। এরপর মনোযোগ দেন মডেলিংয়ে। তিনি এখন জাপানে মডেল হিসেবে বেশ ভালোই নাম কামিয়েছেন। একটি দাতব্য সংস্থাও পরিচালনা করছেন নাকাতা। জাপানের হয়ে ৭৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলে নাকাতার গোল ১১টি।
রোমারিও/রাজনীতি
রাজনীতিকে কি ঠিক পেশা বলা চলে? যদি পেশা বলা না যায়, তাহলে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোমারিও ডি সুজা ফারিয়া এখন বলতে গেলে কিছুই করেন না। তিনি রাজনীতি করেন। ১৯৯৪ বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের অন্যতম নায়ক রোমারিও ফুটবল ইতিহাসেরও অন্যতম সেরা স্ট্রাইকার। তিনি এখন পুরোদস্তুর রাজনীতিক। রাজনীতিক হিসেবে প্রায়ই ব্রাজিলের বিভিন্ন ইস্যুতে জ্ঞানগর্ভ মন্তব্য করেন তিনি। ২০১৪ সালে বিশ্বকাপের আয়োজক হিসেবে ব্রাজিলের বিপুল খরচের ঘোর বিরোধী ছিলেন তিনি। আয়োজনে দুর্নীতিরও অভিযোগ তুলেছিলেন। ফুটবল থেকে এখন অনেকটাই দূরে রোমারিও।
আরিয়ান ডি জিউ/গোয়েন্দা
প্রাইভেট ইনভেস্টিগেটর—সত্যজিৎ রায়ের অমর চরিত্র প্রদোষ মিত্র বা ফেলুদার পেশা। ঠিক প্রাইভেট ইনভেস্টিগেটর নাম না হলেও শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘সত্যান্বেষী’ ব্যোমকেশ বক্সীর পেশাও সেটিই। কিন্তু উইগান অ্যাথলেটিক, পোর্টসমাউথ ও কভেন্ট্রি সিটির হয়ে নব্বইয়ের দশকে মাঠ মাতানো নেদারল্যান্ডসের আরিয়ার ডি জিউয়ের ফুটবল ছেড়ে বেছে নিয়েছেন ফেলুদা, ব্যোমকেশদের পেশা। তিনি এখন অপরাধী ধরে বেড়ান।
টমাস ব্রোলিন/ভ্যাকুয়াম ক্লিনার বিক্রি
সুইডেনের হয়ে ১৯৯০ ও ১৯৯৪ বিশ্বকাপ খেলেছেন। দেশের হয়ে ৪৭ ম্যাচে ২৭ গোল তাঁর। ছিলেন সুইডিশ ফুটবলের বড় তারকাই। লিডস ইউনাইটেড, ক্রিস্টাল প্যালেস, এফসি জুরিখ ও পারমার হয়ে খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ ও ইতালীয় সিরি ‘আ’তে। সেই ব্রোলিন এখন ভ্যাকুয়াম ক্লিনার বিক্রি করেন। খেলা ছাড়ার পর থেকেই তিনি ভ্যাকুয়াম ক্লিনারের বিক্রয়কর্মী হিসেবে দিন কাটাচ্ছেন।
হাকান সুকুর/ উবারচালক
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের রাজনৈতিক প্রতিহিংসার শিকার দেশটির অন্যতম সেরা এই ফুটবলার। ২০০২ বিশ্বকাপে তুরস্কের জার্সিতে খেলেছেন। দেশের হয়ে তাঁর সর্বমোট আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা ১১২। গোল করেছেন ৫১টি। বিশ্বকাপে দ্রুততম গোলের মালিকও তিনি। ২০০২ বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলা শুরুর ১০.০৮ সেকেন্ডের মাথায় গোল করেছিলেন। তুরস্ক ম্যাচটি জিতেছিল ৩–২ গোলে। গ্যালাতেসারাই, ইন্টার মিলান, ব্ল্যাকবার্ন রোভার্সের হয়ে খেলা সুকুর খেলা ছাড়ার পর রাজনীতিতে যোগ দিয়েছিলেন। ২০১১ সালে তিনি পার্লামেন্ট সদস্যও নির্বাচিত হয়েছিলেন। এরদোয়ান ক্ষমতায় আসার পর তাঁর বাবাকে গ্রেপ্তার করা হয়। সুকুর পালিয়ে যান যুক্তরাষ্ট্রে। বর্তমানে সেখানেই তিনি উবার চালিয়ে জীবিকা নির্বাহ করেন।
ফাউস্তিনো আসপ্রিয়া /কনডম ব্যবসায়ী
১৯৯৪ বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া বুয়েনস এইরেসে আর্জেন্টিনাকে হারিয়েছিল ৫–০ গোলে। সেই ম্যাচে আসপ্রিয়া জোড়া গোল করেছিলেন। সেবারের বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়ার পারফরম্যান্স সবাইকে এতটাই মুগ্ধ করেছিল যে পেলে পর্যন্ত বিশ্বকাপের হট ফেবারিট বানিয়ে দিয়েছিলেন কলম্বিয়াকে। যদিও কলম্বিয়া বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল। দূষ্কৃতকারীদের হাতে প্রাণ হারিয়েছিলেন আন্দ্রেস এসকোবার, সেটি ভিন্ন গল্প। তবে সেই আসপ্রিয়া এখন পেশা হিসেবে বেছে নিয়েছেন কনডম ব্যবসাকে। কলম্বিয়ার অন্যতম সেরা কনডম ব্র্যান্ডের মালিক আসপ্রিয়া। কলম্বিয়ার জার্সিতে ৫৭ ম্যাচে ২০ গোল তাঁর। খেলেছেন পালমেইরাস, পারমা ও নিউক্যাসল ইউনাইটেডের হয়ে।