ইসরায়েল ফুটবল দলকে কড়া নিরাপত্তা
ইসরায়েল ফুটবল দলকে কড়া নিরাপত্তা

প্যারিস অলিম্পিক  

১০০০ পুলিশ থাকবে ইসরায়েলের ম্যাচে

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছেন, প্যারিস অলিম্পিকের ফুটবল ইভেন্টে ইসরায়েল ও মালির মধ্যকার ম্যাচে প্রায় ১ হাজার পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হবে। বাংলাদেশ সময় আজ রাত ১টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে প্রতিবাদের আশঙ্কা থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পার্ক দে প্রিন্সেসে ইসরায়েল–মালি ম্যাচ এবং লিঁওতে ইউক্রেন–ইরাক ম্যাচকে উচ্চ ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে ফ্রান্সের নিরাপত্তা বাহিনী। ইউক্রেন–ইরাক ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়। বিএফএম টেলিভিশন ও আরএমসি রেডিওকে দারমানিন বলেছেন, ‘সব প্রতিযোগিতারই নিরাপত্তা পরিকল্পনা থাকে। কিন্তু এটা সত্যি যে এ দুটি ম্যাচ, বিশেষ করে পার্ক দে প্রিন্সেসের ম্যাচে নিরাপত্তা এবং সন্ত্রাসবিরোধী ব্যূহ থাকবে। আজ রাতে পার্ক দে প্রিন্সেসে হাজারখানেক পুলিশ কর্মকর্তা থাকবেন, যাঁরা নিশ্চিত করবেন আমরা খেলাধুলার জন্যই সেখানে আছি।’

প্যারিস অলিম্পিকে অংশ নিতে যাওয়া ইসরায়েলের সব অ্যাথলেটকে ২৪ ঘণ্টা ব্যক্তিগত নিরাপত্তাকর্মী দেবে ফ্রান্সের এলিট পুলিশ বাহিনী। অলিম্পিক ভিলেজ কিংবা ভিলেজ ছেড়ে অ্যাথলেটরা বাইরে গেলেও তাঁদের সঙ্গে নিরাপত্তাকর্মী থাকবেন।
বার্তা সংস্থা এএফপিকে ফরাসি পুলিশের একটি সূত্র জানিয়েছে, নিরাপত্তা বাহিনী আজ ‘স্টেডিয়ামে বিশৃঙ্খলা ও প্রতিবাদী কর্মসূচির শঙ্কা’য় রয়েছে। সূত্র আরও জানিয়েছে, ‘গ্যালারি থেকে অপমানজনক ভাষাও ব্যবহার করতে পারেন’ দর্শকেরা কিংবা জাতীয় সংগীতের সময় পতাকা প্রদর্শনের পাশাপাশি দুয়োও দেওয়া হতে পারে।

সাম্প্রতিক সময়ে ইসরায়েলকে নিয়ে প্রতিবাদে মুখর হয়েছে ফ্রান্সের সক্রিয় গোষ্ঠী ইউরোপ্যালেস্টাইন। তারা ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানকে জানিয়েছে, গাজায় ‘গণহত্যা’র প্রতিবাদে স্টেডিয়ামের ভেতরে শান্তিপূর্ণ প্রতিবাদের পরিকল্পনা করা হয়েছে।

প্যারিসে তৎপর নিরাপত্তারক্ষীরা

গাজায় যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলকে প্যারিস অলিম্পিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল ফিলিস্তিন। কিন্তু আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রধান টমাস বাখ ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ গতকাল ফিলিস্তিনের এই দাবি নাকচ করে দেন। বাখ নিজেকে ‘রাজনৈতিক ব্যবসা’য় জড়াবেন না জানিয়ে বলেছেন, ‘আইওসির অবস্থান খুব পরিষ্কার। আমাদের দুটি জাতীয় অলিম্পিক কমিটি আছে। বিশ্বরাজনীতির সঙ্গে এটাই পার্থক্য এবং এ বিষয়ে তারা শান্তিপূর্ণভাবে সহ–অবস্থান করছে।’

ফ্রান্সের টিভি চ্যানেল ‘ফ্রান্স ২’কে প্রেসিডেন্ট মাখোঁ বলেছেন, ‘আমাদের দেশে ইসরায়েলি অ্যাথলেটদের স্বাগতম। তাদের অবশ্যই নিজ পতাকার অধীনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, কারণ অলিম্পিক মুভমেন্ট এই সিদ্ধান্ত নিয়েছে।’

মাখোঁ আরও বলেছেন, তাদের নিরাপত্তা দেওয়াটা ফ্রান্সের দায়িত্ব। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ নিশ্চিত করেছেন, শুক্রবার অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন। মাখোঁ জানিয়েছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিত নেতানিয়াহুকেও উদ্বোধনী অনুষ্ঠানে ‘স্বাগত’ জানাতেন কিন্তু যুক্তরাষ্ট্রে অবস্থান করায় তিনি সম্ভবত যেতে পারবেন না।

ফিলিস্তিন অলিম্পিক কমিটি এর আগে ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে আইওসিকে চিঠি পাঠিয়েছে। গাজায় বোমাবর্ষণে অলিম্পিকের ‘ট্রুস’ (আয়োজক শহর যেন আক্রমণের শিকার না হয় এবং অ্যাথলেটরা যেন নিরাপদে অংশ নিয়ে বাড়ি ফিরতে পারেন) ভেঙেছে ইসরায়েল—চিঠিতে এই অভিযোগ করেছিল ফিলিস্তিন।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে ৯ মাসের যুদ্ধে অন্তত ৩৯০৯০ জন নিহত হয়েছেন। মাখোঁ মনে করেন ‘আত্মরক্ষা করার অধিকার’ আছে ইসরায়েলের। তবে গাজায় অবিরাম বোমাবর্ষণকে ‘অগ্রহণযোগ্য’ও বলেছেন মাখোঁ।