প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই এখন আর্সেনাল–ম্যানচেস্টার সিটির মধ্যে
প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই এখন আর্সেনাল–ম্যানচেস্টার সিটির মধ্যে

আর্সেনাল না সিটি—কোন দলের পাল্লা ভারী দেখছেন বিশ্লেষকেরা

আর্সেনাল ৭৬, ম্যানচেস্টার সিটি ৭০। প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকায় বেশ বড় ব্যবধানেই এগিয়ে আর্সেনাল। ২০০৪ সালের পর আবারও গানারদের লিগ জয় সময়ের ব্যাপার বলেই মনে হতে পারে। এমনকি অপটার সুপারকম্পিউটারও এই মুহূর্তে আর্সেনালের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ৭৯.৭ শতাংশ বলছে।

কিন্তু সত্যিই কি ম্যানচেস্টার সিটিকে ছাড়িয়ে আর্সেনালই এখন প্রিমিয়ার লিগ শিরোপার দৌড়ে এগিয়ে? পেপ গার্দিওলার দল পয়েন্টে পিছিয়ে থাকলেও তাদের হাতে বাড়তি দুটি ম্যাচ আছে। আর দুটিতেই জেতা মানে পয়েন্ট সমান হয়ে যাওয়া। আর লিগের শেষ দিকে সিটির ফর্ম ধরে রাখতে পারা আর আর্সেনালের ভেঙে পড়ার প্রবণতার বিষয়টি মাথায় রাখলে গার্দিওলার দলকে কি পিছিয়ে রাখা যায়?

ম্যানচেস্টার সিটির নগর-প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডে খেলে তারকা হয়েছেন ওয়েইন রুনি। তাঁর মতে, আর্সেনালই এখন লিগ শিরোপার পরিষ্কার ফেবারিট। আর সিটির সাবেক গোলকিপার জো হার্টের আশা, তাঁর পুরোনো দলই জিতবে।

এবারের মৌসুমে আর্সেনালই দীর্ঘদিন ধরে শিরোপা জয়ের সম্ভাবনা উজ্জ্বল রেখেছে। টানা ২০৯ দিন লিগের শীর্ষে থাকা দলটি সপ্তাহ দুয়েক আগে সিটির কাছে জায়গা হারিয়েছিল। তবে সর্বশেষ দুই ম্যাচে নিউক্যাসল ও ফুলহামকে হারিয়ে মিকেল আরতেতার দল আবার নিজেদের জায়গা শক্ত করেছে। এর মধ্যে শনিবার ফুলহামের বিপক্ষে জয়টি এসেছে ৩-০ ব্যবধানে। এখানে গোল ব্যবধানটি গুরুত্বপূর্ণ।

সিটি ও আর্সেনাল—দুই দলই যদি সমান পয়েন্ট নিয়ে লিগ শেষ করে, গোল ব্যবধান হয়ে উঠবে শিরোপা নির্ধারক। ফুলহামের বিপক্ষে তিন গোল করে আর্সেনাল সিটির চেয়ে ৪ গোল ব্যবধানে এগিয়ে গেছে। আর সেটিকে ইঙ্গিত করেই হয়তো ম্যাচ শেষে আর্সেনাল কোচ বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, তাঁর খেলোয়াড়েরা ‘দেখিয়ে দিয়েছে, আমরা কেমন দল।’

এবারের মৌসুমে আর্সেনাল ১০টি ম্যাচ জিতেছে মাত্র এক গোলের ব্যবধানে। কেউ কেউ তো ‘১-০’ ম্যাচের ‘উইনার’ বলে টিপ্পনীও কেটেছে। সেই প্রেক্ষাপটে মৌসুমের শেষ সময়ে এসে একাধিক গোল পাওয়াটা দলের আত্মবিশ্বাসের জন্যও গুরুত্বপূর্ণ।
অপটার হিসেবে আর্সেনালকে এগিয়ে রাখার অন্যতম কারণ তাদের শেষ দিকের সূচি অনেকটাই সহজ। আগামী শনিবার আরতেতার দলের প্রতিপক্ষ ধুঁকতে থাকা ওয়েস্ট হাম (১৭তম), ১৮ মে ঘরের মাঠে প্রতিপক্ষ এরই মধ্যে অবনমন নিশ্চিত হয়ে যাওয়া বার্নলি, আর ২৪ মে শেষ ম্যাচ ক্রিস্টাল প্যালেসের (১৪তম) মাঠে।

ম্যানচেস্টার সিটির ম্যাচ বাকি পাঁচটি। বেশি ম্যাচ বাকি থাকা মানে সম্ভাবনার সঙ্গে বেশি পা হড়কানোর ঝুঁকিও। গার্দিওলার দলের প্রতিপক্ষ আর্সেনালের মতো নিচের সারির নয়। সোমবার সিটি খেলবে এভারটনের (১১তম) মাঠে। এরপর দলটির অ্যাওয়ে ম্যাচে ষষ্ঠ স্থানে থাকা ব্রেন্টফোর্ড, ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেস, অ্যাওয়ে ম্যাচে অষ্টম স্থানে থাকা বোর্নমাউথ এবং শেষ দিনে ঘরের মাঠে বর্তমানে পঞ্চম স্থানে থাকা অ্যাস্টন ভিলা।

শিরোপা কে জিতবে, তা এখনো অনুমানের বিষয়, তবে রুনি ‘বিবিসি ম্যাচ অব দ্য ডে’তে বলেন, গানাররাই ট্রফি তুলবে। সাবেক ইউনাইটেড তারকা তো আর্সেনাল ‘৫ পয়েন্টের ব্যবধানে অনায়াসেই’ জিততে পারে বলেও ভবিষ্যদ্বাণী করেছেন, ‘আমার মনে হয়, আর্সেনালই জিতবে। তাদের সূচি তুলনামূলক সহজ। তারা প্রতিটি ম্যাচ জিতবে এবং ম্যান সিটি ভুল করবে।’

আরতেতা ও গার্দিওলা এখন শেষের অঙ্ক মেলানোর অপেক্ষায়

তবে সিটির হয়ে ২০১২ ও ২০১৪ সালে লিগ জেতা জো হার্টের অবস্থান ভিন্ন, ‘আর্সেনাল কার কাছে হারবে, তা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। আমি ম্যান সিটির দিকে তাকাই এবং তাদের মেরুদণ্ড অনেক শক্তিশালী। এখানে জিয়ানলুইজি দোন্নারুম্মা, রদ্রি, বের্নার্দো সিলভা, হলান্ডরা আছে। আমার মনে হয় (শিরোপার জন্য), যা যা করা দরকার, তারা ঠিক তা-ই করবে।’

আর্সেনালের সাবেক ফরোয়ার্ড পল মার্সন অবশ্য মনে করেন, লড়াইটা শেষ পর্যন্ত গোল ব্যবধানে গিয়ে পৌঁছাতে পারে। স্কাই স্পোর্টসকে তিনি বলেন, ‘আমি আর্সেনালকে এগিয়ে রাখছি তাদের প্রতিপক্ষের কারণে। আশা করি সিটি, আর্সেনাল দুই দলই তাদের সব ম্যাচ জিতবে। আমার মনে হয়, শিরোপা মীমাংসাটা শেষ পর্যন্ত গোল ব্যবধানে হবে।’

আবার ইংল্যান্ডের সাবেক ফুটবলার জেমি রেডন্যাপ গোল ব্যবধান বিবেচনায় সিটিকেও খুব একটা পিছিয়ে রাখছেন না। সাবেক এই মিডফিল্ডার স্কাই স্পোর্টসে বলেন, ‘ম্যাচ বিবেচনা করলে আর্সেনাল সুবিধাজনক জায়গায় আছে। কিন্তু আমরা সবাই শুধু অনুমানই করছি। ম্যান সিটি কিন্তু যেকোনো দলকে উড়িয়ে দিতে পারে, যেকোনো কিছু ঘটতে পারে। আমার মনে হয়, আর্সেনাল ফেবারিট, তবে ৮০ ভাগ ফেবারিট বলে আমি মনে করি না।’