খেলার তখন দ্বিতীয় মিনিট। বাঁ প্রান্তে ১০ নম্বর জার্সির মানুষটা হাঁটছেন। দৌড় নয়, হাঁটা। যেন তাড়া নেই কোনো। কে জানে, এত বছর ধরে সময়টাই হয়তো তাঁর জন্য অপেক্ষা করছিল।
জায়গাটা ক্যাম্প ন্যু নয়, সান সিরোও নয়। ব্রুনো বেনেল্লি স্টেডিয়াম। ইতালির তৃতীয় বিভাগ সিরি সি-তে রাভেন্না আর ফোর্লির আঞ্চলিক ডার্বি। গ্যালারিতে প্রায় সাত হাজার দর্শক। ১০ নম্বর জার্সিতে রোনালদিনিও। বয়স ৪৬।
২০১৫ সালে ফ্লুমিনেন্সের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন। ২০১৮ সালের জানুয়ারিতে তাঁর ভাই ও এজেন্ট রবার্তো আসিস জানিয়ে দেন, তিনি অবসরে। ১১ বছর পর, রোববার বিকেলে, ইতালির এক ছোট শহরের মাঠে সেই মানুষটাকে দেখা গেল প্রথম একাদশে।
রাভেন্না ইতালিয়ান ফুটবলে বড় কোনো নাম নয়। একাধিকবার দেউলিয়া হওয়ার ইতিহাস আছে, মাঠের সাফল্য বলতে সর্বোচ্চ সিরি বি পর্যন্ত যাওয়া। সেই ক্লাবের প্রেসিডেন্ট ইগ্নাজিও চিপ্রিয়ানি নিজের ‘আইডল’কে মাঠে ফিরিয়ে এনেছেন।
রোববার সকাল থেকেই বেনেল্লির গেটে লম্বা সারি। সব টিকিট শেষ, এমনকি এই দিনের জন্য বানানো অস্থায়ী ‘আর১০’ গ্যালারির প্রায় ১ হাজার ৮০০ আসনও।
গ্যালারিজুড়ে হলুদ-লাল জার্সি, পিঠে ১০ আর তাঁর নাম, স্টেডিয়ামের দোকানে ভিড়। ম্যাচটি দেখানো হচ্ছিল নিউইয়র্কের টাইমস স্কয়ারের বিশাল পর্দায়ও। রোনালদিনিও মাঠে নামতেই ধোঁয়ার কুণ্ডলী, স্পিকারে আন্দ্রেয়া বোচেল্লির গান ‘টাইম টু সে গুডবাই’। রোনালদিনিওর ফেরার দিনে বিদায়ের গান!
এই রোনালদিনিও সেই রোনালদিনিও নন, আর তিনি নিজেও সম্ভবত তা জানতেন। ১৪তম মিনিটে বল পায়ে আসার পর যে পরিস্থিতিতে পড়েছিলেন, আগের দিনের রোনালদিনিও হয়তো কাঁধ ঝাঁকিয়ে ডিফেন্ডারকে থমকে দিতেন। এবার দিলেন একটা নিরাপদ পাস। কিছুক্ষণ পরে বক্সের কিনারায় বল পেয়ে শট নিলেন না, ওয়ান-টু খেলতে গেলেন, আর এক সতীর্থ বলটা সরিয়ে নিলেন তাঁর পা থেকেই।
তবে ৩৬তম মিনিটে দেখা গেল ‘হঠাৎ আলোর ঝলকানি’। প্রতিপক্ষকে শরীরের আড়ালে রেখে বল আগলে ধরলেন রোনালদিনিও, তারপর ঠেলে দিলেন লরেনৎসো লোনার্দির দিকে। লোনার্দির পাস থেকে ডান পায়ের জোরালো শটে জাল কাঁপালেন রাইট ব্যাক দোনাতি। ঠিক অ্যাসিস্ট নয়, ‘প্রি-অ্যাসিস্ট’। গোলের পর সতীর্থদের জড়িয়ে ধরলেন রোনালদিনিও। ইএসপিএনের লাইভ ব্লগে ঠাট্টা করে লেখা হলো, উদ্যাপনে তিনি দৌড়ালেন ম্যাচের অন্য যেকোনো সময়ের চেয়ে একটু বেশি।
এই গোলের গল্পে একটা অদ্ভুত বৈপরিত্য আছে। ছত্রিশ বছর বয়সী দোনাতির সিরি আ-তে অভিষেক হয়েছিল ২০১০ সালের আগস্টে, মিলান-লেচ্চে ম্যাচে। সেদিন তাঁর কাজ ছিল রোনালদিনিওকে আটকানো। ষোলো বছর পর আটকানোর দায়িত্বে থাকা সেই দোনাতিই গোল করলেন রোনালদিনিওর পায়ে শুরু হওয়া আক্রমণ থেকে।
৪০ মিনিটের দিকে ঘটল আরেকটা ছোট্ট ঘটনা। বল কেড়ে নিতে না পেরে রোনালদিনিওকে ফাউল করে বসলেন ফোর্লির একজন। কিন্তু পরক্ষণেই সেই খেলোয়াড় এগিয়ে এসে ক্ষমা চাইলেন, জড়িয়ে ধরলেন। প্রতিপক্ষের জার্সিতেও যেন এক ভক্তের ভালোবাসা।
কথা ছিল আধঘণ্টা খেলার। খেললেন পুরো প্রথমার্ধ। তবে তারুণ্যের সেই পলকা শরীরের ওপর যে সময়ের ধুলো জমতে জমতে ৪৬–এ ভারী হয়ে উঠেছে, সেটি বোঝা যাচ্ছিল গতিবিধিতেই। তবু মাঠ ছাড়ার আগে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন রাভেন্নার সমর্থকদের গ্যালারির সামনে, মাথা নুইয়ে অভিবাদন জানালেন। অতিথি সমর্থকদের গ্যালারির দিকেও হাসিমুখে হাত তুললেন। এরপর বিরতির বাঁশিতে যখন ড্রেসিংরুমে ফিরছিলেন, দাঁড়িয়ে অভিবাদন জানালেন সেই পক্ষ-বিপক্ষের সব দর্শকই। স্টান্ডিং ওভেশন।
ফুটবলে এমন বিকেল তাঁর আগেও এসেছে। ২০০৫ সালের ১৯ নভেম্বর সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনা জিতেছিল ৩-০ গোলে, দুটি গোল করে জয়ের নায়ক ছিলেন রোনালদিনিও। সেদিন শেষ বাঁশির পর দাঁড়িয়ে হাততালি দিয়েছিলেন রিয়ালেরই সমর্থকেরা। ২০২৬ সালের ১৫ নভেম্বর বেনেল্লিতেও করতালি পেলেন প্রতিপক্ষ ফোর্লির সমর্থকদের কাছ থেকে।
২১ বছর আগের করতালি ছিল বিস্ময়ের, এদিন বোধ হয় কৃতজ্ঞতার।
কারণ এই মানুষটাই তো ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিতেছেন। ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে করেছিলেন সেই বিখ্যাত ফ্রি-কিক গোল। ২০০৪ ও ২০০৫ সালে টানা দুবার হয়েছেন ফিফা বর্ষসেরা, দ্বিতীয়টিতে জিতেছেন ব্যালন ডি’অর। পরের বছর বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগ জয়েরও অন্যতম কারিগর তিনি।
আর দুই দশকেরও বেশি সময় পর রোববার বিকেলে সেই মানুষটাই নামলেন ইতালির ছোট্ট এক শহরের মাঠে। যেন আরেকবার মনে করিয়ে দিলেন, কিছু মানুষের কাছে ফুটবলটা শেষ পর্যন্ত খেলা থেকে যায়, পেশা হয়ে ওঠে না।
মাঠ ছাড়ার পরপরই যখন জানতে চাওয়া হলো, এটাই কি শেষ ম্যাচ, তিনি বললেন, জানেন না। প্রেসিডেন্ট ডাকতে থাকলে ফিরতে পারেন। তাঁর আশা, ইতালি ও ব্রাজিল আবার বিশ্বকাপ জেতার মতো ফুটবলে ফিরবে। ফুটবল, তাঁর ভাষায়, জীবনের সবচেয়ে সুন্দর জিনিস।
২৯৯ গোল নিয়ে অবসরে গিয়েছিলেন তিনি। চিপ্রিয়ানির স্বপ্ন, ক্যারিয়ারের শেষ গোলটা হোক রাভেন্নার জার্সিতে। বেনেল্লির এই বিকেলে ৩০০তম গোল আর হলো না।
দেখা গেল না কোনো দুর্দান্ত ফ্রি-কিক, প্রতিপক্ষের কয়েকজনকে কাটিয়ে যাওয়া সেই চেনা ড্রিবলিংও নয়। তবু ৪৫ মিনিট শেষে গ্যালারি যখন দাঁড়িয়ে তাঁকে অভিবাদন জানাচ্ছিল, মনে হচ্ছিল, রোনালদিনিওর জন্য পূর্ণতা আসলে অনেক আগেই এসেছে। এখন তিনি শুধু ফুটবলের আনন্দের এক স্মৃতি।
দ্বিতীয় মিনিটে যে মানুষটা হাঁটছিলেন, তিনি আসলে কোথাও পৌঁছানোর তাড়ায় ছিলেন না। পৌঁছানোর বয়স অনেক আগেই পেরিয়ে গেছে। তিনি এসেছিলেন আরেকবার বলটাকে ছুঁয়ে দেখতে, আর আমাদের আরেকবার ‘আহা’ বলার সুযোগ দিতে।