নিউয়েলস ওল্ড বয়েজ—লিওনেল মেসির ক্যারিয়ারের সঙ্গে নামটা ভালোভাবেই জড়িয়ে আছে। মেসি নিজেও ক্যারিয়ারের শেষ দিনগুলোতে তাঁর শৈশবের এই ক্লাবে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তাই তো এখনো মেসি তাঁর ক্যারিয়ারের শেষ কোন ক্লাবে করবেন, এমন প্রশ্নে নিউয়েলস ওল্ড বয়েজের নামটাও আসে। এমনিতেই বিভিন্ন কারণে এই সম্ভাবনা কমে যাচ্ছে। মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর পরিবারের মালিকানাধীন রোজারিওর সুপারমার্কেটে দুর্বৃত্তদের হামলার পর সেই সম্ভাবনা কমছে আরও। এমনটাই মনে করছেন নিউয়েলস ওল্ড বয়েজের কোচ গ্যাব্রিয়েল হেইঞ্জ।
গতকাল রোজারিওর সান্তা ফের সুপারমার্কেটে ১৪টি গুলি করা হয়েছে বলে জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম কাদেনা ৩ রোজারিও। যদিও গুলি করার সময় মার্কেট বন্ধ ছিল। হামলার পর চলে যাওয়ার আগে রাস্তায় একটি কাগজ ফেলে যায় দুর্বৃত্তরা। সেই কাগজেই মেসির প্রতি দেওয়া হুমকি ছিল। মেসিকে হুমকি দেওয়া লেখাটা ছিল এ রকম, ‘মেসি, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। (রোজারিওর মেয়র) পাবলো ইয়াভকিন নিজেই মাদক চোরাচালানকারী। সে তোমাকে বাঁচাতে পারবে না।’
এ ঘটনায় নিউয়েলস ওল্ড বয়েজ ক্লাব থেকে মেসিকে দূরে সরিয়ে নিচ্ছে, এমন দাবি করে আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার হেইঞ্জ বলেছেন, ‘এ ঘটনা সব মানুষের কাছে স্পষ্ট করে দিয়েছে যে এখানে কী চলছে। অবশ্যই এ ধরনের ঘটনা মেসিকে ক্লাব থেকে দূরে সরিয়ে নিচ্ছে। আমরা এই বিষয়টা নিয়ে এখন কথা বলছি, কারণ এখানে মেসি জড়িত। কিন্তু অন্য অনেকেই আছে, যারা আর্জেন্টিনায় ফিরতে চায়।’
একসময় মেসির সতীর্থ ছিলেন গ্যাব্রিয়েল হেইঞ্জ। ২০০৫ থেকে ২০১০ সাল—এ সময় মেসির সঙ্গে আর্জেন্টিনার ড্রেসিংরুম ভাগাভাগি করেছেন হেইঞ্জ। মেসির সাবেক এই সতীর্থ পুরো বিষয়টাকে দেখছেন পাগলামি হিসেবে, ‘সে আমাদের খেলোয়াড় বলে তাকে নিয়ে কথা বলছি, আমার সঙ্গে মেসির সম্পর্কটাও একটা কারণ। আসলে পুরো বিষয়টা একটি পাগলামি, এটা অনেক কিছু নিয়ে ভাবতে বাধ্য করবে।’