
এ নিয়ে তিনবার। ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি—আনহেল দি মারিয়া যেখানেই যান, ডাকাতেরা যেন তাঁর পিছু ছাড়ে না। এবার ডাকাত দল হানা দিয়েছিল আর্জেন্টাইন এই তারকার তুরিনের বাড়িতে। দি মারিয়ার সঙ্গে বারবার এমন হওয়ায় ভক্তদের মনে প্রশ্ন জাগতেই পারে, এমন কী আছে দি মারিয়ার বাড়িতে?
দুর্বৃত্তরা দি মারিয়ার বাসায় হামলা চালানোর চেষ্টা করে ৬ অক্টোবর সন্ধ্যায়। এ সময়ে দি মারিয়া তাঁর স্ত্রী–সন্তানসহ বাড়িতেই ছিলেন। সঙ্গে ছিলেন জুভেন্টাস সতীর্থ ও প্রতিবেশী দুসান ভ্লাহোবিচ। তবে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ও পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় ডাকাতির চেষ্টা সফল হয়নি।
ইতালিয়ান সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ডাকাত দলে তিন সদস্য ছিল। তারা জোরপূর্বক দি মারিয়ার বাড়িতে ঢোকার চেষ্টা করে। পুলিশ তখনই একজনকে গ্রেপ্তার করে, তবে বাকি দুজন পালিয়ে যায়। সংবাদমাধ্যমগুলো আরও জানিয়েছে, ডাকাতদের থামাতে গুলি ছুড়তে হয়েছে নিরাপত্তারক্ষীদের। তবে তাতে কেউ আহত হয়নি।
আগেই বলা হয়েছে, আর্জন্টাইন এই ফুটবলারের জন্য এমন অভিজ্ঞতা নতুন কিছু নয়। দি মারিয়ার বাসায় প্রথমবার ডাকাতির ঘটনা ঘটে ২০১৫ সালে। ম্যানচেস্টার ইউনাইটেডে থাকতে তাঁর পরিবারকে জিম্মি করে ডাকাতি করেছিল দুর্বৃত্তরা।
ধারণা করা হয়, সেই ঘটনা তাঁর ইংল্যান্ড ছেড়ে যাওয়াতেও বড় ভূমিকা রেখেছিল। এরপর পিএসজির হয়ে খেলার সময়ে গত বছর আর্জেন্টাইন তারকা মাঠে থাকতেই জানতে পারেন, আবারও ডাকাতি হয়েছে তাঁর বাড়িতে। সেবারও দুর্বৃত্তরা তাঁর স্ত্রী ও সন্তানকে জিম্মি করে ডাকাতি করেছিল। আগের দুবারের সঙ্গে পার্থক্য হলো, এবার বাড়িতে ঢোকার আগেই ডাকাতদের থামানো গেছে।
পিএসজি ছেড়ে চলতি মৌসুমে জুভেন্টাসে যোগ দিয়েছেন দি মারিয়া। ভালোই খেলছেন সেখানে। চ্যাম্পিয়নস লিগে ম্যাকাবি হাইফার বিপক্ষে দলের জুভেন্টাসের ৩-১ ব্যবধানের জয়ে দলের তিনটি গোলই বানিয়েছেন দি মারিয়া। মাঠে ভালো সময় কাটালেও এমন ঘটনায় মাঠের বাইরে দি মারিয়ার মোটেই ভালো থাকার কথা নয়।