
ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তাঁর ক্লাব আল নাসরের সম্পর্কটা কি তবে শেষ হতে চলেছে? আভাস সে রকমই।
গুঞ্জন উঠেছে, সামনের গ্রীষ্মকালীন দলবদলে আল-নাসর ছাড়তে পারেন ‘সিআর সেভেন’। আর তাঁর জায়গায় আরবের মরুভূমি মাতাতে যাবেন লিভারপুলের ‘মিসরীয় যুবরাজ’ মোহাম্মদ সালাহ!
ঘটনার সূত্রপাত রোনালদোর এক ‘বিদ্রোহ’ থেকে। আল নাসরের হয়ে সর্বশেষ দুই ম্যাচে মাঠে নামেননি এই পর্তুগিজ মহাতারকা। কারণটা হলো সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) ওপর তাঁর অসন্তোষ। পিআইএফ মূলত সৌদি আরবের প্রধান চারটি ক্লাব নিয়ন্ত্রণ করে—আল নাসর, আল হিলাল, আল ইতিহাদ ও আল আহলি। রোনালদো মনে করছেন, দলবদলের বাজারে পিআইএফ আল নাসরের চেয়ে আল হিলালের মতো প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে।
গত শুক্রবার আল ইতিহাদের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে ছিলেন না পর্তুগিজ সুপারস্টার। এর আগে খেলেননি আল রিয়াদের বিপক্ষে ম্যাচেও। পরপর দুই ম্যাচে তাঁর অনুপস্থিতির পর থেকেই তাঁর সৌদি আরব ছাড়ার গুঞ্জন ডালপালা মেলতে শুরু করেছে। এদিকে আল নাসরও নাকি তাদের একসময়ের ‘পোস্টার বয়’-এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে।
জানুয়ারির দলবদলের বাজারে আল নাসরের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব আল হিলাল (যাদের মালিকও পিআইএফ) করিম বেনজেমাকে দলে ভিড়িয়েছে। বেনজেমা আল হিলালের হয়ে অভিষেকেই হ্যাটট্রিক করে দলকে লিগ টেবিলের শীর্ষে নিয়ে গেছেন।
এসব ঘটনাই মূলত ক্ষুব্ধ করে তোলে রোনালদোকে। তবে এর পরিণতিতে সতর্কবার্তাও শুনতে হচ্ছে তাঁকে। এরই মধ্যে এক বিবৃতিতে সৌদি প্রো লিগ জানিয়েছে, প্রতিটি ক্লাবই নিজেদের আর্থিক বিষয় স্বাধীনভাবে পরিচালনা করে। লিগের এক মুখপাত্র বলেছেন, ‘সৌদি প্রো লিগের কাঠামো খুবই স্পষ্ট। প্রতিটি ক্লাব একই নিয়মের আওতায় স্বাধীনভাবে পরিচালিত হয়। প্রতিটি ক্লাবের নিজস্ব বোর্ড, নির্বাহী ও ফুটবল ব্যবস্থাপনা রয়েছে। খেলোয়াড় কেনা, ব্যয় ও কৌশল নির্ধারণের সিদ্ধান্ত ক্লাবই নেয়, আর সেটা নির্ধারিত আর্থিক কাঠামোর মধ্য থেকে।’
লিগ কর্তৃপক্ষের দাবি, দলবদলের বাজারে ভারসাম্য বজায় রাখা হচ্ছে এবং মাঠের লড়াইয়ে তার প্রমাণও পাওয়া যাচ্ছে।
এসব ঘটনা বিশ্লেষণ করে সাবেক টটেনহাম কোচ টিম শেরউড মনে করছেন, এই মৌসুমই সৌদি প্রো লিগে রোনালদোর শেষ হতে পারে। তাঁর জায়গা নিতে পারেন লিভারপুলের মোহাম্মদ সালাহ। ‘ক্যাসিনোস্টুগা’কে দেওয়া সাক্ষাৎকারে শেরউড বলেছেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য খারাপই লাগে, তাই না? তিনি প্রতিদিন পাঁচ লাখ পাউন্ড আয় করছেন, অথচ তাঁর মতো করে খেলোয়াড় সই করানো হচ্ছে না—এতে তাঁর খারাপ লাগাটাই স্বাভাবিক। কিন্তু এ নিয়ে অভিমান করা? আমি যদি প্রতিদিন পাঁচ লাখ পাউন্ড পেতাম, তাহলে জিজ্ঞেস করতাম—আপনারা কী চান, কখন চান, আমি করে দেব।’
রোনালদো প্রো লিগ ছেড়ে গেলে তাঁর জায়গায় সালাহকে নেওয়া হবে বলেও মনে করেন শেরউড, ‘সে (সালাহ) দুর্দান্ত খেলোয়াড়। আমি খুশি যে সে এখনো প্রিমিয়ার লিগে আছে। তবে আগামী মৌসুমে সে এখানে থাকবে না। গ্রীষ্মেই চলে যাবে। সম্ভবত সৌদি আরবেই, সবার মতো টাকা কামাতে। আর সে সেখানে গেলে তার চেয়ে বড় তারকা আর কেউ থাকবে না।’