দানি আলভেস। এখন ধর্মপ্রচারক
দানি আলভেস। এখন ধর্মপ্রচারক

আলভেস এখন ধর্মপ্রচারক: কোটি টাকার জীবন পেছনে ফেলে সুখ খুঁজছেন মাত্র ১১৩ ইউরোতে

১১৩ ইউরো।

কারাগারের ভেতরে কাজ করে এই টাকাটাই পেতেন দানি আলভেস। একসময় বার্সেলোনা ও ব্রাজিলের হয়ে মাঠে রাজত্ব করেছেন। আয় করেছেন লাখ লাখ, কোটি কোটি ইউরো, সেই মানুষ এখন হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে বলছেন, কারাগারে পাওয়া ওই ১১৩ ইউরোতেই তিনি বেশি সুখী ছিলেন।

কথাটা শুনতে সহজ। কিন্তু এর ভেতরে ঢুকলে দেখা যায়, পাশাপাশি দাঁড়িয়ে আছে দুটি আলাদা জীবন। একদিকে ক্যাম্প ন্যু-র আলোঝলমলে রাত, হাজারো দর্শকের করতালি। অন্যদিকে কারাগারের নিঃশব্দ করিডর, যেখানে নিজের সঙ্গে নিজের দেখা হয় সবচেয়ে বেশি।

বার্সেলোনার কাছে ব্রিয়েন্স ২ কারাগারে কাটানো ১৪ মাসের স্মৃতি মনে করে সম্প্রতি কথাগুলো বলেছেন আলভেস। এখন তিনি ধর্মপ্রচারক। এক ধর্মীয় সমাবেশে তাঁর বক্তব্য, ‘আমি তখন লাখ লাখ ইউরো আয় করতাম, ঈশ্বরকে ধন্যবাদ। কিন্তু যখন আমি লাখ লাখ ইউরো আয় করতাম, তার চেয়ে বেশি সুখী ছিলাম কারাগারে ১১৩ ইউরো আয় করে!’ কী এমন পেয়েছিলেন সেই ১১৩ ইউরোতে, যা লাখ লাখ ইউরোতে পাননি?

আমি ৪০ বছর বন্দী ছিলাম, কিন্তু কারাগারেই আমি সত্যিকারের মুক্ত হয়েছি।
দানি আলভেস, ব্রাজিল ও বার্সেলোনার সাবেক রা্ইট-ব্যাক

আজকের আলভেসকে বুঝতে হলে একটু পেছনে ফিরতে হয়। ফুটবল মাঠের ডান প্রান্তে একসময় তাঁর ছিল অবাধ বিচরণ। আক্রমণে উঠে যেতেন, আবার প্রয়োজনে ফিরে আসতেন রক্ষণে। বার্সেলোনার সেই সোনালি সময়ে তাঁর দৌড়ের সঙ্গে পরিচিত ছিল পুরো ফুটবলবিশ্ব।

বার্সেলোনার জার্সিতে মাঠে দারুণ বোঝাপড়া ছিল মেসি ও আলভেসের

বার্সেলোনার পরিসংখ্যান অনুযায়ী, ক্যারিয়ারে ৪৬টি শিরোপা জিতেছেন আলভেস। কাতালান ক্লাবটির হয়ে ৪০৯ ম্যাচে করেছেন ২৩ গোল, জিতেছেন ২৩টি ট্রফি। এর মধ্যে আছে তিনটি চ্যাম্পিয়নস লিগ ও ছয়টি লা লিগা। জুভেন্টাসের হয়ে জিতেছেন সিরি আ, পিএসজির হয়ে দুবার ফরাসি লিগ। ব্রাজিলের জার্সিতে খেলেছেন ১২৬ ম্যাচ। জিতেছেন ২০০৭ ও ২০১৯ সালের কোপা আমেরিকা, ২০০৯ ও ২০১৩ সালের কনফেডারেশনস কাপ। ট্রফির হিসাবটা ঈর্ষণীয়। সাফল্যের তালিকাও দীর্ঘ। কিন্তু এত কিছুর পরও আলভেসের নিজের উপলব্ধি, সুখের সঙ্গে সাফল্যের হিসাব মেলে না সব সময়।

২০২২ সালের ডিসেম্বরে বার্সেলোনার একটি নৈশক্লাবে এক তরুণীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে আলভেসের বিরুদ্ধে। ২০২৩ সালের জানুয়ারিতে গ্রেপ্তার হন তিনি। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আদালত তাঁকে সাড়ে চার বছরের কারাদণ্ড দেন। বিচারের আগেই প্রায় ১৪ মাস কারাগারে কাটিয়েছিলেন। সে বছরের মার্চে ১০ লাখ ইউরো জামিনে সাময়িক মুক্তি পান।

এরপর ২০২৫ সালের মার্চে কাতালোনিয়ার উচ্চ আদালত আপিলে আগের রায় বাতিল করে তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দেন। আদালতের পর্যবেক্ষণ ছিল, আগের রায়ে বেশ কিছু অসংগতি ছিল। তাঁকে নির্দোষ ধরে নেওয়ার অনুমান নাকচ করার মতো যথেষ্ট প্রমাণও ছিল না। আইনি লড়াইয়ের সেই অধ্যায় শেষ হয়েছে। কিন্তু আলভেসের কাছে মুক্তির অর্থ যেন আরও গভীর, আরও ব্যক্তিগত।

সম্প্রতি নিজের জীবনের বদলে যাওয়ার গল্প বলতে গিয়ে আলভেস লিখেছেন, ‘আমি ৪০ বছর বন্দী ছিলাম, কিন্তু কারাগারেই আমি সত্যিকারের মুক্ত হয়েছি। ৪০ বছর আমি আমার পাপ, আমার ভুল আর আমার সিদ্ধান্তের কাছে বাঁধা ছিলাম। বাইরে থেকে হয়তো আমাকে মুক্ত মনে হতো, কিন্তু ভেতরে আমি শিকলে বাঁধা ছিলাম।’

আরও বলেছেন, ‘কারাগার থেকে বেরিয়েছি বলে আমি মুক্ত, এমন নয়। যিশু আমাকে পাপ থেকে মুক্ত করেছেন বলেই আমি মুক্ত। তোমার পা কোথায় আছে তার ওপর সত্যিকারের স্বাধীনতা নির্ভর করে না, নির্ভর করে তোমার হৃদয়ে কে রাজত্ব করছে তার ওপর।’ ঈশ্বরের সঙ্গে নিজের সম্পর্কের কথা বলতে গিয়ে তাঁর কণ্ঠ আরও নরম, ‘আমি অনেক প্রশ্ন করি। আমি তাঁর সামনে এক শিশু। সবকিছু নিয়েই তাঁকে প্রশ্ন করি।’

৪৩ বছর বয়সী আলভেস এখন ফুটবল মাঠের বদলে ধর্মীয় মঞ্চে দাঁড়ান। সম্প্রতি আর্জেন্টিনা সফর করে দিয়েছেন ধর্মীয় বক্তৃতা। পাশাপাশি পর্তুগালের ক্লাব সাও জোয়াও দি ভেরের সহমালিকও তিনি। মাঠের ডান প্রান্ত থেকে জীবনের অন্য এক প্রান্তে চলে গেছেন আলভেস। কিন্তু সেই নতুন জীবনের গল্পেও যে সবকিছু ঠিকঠাক চলছে, তা নয়।

স্ত্রী জোয়ানা সানজের সঙ্গে দানি আলভেস

আলভেসের স্ত্রী স্প্যানিশ মডেল জোয়ানা সানজ। ২০১৭ সালে তাঁদের বিয়ে। প্রায় ৯ বছরের সংসার। ২০২৫ সালের অক্টোবরে জন্মেছে তাঁদের কন্যাসন্তান। ১৩ নভেম্বর ইনস্টাগ্রামে এক অনুসারী জোয়ানার কাছে জানতে চেয়েছিলেন, তিনি স্বামীর সঙ্গে ধর্মীয় অনুষ্ঠানে যান কি না। জবাবে জোয়ানা লিখেছেন, ‘আমি (ধর্মে) বিশ্বাসী নই। সে যা করছে, যত বেশি দেখছি, ধর্মের প্রতি আমার দূরত্ব তত বাড়ছে। একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই, আমরা বেশ কিছুদিন ধরেই আলাদা থাকছি। ঠিক এই কারণেই।’

সেই প্রথম তাঁদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, দুজনের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছে। সাংবাদিক হাভি ওয়োসের বরাতে বলা হয়েছে, ধর্মীয় প্রচারের কাজে আলভেসের ঘন ঘন বিদেশ সফরের কারণে জোয়ানা ক্রমেই একা হয়ে পড়ছিলেন।

এরপর আসে আরও তীক্ষ্ণ এক প্রতিক্রিয়া। ১৫ নভেম্বর ‘মিনিস্তেরিও দে আদোরাসিওন’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আলভেসের ধর্মীয় বার্তা ছড়িয়ে পড়ে। সেখানে তিনি বলেছিলেন, কারাগারের কঠিন সময়ে বন্ধুবান্ধব ও কাছের মানুষেরা সরে গেলেও যিশু তাঁর পাশে ছিলেন।

পরদিন, ১৬ নভেম্বর, জোয়ানার জবাব, ‘তোমার সাহস কত, প্রকাশ্যে বলছ যে শুধু যিশু পাশে ছিলেন।’ জোয়ানার দাবি, কারাগারে তিনি আলভেসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। নিজের পরিবারের সঙ্গে না থেকে বড়দিন কাটিয়েছেন স্বামীর সঙ্গে। নিজের অর্থে মিটিয়েছেন আলভেসের বিল ও ঋণ। তাঁর আরও দাবি, একসময় আলভেসই তাঁকে দূরে ঠেলে দেন। এরপর তাঁর কথামতো জোয়ানা সরে দাঁড়ান। এগুলো জোয়ানার ব্যক্তিগত দাবি। সামাজিক মাধ্যমে তিনি নিজেই সেসব জানিয়েছেন। এ নিয়ে আলভেস এখনো প্রকাশ্যে কোনো জবাব দেননি।

দাম্পত্য জীবনের মধুর সময়টা পেছনে ফেলে এসেছেন আলভেস ও জোয়ানা

এর মধ্যেই সামনে এসেছে আরেকটি আর্থিক মামলা। ১২ নভেম্বর সাও পাওলোর একটি আদালত আলভেসের দুটি সম্পত্তি ও একটি পোর্শে গাড়ির মালিকানা হস্তান্তর অবরুদ্ধের নির্দেশ দেন। প্রায় ৭০ লাখ ব্রাজিলিয়ান রিয়াল পাওনা দাবিতে মামলাটি করেছে জিএডি ফুন্দো দি ইনভেস্তিমেন্তো এম দিরেইতোস ক্রেদিতোরিওস নামের একটি বিনিয়োগ প্রতিষ্ঠান। বাংলাদেশি মুদ্রায় অর্থের পরিমাণ প্রায় ১৭ কোটি টাকা। প্রতিষ্ঠানটির দাবি, ২০২১ সালে সাও পাওলো ক্লাবের সঙ্গে চুক্তি বাতিলের পর আলভেসের পাওনা অর্থের অধিকার তারা কিনে নেয়। চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধের কথা থাকলেও পরে তা বন্ধ হয়ে যায়। এরপরই মামলা করে প্রতিষ্ঠানটি।

লাখ লাখ ইউরো আয় করা মানুষটি কারাগারে সামান্য কিছু টাকা পেয়ে বেশি সুখী ছিলেন। হয়তো তাঁর কাছে সেই সুখের অর্থ ছিল অনুশোচনা থেকে মুক্তি, ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করা।

তবে আদালতের এই নির্দেশ সম্পত্তি বাজেয়াপ্তের চূড়ান্ত সিদ্ধান্ত নয়। মামলাটি এখনো বিচারাধীন। ৭০ লাখ রিয়াল প্রতিষ্ঠানটির দাবি করা অর্থ, আদালতে চূড়ান্তভাবে প্রমাণিত দেনা নয়। এ বিষয়ে আলভেসের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো জবাব আসেনি।
একজন মানুষের জীবনে যেন অনেকগুলো ম্যাচ একসঙ্গে চলছে। ঘরে বিচ্ছেদের টানাপোড়েন। আদালতে আর্থিক মামলা। সামাজিক মাধ্যমে ব্যক্তিগত অভিযোগ-পাল্টা অভিযোগ। আর সেই মানুষটিই ধর্মীয় মঞ্চে দাঁড়িয়ে বলছেন, তিনি মুক্ত।

কে ঠিক, কে ভুল, আসলে কেউ বলতে পারবে না। আদালতের রায় আছে, জোয়ানার অভিযোগ আছে, আলভেসের নিজের বিশ্বাস আছে। তিনটি বিষয় পাশাপাশি রাখার পরও মাথায় আলভেসের সেই কথাটা ঘুরতে থাকে-১১৩ ইউরো পেয়েই আমি বেশি খুশি ছিলাম!

লাখ লাখ ইউরো আয় করা মানুষটি কারাগারে সামান্য কিছু টাকা পেয়ে বেশি সুখী ছিলেন। হয়তো তাঁর কাছে সেই সুখের অর্থ ছিল অনুশোচনা থেকে মুক্তি, ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করা।

জীবন বদলে গেছে দানি আলভেসের

ফুটবল মাঠে আলভেস জানতেন, ডান প্রান্ত দিয়ে যত দূর এগোনো যায়, ফিরে আসার পথটাও তত লম্বা হয়। আক্রমণে উঠে যাওয়া ফুলব্যাকের সবচেয়ে বড় ঝুঁকি পেছনে পড়ে থাকা ফাঁকা জায়গা। বল হারালে সেই ফাঁক দিয়েই প্রতিপক্ষ আঘাত করে।

জীবনের মাঠেও আলভেস হয়তো অনেক দূর এগিয়ে গেছেন, কিন্তু পেছনে পড়ে থাকা ভাঙা সম্পর্ক, পুরোনো দেনা আর না-বলা কথাগুলোর ফাঁক গলে ঠিকই হানা দেয় বাস্তবতা। আর সেই ভার নিয়েই তিনি হাঁটছেন—নিজের মতো করে, হয়তো একটু একা।