
এএফসি নারী এশিয়ান কাপে বর্তমান চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ২-০ গোলে হারলেও বাংলাদেশের গোলপোস্টের নিচে এক নতুন তারকার উদয় হয়েছে। অভিজ্ঞ রূপনা চাকমার বদলে কোচ পিটার বাটলারের আস্থায় মাঠে নামা মিলি আক্তার তাঁর লড়াকু পারফরম্যান্স দিয়ে সবার নজর কেড়েছেন। ম্যাচ শেষে মিক্সড জোনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিলি তুলে ধরেন তাঁর রোমাঞ্চকর অভিষেকের অনুভূতি।
চীনের মতো শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নামার সুযোগ পাওয়াটা মিলির কাছে হুট করে আসা কোনো খবর ছিল না। তিনি বলেন, ‘প্রথমে ধন্যবাদ দেব আমাদের কোচিং স্টাফদের। তাঁদের জন্যই হয়তো নিজের পারফরম্যান্স দেখাতে পারছি। আমি এটি অনেক আগে থেকেই জানি। আমি যখন লিগ খেলছি, তখন থেকেই বুঝতে পারছিলাম যে আমি চীনের বিপক্ষে খেলব।’
জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ, তাও আবার এশিয়ার অন্যতম সেরা দলের বিপক্ষে! শুরুতে কিছুটা স্নায়ুচাপ থাকাটাই স্বাভাবিক। মিলি অকপটে স্বীকার করেন, ‘হ্যাঁ, এটি আমার জীবনের প্রথম আন্তর্জাতিক ম্যাচ ছিল, তাই প্রথমে একটু ভয় কাজ করছিল; পরে ঠিক হয়ে গেছে। প্রথমে ভয় লাগলেও পরে আর ভয় লাগেনি। আমি অনেক আত্মবিশ্বাস নিয়ে খেলেছি।’
ম্যাচে ২ গোল হজম করলেও সেটিকে ভয় বা চাপের কারণ হিসেবে দেখছেন না এই তরুণ গোলরক্ষক। মিলির মতে, ‘না, এটি ভয় না; আমাদের ভুল হয়েছে বলেই গোল হয়েছে। আমাদের একটু ঘাটতি ছিল, যা পরের ম্যাচে আমরা কাটিয়ে উঠব। আমরা আজকে যে ভুলগুলো করেছি, পরের ম্যাচে সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব।’
দলের সিনিয়র গোলরক্ষক রূপনা চাকমার সঙ্গে নিজের সুস্থ প্রতিযোগিতার বিষয়েও মিলি ছিলেন বেশ ইতিবাচক। রূপনার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, উনি অনেক সিনিয়র, আমি তাঁকে অনেক সম্মান করি এবং অনুসরণ করি। লড়াই করছি দেখেই তো আজ সুযোগ পেয়েছি।’