আগামী মাসে আসিয়ান কাপ খেলবেন হামজারা
আগামী মাসে আসিয়ান কাপ খেলবেন হামজারা

আসিয়ান কাপের প্রস্তুতি নিয়ে রোমাঞ্চ, শঙ্কার কালো মেঘ ঘরোয়া ফুটবল ঘিরে

জাতীয় দল প্রস্তুত হচ্ছে প্রথমবারের মতো ফিফা আয়োজিত আসিয়ান কাপে অংশ নিতে। ইন্দোনেশিয়ায় যাওয়ার রোমাঞ্চ আছে ফুটবলারদের মধ্যে। তবে দেশের ঘরোয়া ফুটবল ঘিরে জমেছে অনিশ্চয়তার কালো মেঘ।

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত আসিয়ান কাপ সামনে রেখে আগামীকাল থেকে বসুন্ধরা কিংস অ্যারেনায় মাঠের অনুশীলনে নামছে জাতীয় দল। প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া ২৮ ফুটবলারের ২৭ জনই কাল যোগ দিয়েছেন। স্ত্রীর অস্ত্রোপচারের কারণে গোলকিপার মিতুল মারমা একটু দেরিতে যোগ দেবেন। প্রবাসী ও বংশোদ্ভূত ফুটবলাররা সরাসরি ইন্দোনেশিয়ায় মূল দলের সঙ্গে যুক্ত হওয়ার কথা। এ প্রেক্ষাপটে আগামীকাল সকালে বাফুফের জাতীয় দল কমিটির এক অনলাইন সভা ডাকা হয়েছে।

আন্তর্জাতিক ব্যস্ততার মধ্যে ঘরোয়া ফুটবল ঘিরে সংকট বাড়ছে। ২১ আগস্ট চ্যালেঞ্জ কাপ দিয়ে নতুন মৌসুম শুরুর কথা ছিল; কিন্তু বাফুফে সে টুর্নামেন্ট বাতিল করেছে দলগুলোর প্রস্তুতির অভাবের কারণে। বসুন্ধরা কিংস ও ফকিরেরপুল ইয়ংমেনস এখনো ফিফার দলবদল নিষেধাজ্ঞামুক্ত হতে পারেনি। তারপরও ক্লাবগুলোকে চিঠি দিয়ে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে নতুন মৌসুম শুরুর কথা জানিয়েছে বাফুফে। তবে ওই একই সময়ে জাতীয় দল ইন্দোনেশিয়ায় থাকবে। ফলে সেরা খেলোয়াড়দের ছাড়া বড় ক্লাবগুলোর মাঠে নামার সম্ভাবনা কমই।

আজ টিম হোটেলে উঠে গেছেন ফুটবলাররা

অক্টোবরের শুরুতে আসিয়ান কাপ থেকে ফেরার কয়েক দিন পরই শুরু হওয়ার কথা সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি। ঢাকায় সাফ হবে আগামী ৪ থেকে ১৭ নভেম্বর। সব মিলিয়ে জাতীয় দলের ব্যস্ততার কারণে ঘরোয়া ফুটবল নিয়ে তৈরি হয়েছে বড় সংকটই। যদিও বাফুফের লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী বলেছেন, ‘আমরা আগামী মাসে ঘরোয়া ফুটবল শুরুর কথা বলেছি। দেখা যাক, কী হয়।’

তবে ‘দেশের স্বার্থকে’ অগ্রাধিকার দিয়ে আবাহনী-মোহামেডান-কিংস তাদের খেলোয়াড়দের জাতীয় দলের ক্যাম্পের জন্য ছেড়ে দিয়েছে। যদিও শোনা যাচ্ছিল, মোহামেডান এখনই তাদের ৯ খেলোয়াড়কে জাতীয় দলের জন্য না-ও ছাড়তে পারে, তবে সে পথে তারা হাঁটেনি। নিজেদের ক্যাম্প শুরু না হওয়ায় মোহামেডান তাদের ফুটবলারদের কাল ক্লাবেরই টিম বাসে ঢাকার এক হোটেলে জাতীয় দলের ক্যাম্পে পাঠিয়ে দিয়েছে। তবে ঘরোয়া ফুটবল শুরু নিয়ে অনিশ্চয়তার কারণে আর্জেন্টাইন বংশোদ্ভূত স্প্যানিশ কোচ দিন কয়েক আগে চূড়ান্ত করলেও এখনই ঢাকায় আনছে না মোহামেডান।

বাংলাদেশ ফুটবল দল

জাতীয় ও অনূর্ধ্ব-২০ দলে এখন মোহামেডানের ১৫ খেলোয়াড় আছেন। তাই অন্যদের নিয়ে ঘরোয়া মৌসুমের জন্য ক্যাম্প করার অর্থ দেখছে না ক্লাবটি। এ ছাড়া বাফুফের সূচির ওপরও মোহামেডানের পুরোপুরি আস্থা নেই। ক্লাবটির পরিচালক মোস্তাকুর রহমান বলেছেন, ‘আগামী মাসের তৃতীয় সপ্তাহে ঘরোয়া ফুটবল শুরুর যে কথা বলেছে বাফুফে, তা কীভাবে হবে আমরা বুঝতে পারছি না। তখন জাতীয় দলের খেলোয়াড় ছাড়া ঘরোয়া ফুটবল খেলা আমাদের পক্ষে অসম্ভব।’

এদিকে ৬ অক্টোবর ঢাকায় প্রস্তাবিত ব্রাজিল-বাংলাদেশ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজন নিয়ে ধোঁয়াশা কাটেনি। সরকার কোনো অর্থায়ন করতে রাজি না হওয়ায় বাফুফে এখন বিভিন্ন স্পনসর খুঁজছে। ব্রাজিলের বিপক্ষে খেলার প্রস্তাব বাফুফে এখনো লুফে নিতে না পারলেও সেপ্টেম্বর-অক্টোবরে ফিফা উইন্ডোতে তিনটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ নিশ্চিত করে ফেলেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। ২৬ সেপ্টেম্বর পানামা এবং ৩ ও ৬ অক্টোবর ব্রাজিল ও উরুগুয়ের মুখোমুখি হবে ভারত।