আর্জেন্টিনা দলের অনুশীলনে লিওনেল মেসি
আর্জেন্টিনা দলের অনুশীলনে লিওনেল মেসি

আর্জেন্টিনা দলে কখন যোগ দেবেন মেসি

বিশ্বকাপ খেলতে কাতারে যাওয়ার আগে আর্জেন্টিনা তাঁবু ফেলেছে সংযুক্ত আরব আমিরাতে। এরই মধ্যে কোচিং স্টাফের সদস্যসহ বেশ কয়েকজন ফুটবলার সেখানে পৌঁছে গেছেন। তবে লিওনেল মেসি থেকে গিয়েছিলেন ফ্রান্সে।

আর্জেন্টাইন অধিনায়ক প্যারিসে ছিলেন পিএসজির ম্যাচ খেলতে। গতকাল রাতে ফ্রেঞ্চ লিগ আঁ–তে অসেরের মুখোমুখি হয় পিএসজি। বিশ্বকাপ–বিরতির আগে এটিই ক্লাব ফুটবলে তাঁর শেষ ম্যাচ ছিল। আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে জানিয়েছে, পিএসজির ম্যাচ শেষ করে সংযুক্ত আরব আমিরাতে রওনা দেওয়ার কথা মেসির।

সোমবার আবুধাবির আল নাহিয়ান স্টেডিয়ামে দলের সঙ্গে অনুশীলনও করবেন। বুধবার একই মাঠে আরব আমিরাতের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বিশ্বকাপ অভিযানে নামার আগে এটিই আর্জেন্টাইনদের শেষ প্রস্তুতি ম্যাচ।

মেসির মতো আজ বিশ্বকাপ দলে যোগ দেওয়ার কথা বেশির ভাগ ফুটবলারেরই। শনিবারের মধ্যে আবুধাবিতে পৌঁছাতে পেরেছেন শুধু জার্মান পেৎসেয়া, গিদো রদ্রিগেজ, ফ্রাঙ্কো আরমানি ও ক্রিস্তিয়ান রোমেরো।

তাঁদের মধ্যে গত সপ্তাহে কোচিং স্টাফের সদস্যদের সঙ্গে গিয়েছিলেন গোলকিপার আরমানি।
বিশ্বকাপের আগে ইউরোপীয় ক্লাব ফুটবলের শেষ দিন আজ। ফিফার নির্দেশনা অনুযায়ী ১৪ নভেম্বর পর্যন্ত খেলোয়াড় ধরে রাখার সুযোগ আছে ক্লাবগুলোর।

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ২২ নভেম্বর, প্রতিপক্ষ সৌদি আরব। সি গ্রুপে অপর দুই প্রতিপক্ষ মেক্সিকো (২৬ নভেম্বর) ও পোল্যান্ড (৩০ নভেম্বর)।