‘ও কতটা ভালো ফুটবলার, তা দেখে আমি বিস্মিত’—হুলিয়ান আলভারেজ সম্পর্কে কথাটা বলেছিলেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। প্রতিভাবান এই ফুটবলার বর্তমান সময়ের সেরা কোচদের একজন গার্দিওলাকে মুগ্ধ করেছেন আগেই। মুগ্ধ করেছেন বলেই তো তরুণ এই ফুটবলারকে দলে টেনেছেন এই কোচ!
তবে আর্জেন্টিনার জার্সিতে ঠিক মুগ্ধতা ছড়াতে পারছিলেন না। আর্জেন্টিনার হয়ে ক্যারিয়ারের শুরুর ১০ ম্যাচে করেছিলেন মাত্র ১ গোল। চলতি কাতার বিশ্বকাপেও মেসির সঙ্গে আক্রমণভাগেও স্কালোনির প্রথম পছন্দ ছিলেন না। তবে এখন সময় অনেকটাই বদলে গেছে। গার্দিওলাকে মুগ্ধ করা আলভারেজ মুগ্ধ করেছেন স্কালোনিকেও।
সৌদি আরব ও মেক্সিকোর বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না। তবে লাওতারো মার্তিনেজের ছন্দহীনতায় পোল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুর একাদশে জায়গা পান এই তরুণ ফুটবলার। জায়গা পেয়েই নিজের কার্যকারিতা প্রমাণ করেছেন তিনি।
পোল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে গোল করে দলকে এগিয়ে দেন। পোল্যান্ডের বিপক্ষে গোলটা হয়েছিল ২৮টি পাসে। গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ বাদে আর্জেন্টিনার বাকি ১০ জন খেলোয়াড়েরই অবদান ছিল সেই গোলে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে অবশ্য গোল করেছেন গোলরক্ষককে ফাঁকি দিয়ে, চাপ সৃষ্টি করে।ম্যাচ শেষে আলভারেজ জানিয়েছেন, তিনি সব সময়ই গোলরক্ষককে চাপে রাখতে চান। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই কৌশল সফল হয়েছে দেখেই গোল পেয়েছেন, ‘মানসিক শান্তির জন্য আমাদের ২-০ গোলের জয়টা দরকার ছিল।
গোলরক্ষককে সব সময় চাপে রাখতে চাই, অস্ট্রেলিয়ার বিপক্ষে যেটা পেরেছি। রদ্রিগোকে সঙ্গে নিয়ে গোলরক্ষককে চাপে রেখেছিলাম, ভাগ্যক্রমে যা চেয়েছি, সেটা করতে পেরেছি। দলকে সব সময় সাহায্য করার চেষ্টা করি। ফরোয়ার্ড হিসেবে আমার গোলমুখেই থাকতে হয়, গোল করতে পারলে সেটা দলের জন্য খুবই ভালো।’
ম্যাচের শেষ দিকে অস্ট্রেলিয়া অনেকটা চাপে ফেলেছিল মেসিদের। এমিলিয়ানো মার্তিনেজ ও লিসান্দ্রো মার্তিনেজের অসাধারণ নৈপুণ্যে দুটি নিশ্চিত গোলের হাত থেকে রক্ষা পেয়েছে আর্জেন্টিনা।
যেভাবেই হোক জয় পেয়েই সন্তুষ্ট আলভারেজ, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা জিততে পেরেছি। কিছু সময় আমাদের ভুগতে হয়েছে। এরপরও পুরো দলের জন্য এটা অনেক বড় জয়। দলকে সামনের দিকে নিয়ে যেতে আমরা আমাদের সেরাটা দিতে থাকব।’