অভিষেকেই জোড়া গোল করেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী রোনান সুলিভান
অভিষেকেই জোড়া গোল করেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী রোনান সুলিভান

সাফ অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপ

যুক্তরাষ্ট্রপ্রবাসী সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

বাংলাদেশের জার্সিতে অভিষেক ম্যাচেই আলো ছড়িয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী রোনান সুলিভান। মালদ্বীপের মালের জাতীয় স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে আজ তাঁর জোড়া গোলেই পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে তিন পয়েন্ট নিয়ে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশের যুবারা।

আগামী শনিবার গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। যারা সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টে সাতবার অংশ নিয়ে চারবারই চ্যাম্পিয়ন হয়েছে।

ম্যাচসেরার পুরস্কার হাতে রোনান সুলিভান

শুরুটা অবশ্য ভালো ছিল না। প্রথমার্ধে বাংলাদেশ দলের ফরোয়ার্ডদের খেলা দেখে মনে হচ্ছিল কেউ কাউকে চেনেনই না! মাঠে তাদের মধ্যে কোনো বোঝাপড়াই ছিল না! প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবলই খেলেছে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আর সেই শূন্যতা দেখা যায়নি। তাই দ্রুত গোলও পেয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব–২০ দল।

৫৪ মিনিটে  ফ্রি-কিক থেকে দারুণ এক গোল করেন সুলিভান। পাকিস্তানের গোলরক্ষক বাঁয়ে ঝাঁপিয়েও বলের নাগাল পাননি। ৬৭ মিনিটে আরও একবার রোনান ঝলক দেখেন দর্শকেরা। শেখ সংগ্রামের লম্বা ক্রসে হেডে গোল করে উদ্‌যাপনে মাতেন এই প্রবাসী ফরোয়ার্ড।

তার আগে ৫৬ মিনিটে নাজমুলের বাড়ানো বল গোলকিপারকে একা পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি মোরশেদ আলী। ৬১ মিনিটে পাকিস্তানের রাজা কাজমির লং শট বাংলাদেশ গোলকিপার ইসমাইল লাফিয়ে উঠে আটকানোর মুখেই পাকিস্তানের নাজীব উল্লাহর বাধার মুখে পড়েন। তাতে বল জালে জড়ালেও ফাউলের কারণে রেফারি গোল দেননি পাকিস্তানকে।

এই জয়ে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশের যুবারা

ম্যাচ শুরুর প্রথম ১০ মিনিট তো বাংলাদেশের আক্রমণ থামিয়েই পার করেছে পাকিস্তান। ১১ মিনিটে কর্নার থেকে উড়ে আসা নাজমুল হুদার শট খুঁজে পায়নি নিশানা। ১৩ মিনিটে ডান প্রান্ত ধরে আক্রমণে ওঠা মোরশেদ আলীকে থামিয়ে দেন পাকিস্তানের তিন খেলোয়াড়। ম্যাচের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পাকিস্তানও নিজেদের গুছিয়ে নেয়। ১৫ মিনিটে বাংলাদেশের রক্ষণ ভাঙার চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থই হয়েছে তারা; বাংলাদেশ গোলকিপার ইসমাইল হোসেন দারুণ প্রচেষ্টায় রুখে দেন পাকিস্তানের সেই আক্রমণ।

৩১ মিনিটে ফ্রি-কিক পায় বাংলাদেশ। কিন্তু নাজমুল হুদার শট প্রতিপক্ষ গোলমুখে পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি মোহাম্মদ মানিক; তাঁর শট পোস্টের ওপর দিয়েই চলে যায়। প্রথমার্ধের শেষ ১৫ মিনিটও সুযোগ নষ্টের পাল্লাটাই ভারী করেছে বাংলাদেশ। ৪৪ মিনিটে মোরশেদ আলী প্রতিপক্ষ গোলকিপারকে একা পেয়েও জাল খুঁজে পাননি। বিরতির ঠিক আগ মুহূর্তে নাজমুলের আরেকটি শট পোস্টের ওপর দিয়ে চলে যায়।

সাত দলের লড়াইয়ে দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি করে মোট চার দল যাবে সেমিফাইনালে। ৩ এপ্রিল টুর্নামেন্টের ফাইনাল।

সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টে নিয়মিতই খেলে বাংলাদেশ। ২০১৫ সালে প্রথম অংশ নিয়ে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল তারা। এরপর থেকে অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ পর্যায়ে মোট সাতবার খেলেছে। যার মধ্যে চ্যাম্পিয়ন একবার—২০২৪ সালে। অন্য ছয়বারের মধ্যে রানার্সআপই চারবার।