ফিফা অনূর্ধ্ব–২০ নারী বিশ্বকাপ জিতেছে স্পেন
ফিফা অনূর্ধ্ব–২০ নারী বিশ্বকাপ জিতেছে স্পেন

আরেকটি বিশ্বকাপ, আবারও চ্যাম্পিয়ন স্পেন

একটা বিশ্বকাপ শেষ হওয়ার পর আরেকটা। বয়সভিত্তিক থেকে সিনিয়র—ফিফার কাছ থেকে একের পর এক ট্রফি নিয়ে যাচ্ছে স্পেন। সর্বশেষ রোববার রাতে উত্তর কোরিয়াকে টাইব্রেকারে হারিয়ে ফিফা অনূর্ধ্ব–২০ নারী বিশ্বকাপ জিতেছে স্পেন। এ মুহূর্তে সিনিয়র ফুটবলের পুরুষ ও নারী বিশ্বকাপ এবং বয়সভিত্তিক ফুটবলের সর্বোচ্চ টুর্নামেন্ট অনূর্ধ্ব–২০ নারী বিশ্বকাপ—সবই স্পেনের দখলে।

ফাইনালের ১২০ মিনিটে কোনো দলই গোলের দেখা না পেলে ম্যাচ টাইব্রেকারে গড়ায়। সেখানে গোলকিপার লাইয়া লোপেজের নৈপুণ্যে ৪–৩ ব্যবধানে জিতে যায় স্পেন।

এটি অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে স্পেনের দ্বিতীয় শিরোপা। এর আগে জিতেছিল ২০২২ আসরে। একই বছর অনূর্ধ্ব–১৭ নারী বিশ্বকাপও জিতেছিল তারা। তার পরের বছরই জিতেছিল ফিফা নারী বিশ্বকাপ। অর্থাৎ দুই বছরের মধ্যে মেয়েদের ফুটবলে অনূর্ধ্ব–১৭, অনূর্ধ্ব–২০ ও সিনিয়র—তিন স্তরেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন।

শিরোপাজয়ের উৎসব স্পেনের মেয়েদের

২০২৪ সালে ফিফা অনূর্ধ্ব–১৭ নারী বিশ্বকাপ জিততে পারলে হয়ে যেত বিরল এক কীর্তি। নারী ফুটবলের সব ট্রফিই থাকত স্পেনের কাছে। তবে টাইব্রেকারে উত্তর কোরিয়ার কাছে হেরে যাওয়ায় তা হয়নি। দুই বছর পর সেই উত্তর কোরিয়াকে টাইব্রেকারে হারিয়েই স্পেনের হাতে অনূর্ধ্ব–২০ নারী বিশ্বকাপের ট্রফি।

সময় হিসাব করলে তিন মাসের মধ্যে দুটি ফিফা ট্রফি জিতল স্পেন। জুলাইয়ে নিউ জার্সিতে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিলেন লামিনে ইয়ামালরা। এবার পোল্যান্ডে অনূর্ধ্ব–২০ নারী বিশ্বকাপও উঠল স্পেনের হাতে।