ভোজিনিয়ার জন্য নিয়মই পাল্টে গেল!
ঘটনাটি ঘটেছে চিলির ক্লাব ফুটবলে। দেশটির পেশাদার ফুটবল অ্যাসোসিয়েশনের নিয়ম অনুযায়ী, কোনো ফুটবলার জার্সিতে ডাকনাম বা ছদ্মনাম ব্যবহার করতে পারবেন না।
তবে কেপ ভার্দের গোলকিপার ভোজিনিয়ার জন্য এ নিয়মে পরিবর্তন এনেছে তারা। অর্থাৎ ভোজিনিয়া চিলির ক্লাব কোলো কোলোতে যোগ দিলে জার্সিতে নিজের ডাকনাম ব্যবহার করতে পারবেন।
বিশ্বকাপে চমক দেখানো ভোজিনিয়ার আসল নাম জোসিমার হোসে এভোরা দিয়াস। তাঁর জার্সিতে ডাকনাম ব্যবহারের অনুমতি দিতে চিলির শীর্ষ ক্লাবগুলোর প্রতিনিধিরা একজোট হয়ে আবেদন করেছিলেন।
গত শুক্রবার চিলির শীর্ষ ফুটবল লিগ প্রিমেরা ডিভিশন পরিচালনাকারী সংস্থা এএনএফপি সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত অনুমোদন করে। তবে ভোজিনিয়াকে নিয়ে এখনই জটিলতা কাটছে না। কারণ, জার্সির বিষয়টির সমাধান হলেও চিলিতে ভোজিনিয়ার পৌঁছানো নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা।
চিলির সবচেয়ে সফল ক্লাব কোলো কোলো এক সপ্তাহ আগে ৪০ বছর বয়সী ভোজিনিয়াকে দলে নেওয়ার ঘোষণা দেয়। পরিকল্পনা অনুযায়ী, গত মঙ্গলবার তাঁর সান্তিয়াগোতে পৌঁছানোর কথা ছিল। কিন্তু ভিসাসংক্রান্ত জটিলতায় তাঁর যাত্রা পিছিয়ে বৃহস্পতিবার নির্ধারণ করা হয়। শেষ পর্যন্ত বৃহস্পতিবারও তিনি বিমানে ওঠেননি। এতে ক্লাব ও সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
এমন পরিস্থিতিতে কোলো কোলোর পরিচালক হেইমে পিসারো জানিয়েছেন, ভোজিনিয়ার সঙ্গে চুক্তি বাতিল হয়নি। বৃহস্পতিবার রাতে তিনি বলেন, ‘কয়েক মিনিট আগেও আমরা তাঁর এজেন্টের সঙ্গে কথা বলেছি।’
পিসারো জানান, কিছু ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য ভোজিনিয়া অতিরিক্ত সময় চেয়েছেন। তবে সমস্যাগুলো নিয়ে বিস্তারিত জানাননি তিনি।
কোলো কোলোর সভাপতি আনিবাল মোসা স্বীকার করেন, ভোজিনিয়ার সঙ্গে চুক্তিতে এখনো সই হয়নি। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, জার্সিতে নিজের ডাকনাম ব্যবহারের অনুমতি পাওয়াই চুক্তিতে সই করার ক্ষেত্রে ভোজিনিয়ার অন্যতম প্রধান শর্ত ছিল।
গতকাল শুক্রবার কোলো কোলোর কোচ ফের্নান্দো ওরতিজ জানান, ভোজিনিয়ার সঙ্গে তাঁর সরাসরি কথা হয়েছে।
সংবাদ সম্মেলনে ওরতিজ বলেন, ‘আমাদের কথা হয়েছে। এটুকু বলতে পারি, তিনি চিলিতে আসা নিয়ে বেশ খুশি। এমনিতে তিনি খুব একটা আবেগ প্রকাশ করেন না, তবে এখানে আসা নিয়ে রোমাঞ্চিত। অবশ্যই তাঁর ব্যক্তিগত বিষয় আছে দেখাশোনার জন্য।’
ওরতিজ আরও বলেন, ‘আমাদের লিগে তাঁর মতো তারকাকে নিয়ে আগ্রহ থাকা স্বাভাবিক। আশা করি, তিনি দ্রুত সব ঝামেলা কাটিয়ে উঠবেন, যাতে তাঁকে আমরা দলে পাই।’
সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকলেও চিলিতে যাওয়া নিয়ে ভোজিনিয়া নিজে এখনো কিছু বলেননি। তবে এ নিয়ে উদ্বিগ্ন নন কোচ ওরতিজ। সবকিছু ঠিকঠাকভাবেই এগোচ্ছে বলে জোর দিয়ে জানিয়েছেন তিনি।