ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের জন্য ম্যাচটা হারা ছিল সময়ের ব্যাপার। আল–বাতিনের বিপক্ষে ৯০ মিনিট পর্যন্ত ১–০ গোলে পিছিয়েই ছিল তারা। এরপর অতিরিক্ত সময় হিসেবে যোগ করা হয় ১২ মিনিট।
আর সেই ১২ মিনিটে দেখা মিলল অবিশ্বাস্য এক নাটকীয়তার। যোগ করা সময়ের ৩ মিনিটে গোল করে আল নাসরকে সমতায় ফেরান আবদুলরহমান ঘারিব। গোল করার কারণে যোগ করা সময় আরেকটু বাড়লেও ম্যাচটা ড্রয়ের পথেই ছিল।
কিন্তু যোগ করা সময়ের ১২ মিনিটে ফের নাটকীয়তা। মোহাম্মদ আল–ফাতিলের গোলে এবার এগিয়েই যায় আল নাসর। ২ মিনিট পর শেষ বাঁশি বাজার আগমুহূর্তে ফের গোল পায় আল নাসর। এবার গোল করেন মোহাম্মদ মারান। আর নিশ্চিত হারের মুখে থাকা ম্যাচে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে আল নাসর পায় দুর্দান্ত এক জয়।
দারুণ এ জয়ের পর আল নাসরের উদ্যাপনও হয়েছে বাঁধভাঙা। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি লিখেছেন, ‘শেষ হওয়ার আগমুহূর্ত পর্যন্ত বিশ্বাস রাখতে হবে। এগিয়ে চলো।’
জয়ের পর রোনালদোর মতো একইভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আল নাসর কোচ রুডি গার্সিয়াও।
টুইটারে তিনি লিখেছেন, ‘কি এক দৃশ্য! বাঁধভাঙা আবেগ! প্রথমার্ধের পরিস্থিতি বদলে দিতে আমরা মানসিকভাবে খুবই শক্তিশালী ছিলাম। এটা একটা দলের জয় এবং জয়ের জন্য তাদের প্রবল আকাঙক্ষার প্রতিফলন।’
দারুণ এ জয়ের পর আল নাসর সৌদি প্রো লিগে শীর্ষেই থাকল। ১৯ ম্যাচে তাদের পয়েন্ট ৪৬। দ্বিতীয় স্থানে থাকা আল–ইতিহাদের পয়েন্ট ৪৪। আর আল নাসরের কাছে হারা আল–বাতিন ১৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকার তলানিতেই থাকল।