সোরিয়ার সামনে রেকর্ডের হাতছানি
সোরিয়ার সামনে রেকর্ডের হাতছানি

বিশ্বকাপে রজার মিলার রেকর্ড ভাঙার সুযোগ কি পাবেন সোরিয়া

বিশ্বকাপে ৩২ বছরের পুরোনো রেকর্ড ভাঙার অপেক্ষায় কাতারের অভিজ্ঞ ফরোয়ার্ড সেবাস্তিয়ান সোরিয়া। তাঁর সামনে এখন বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড খেলোয়াড়ের রেকর্ড গড়ার হাতছানি। ৪২ বছর বয়সী এ ফুটবলারকে বিশ্বকাপের ৩৪ সদস্যের প্রাথমিক দলে রেখেছেন কাতার কোচ হুলেন লোপেতেগি।

কাতারের ২৬ সদস্যের চূড়ান্ত দলে জায়গা পেয়ে বিশ্বকাপে খেলার সুযোগ পেলে সোরিয়া পেছনে ফেলবেন ক্যামেরুনের কিংবদন্তি ফুটবলার রজার মিলাকে। ১৯৯৪ বিশ্বকাপে ক্যামেরুনের হয়ে নিজের শেষ বিশ্বকাপ খেলেন মিলা। সে বছর ২৮ জুন রাশিয়ার বিপক্ষে ম্যাচে মাঠে নামার সময় তাঁর বয়স ছিল ৪২ বছর ৩৯ দিন।

উরুগুয়েতে জন্ম নেওয়া সোরিয়ার বয়স এখনই ৪২ বছর ১৮৬ দিন (১৩ মে ২০২৬ পর্যন্ত)। অর্থাৎ, বিশ্বকাপে খেলার সুযোগ পেলে এই টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড খেলোয়াড়ের রেকর্ডটা তাঁর হবে।

সোরিয়ার আন্তর্জাতিক ক্যারিয়ার ২০১৭ সালের পর প্রায় শেষই হয়ে গিয়েছিল। ২০২২ বিশ্বকাপেও তাঁকে দলে নেওয়া হয়নি। তবে গত অক্টোবরে তাঁকে আবার জাতীয় দলে ডাকা হয় এবং কাতারের গুরুত্বপূর্ণ বিশ্বকাপ বাছাই ম্যাচে খেলেন সোরিয়া।

রজার মিলা

সেই ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি নেমে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২-১ গোলের জয়ে অবদান রাখেন। ম্যাচের পর এক ইনস্টাগ্রাম পোস্টে সোরিয়া লিখেছিলেন, ‘আল আনাবি (কাতারের অন্য নাম, যার অর্থ মেরুন) জার্সি আবার পরতে পেরে এবং এই সুন্দর দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত।’ ২০০৪ সালে কাতারের লিগে খেলা শুরু করেন সোরিয়া এবং ২০০৭ সালে জাতীয় দলে অভিষেক হয় তাঁর।

সব পজিশন মিলিয়ে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হলেন মিসরের সাবেক গোলকিপার এসাম এল হাদারি। ২০১৮ বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে ম্যাচে খেলার সময় তাঁর বয়স ছিল ৪৫ বছর ১৬১ দিন।

কাতার আগামী ১৩ জুন সান ফ্রান্সিসকোতে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর ১৯ জুন ভ্যাঙ্কুভারে তারা খেলবে স্বাগতিক কানাডার বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৪ জুন তাদের প্রতিপক্ষ বসনিয়া ও হার্জেগোভিনা। আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ। এবার আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।