কঠিন পরীক্ষায় আজ মুলাররা
কঠিন পরীক্ষায় আজ মুলাররা

কাতার থেকে উৎপল শুভ্র

সেই দুঃস্বপ্ন চোখ রাঙাচ্ছে জার্মানিকে

আজ স্পেনের বিপক্ষে না জিতলে বিপদ জার্মানির। বিদায়ঘণ্টা বাজতে পারে প্রথম রাউন্ড থেকেই।

এই বিশ্বকাপে জার্মানির প্রথম ম্যাচের আগে কী বলেছিলেন, ইয়োশুয়া কিমিখের তা মনে আছে তো! না থাকার কোনো কারণ নেই। তবে তা ভুলে জার্মান রাইটব্যাক এখন ড্রেসিংরুমে নিশ্চয়ই অন্য কথা বলছেন বলে অনুমান করি। আরে, প্রথম ম্যাচে হারলেই কী আসে যায়! ২০১০ বিশ্বকাপের কথা মনে নেই?

পরিস্থিতি ভেদে কখনো কখনো একই ঘটনার দুই রকম অর্থ তো করাই যায়। তা আগে কী বলেছিলেন কিমিখ? বলেছিলেন, প্রথম ম্যাচে জেতাটা খুব জরুরি। গত ইউরোতে প্রথম ম্যাচ হারার পর জার্মানির আর শিরোপা জেতা হয়নি।

২০১৮ বিশ্বকাপ পর্যন্ত আর যাননি কিমিখ। সেবারও প্রথম ম্যাচে হেরেছিল জার্মানি। যেটির মূল্য দিতে হয়েছিল ৮০ বছর পর প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়ে।

জাপানের কাছে প্রথম ম্যাচে হেরে বসার পর জার্মানিকে এবারও চোখ রাঙাচ্ছে সেই দুঃস্বপ্ন। পরপর দুই বিশ্বকাপে জার্মানির প্রথম রাউন্ডে বিদায় নেওয়ার প্রায় অবাস্তব সম্ভাবনা নিয়েও আলোচনা হচ্ছে। শেষ পর্যন্ত সেই সম্ভাবনা যদি বাস্তবে রূপ নিয়েই ফেলে, আলোড়নটা শুধু জার্মান ফুটবলেই সীমাবদ্ধ থাকবে না। কাঁপিয়ে দেবে বিশ্ব ফুটবলকেই। বিশ্বকাপ ফুটবল ইতিহাসের সফলতম দল বলে কথা!

সফলতম দল? ব্রাজিল তাহলে কোথায় গেল! হ্যাঁ, সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হওয়ায় ব্রাজিলও এই স্বীকৃতির দাবিদার। তবে পারফরম্যান্সের ধারাবাহিকতা চিন্তা করলে জার্মানির ধারেকাছে আর কেউ নেই। আটবার ফাইনাল তো ব্রাজিলও খেলতে পারেনি। আরেকটু বিস্তারিত বললে জার্মান-মহিমা আরও বেশি বোঝা যাবে। ১৯৬৬ থেকে ১৯৯০—সাতটি টুর্নামেন্টের ছয়টিরই অন্তত সেমিফাইনালে ছিল জার্মানি, এর পাঁচবারই খেলেছে ফাইনালে। ২০০২ থেকে ২০১৪ পর্যন্ত টানা চার বিশ্বকাপেই ছিল সেমিফাইনালে, দুবার ফাইনালেও উঠেছে।

এর সবই পুরোনো ইতিহাস। তবে বিপদে পড়লে এসব থেকেই প্রেরণা খোঁজে দলগুলো। জার্মান কোচ হান্সি ফ্লিকের কথাবার্তা শুনে মনে হলো, তিনিও তা-ই খুঁজছেন। চিরন্তন জার্মান লড়াকু চরিত্রই তাঁর ভরসা। যে কারণে চাপের কথা বলায় অবলীলায় উত্তর দিচ্ছেন, ‘এসবে আমাদের অভ্যাস আছে। এমন অবস্থা থেকে আমরা অনেকবারই ফিরে এসেছি।’

কথাটা মিথ্যা নয়। জার্মান ফুটবল সম্পর্কে গ্যারি লিনেকারের সেই অমর উক্তিটার জন্ম তো আর এমনিতেই হয়নি। ফুটবল ২২ জনের খেলা, শেষ পর্যন্ত যাতে জার্মানি জেতে—কম দুঃখে কি আর এ কথা বলেছিলেন ইংলিশ স্ট্রাইকার!

দারুণ ছন্দে আছে স্পেন

তবে জার্মান-যন্ত্রও কখনো কখনো বিকল হয়। গত বিশ্বকাপে যেমন হয়েছিল, গত ইউরোতেও। এবার চ্যালেঞ্জটাও অনেক বড়। প্রথম ম্যাচে অপ্রত্যাশিত পরাজয়ে হতচকিত জার্মানিকে মুখোমুখি হতে হচ্ছে প্রথম ম্যাচে চোখজুড়ানো ফুটবল খেলা স্পেনের। যাদের কথাবার্তায় মনে হচ্ছে, পরের রাউন্ডে ওঠা নিশ্চিত করা ছাড়াও বাড়তি কিছু মিশন আছে এই ম্যাচে। বুন্দেসলিগার দল লাইপজিগে খেলেন দামি অলমো। যে ম্যাচ হারলেও স্পেনের পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকবে, সেই ম্যাচটিকে কেন যেন ‌‘ফাইনাল’ বলে ঘোষণা করেছেন এই মিডফিল্ডার। করার পর বলেছেন,‌‘কোয়ালিফাই করাটাই প্রথম লক্ষ্য, তবে...’। এই ‘তবে’ আর এর পরের ডটগুলোর অর্থ অনুমান করাই যায়। জার্মানিকে বিদায় করে দেওয়া।

আসেনসিও যেমন পরিষ্কারই বলে দিয়েছেন, পরের রাউন্ডে যেতে ‌‘এই করতে হবে-ওই করতে হবে’ জাতীয় কোনো সমীকরণ নিয়ে জাপানের বিপক্ষে শেষ ম্যাচে নামতে চান না। ব্যাপারটা জার্মানির বিপক্ষে ম্যাচেই সেরে ফেলতে চান।

প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর প্রথম রাউন্ডেই বিদায় নেওয়ার উদাহরণ তো অনেক। তবে চ্যাম্পিয়ন হওয়ার উদাহরণ একটাই। বড় দলগুলো প্রথম ম্যাচে হেরে গেলেই যে ইতিহাস থেকে প্রেরণা খোঁজে। কিমিখও খুঁজছেন বলে লেখার শুরুতেই যে অনুমান। মজাটা হলো, সে জন্য কিমিখ ও জার্মানিকে কিনা হাত পাততে হচ্ছে আজকের ম্যাচের প্রতিপক্ষের কাছে। ২০১০ সালে সুইজারল্যান্ডের কাছে প্রথম ম্যাচে হেরে যাওয়ার পরও চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। আর্জেন্টিনা সৌদি আরবের কাছে হার দিয়ে বিশ্বকাপ শুরু করার পর যে ইতিহাস নিয়ে অনেক চর্চা হয়েছে। জার্মানি প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর আরও বেশি।

ফ্লিক পারবেন কৌশলের জাদু দেখাতে

স্পেনের মতো চ্যাম্পিয়ন হতে পারেনি, তবে প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর ফাইনাল খেলার অভিজ্ঞতা আছে আর্জেন্টিনা-জার্মানি দুই দলেরই। ১৯৯০ বিশ্বকাপে ক্যামেরুনের কাছে হেরেও ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। ১৯৮২ বিশ্বকাপে আলজেরিয়ার কাছে হেরেও জার্মানি।

যদিও জার্মানির ব্যাপারটা খুব সহজ-সরল ছিল না। গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হয়েছিল জার্মানি। গ্রুপের অন্য দুই দল আলজেরিয়া ও চিলির ম্যাচটা আগের দিনই হয়ে গেছে। সমীকরণটা এমন যে জার্মানি এক বা দুই গোলে জিতলেই অস্ট্রিয়াকে নিয়ে তারা উঠে যাবে পরের রাউন্ডে। বাদ পড়ে যাবে আলজেরিয়া।

১০ মিনিটের মধ্যেই জার্মানি গোল করে ফেলে। বাকি সময়টা ঘুমপাড়ানি ফুটবল খেলে যায় দুই দল। ম্যাচটা হয়েছিল গিহনে। যে কারণে এটির নাম হয়ে আছে ‌‘গিহনের কেলেঙ্কারি’।

এখন তো আর এমন কিছু হওয়ার সুযোগ নেই। তবে টানা দ্বিতীয়বারের মতো জার্মানি যদি প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয়, অন্য অর্থে সেটিকে ‌‘কেলেঙ্কারি’ বলতেই পারেন!