মেসির বিদায়ী ম্যাচ: কারা আছেন একাদশে

১৫ ‍মিনিট দেরিতে শুরু খেলা

স্থানীয় সময় রাত ৮টায় খেলা শুরুর কথা থাকলেও তা ১৫ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে।

মাঠে লিওনেল মেসির এক বিশাল জার্সি

কিক-অফের আগে মাঠের কর্মীরা ১০ নম্বর পরা আর্জেন্টিনার একটি সুবিশাল জার্সি মাঠে বিছিয়ে দেন। তবে সেই জার্সিতে মেসির নামের জায়গায় লেখা রয়েছে ‘গ্রেসিয়াস’, মানের ধন্যবাদ।

আর তা দেখামাত্রই গ্যালারির দর্শক সমস্বরে ‘মেসি, মেসি’ বলে গর্জন ও স্লোগান তুলেছেন।

রিভার প্লেটের সদস্য হলেন মেসি

ম্যাচ শুরুর আগে মেসির হাতে রিভার প্লেটের সম্মানসূচক সদস্যপদ কার্ড তুলে দিয়েছেন ক্লাবটির সভাপতি স্তেফানো দি কার্লো। এছাড়া মেসির হাতে একটি স্মারক এবং তার নাম লেখা রিভার প্লেটের একটি জার্সি তুলে দেওয়া হয় ঐতিহ্যবাহী ক্লাবটির পক্ষ থেকে।

ম্যাচ শুরুর আগে মাঠে মেসি

বেনিনের বিপক্ষে ম্যাচ শুরুর আগে ওয়ার্মআপ করতে মাঠে নেমেছেন মেসি। উচ্ছ্বাসে ভেঙে পড়েছেন গ্যালারির দর্শক

আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামার আগে ওয়ার্মআপে নামছেন মেসি
দর্শকের সঙ্গে দেখা...
মেসির গায়ে বিদায়ী ম্যাচের বিশেষ জার্সি
ম্যাচের আগে ওয়ার্মআপে

মেসির শেষ ম্যাচে সঙ্গে নামছেন কারা

মেসির শেষ ম্যাচে তাঁর সঙ্গে একাদশে নামার সুযোগ পাচ্ছেন সে সব খেলেোয়াড়, যারা দীর্ঘদিন ধরে একসঙ্গে খেলছেন।

এমিলিয়ানো মার্তিনেজ, অগাস্টিন জিয়াই, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তালিয়াফিকো , এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক আলিস্টার, রদ্রিগো দি পল, হুলিয়ান আলভারেস, লাওতারো মার্তিনেজ ও লিওনেল মেসি।

স্টেডিয়ামের পথে ভালোবাসায় সিক্ত মেসি

আর্জেন্টিনার হয়ে শেষবারের মতো খেলতে স্টেডিয়ামে যাওয়ার পথে মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন মেসি। এএফএ ট্রেনিং কমপ্লেক্স থেকে টিম বাস বের হওয়ার পর সড়কে মেসির জন্য দাঁড়িয়েছিলেন হাজারো মানুষ। টিওয়াইসি স্পোর্টস জানাচ্ছে, যাত্রাপথে ভক্তদের উপস্থিতি ও ভালোবাস দেখে দৃশ্যতই আবেগপ্লুত হয়ে পড়েন মেসি। লা ন্যাশিওনের ক্যামেরায় তাঁকে অশ্রুসিক্ত দেখা গেছে।

আর্জেন্টিনার টিম বাসের প্রটোকলের দায়িত্বে থাকা পুলিশ মানুষকে বাসের পথ থেকে সরিয়ে রাখার চেষ্টা করলেও অনেকেই রাস্তায় নেমে আসেন মেসিকে কাছ থেকে শুভেচ্ছা জানানোর জন্য।

এক ঘণ্টারও বেশি সময় লেগেছে মেসিদের দলটিকে বহন করা বাসটির মনুমেন্তাল স্টেডিয়ামে পৌঁছাতে।

বিদায়ী ম্যাচের আগে মেসির শেষ কথা

একটা সময় আসে, যখন কিংবদন্তিরও থামতে হয়। লিওনেল মেসির জন্য সেই সময়টা এসে গেছে। আকাশি-সাদা জার্সিতে আজই শেষবার মাঠে নামবেন তিনি। বুয়েনস এইরেসের মনুমেন্তালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে শেষ হবে আর্জেন্টিনা জাতীয় দলে তাঁর ২১ বছরের পথচলা।

বিদায়ী ম্যাচের কয়েক ঘণ্টা আগে অবশেষে নীরবতা ভেঙেছেন মেসি। আর্জেন্টিনার মানুষের উদ্দেশে দেওয়া এক আবেগঘন বার্তায় বলেছেন, ‘আমি শান্তিতে বিদায় নিচ্ছি। আমি সবকিছু দিয়ে চেষ্টা করেছি।’

বিস্তারিত পড়ুন: ‘এই জার্সিটাই ছিল আমার জীবন’, বিদায়ী ম্যাচের আগে মেসির শেষ কথা

মেসির বিদায় বেলায় আপ্লুত নেইমার

লিওনেল মেসির আর্জেন্টিনা জাতীয় দলের বিদায় ঘিরে যেন পুরো ফুটবল দুনিয়াই আবেগে ভাসছে। সতীর্থ, সাবেক সতীর্থ, প্রতিপক্ষ, ভক্ত, ফুটবল কিংবদন্তি, সবাই কোনো না কোনোভাবে জানাচ্ছেন মেসিকে শ্রদ্ধা ও ভালোবাসা। সেই তালিকায় এবার যোগ হলো নেইমারের নাম।

মেসির খুব কাছের বন্ধু নেইমার। বার্সেলোনা ও পিএসজিতে দুজন ছিলেন সতীর্থ। শুরু থেকেই গড়ে উঠেছিল বন্ধুত্বও। মেসির বিদায়ী ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তাই আবেগঘন এক বার্তা দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা।

বিস্তারিত পড়ুন: মেসির বিদায় বেলায় আপ্লুত নেইমার, ‘তোমার সঙ্গে ইতিহাসের অংশ হতে পারা সম্মানের’

কী থাকছে মেসির বিদায় অনুষ্ঠানে

বুয়েনস এইরেসের সময় মঙ্গলবার রাত আটটায় (বাংলাদেশ সময় বুধবার ভোর পাঁচটায়) মনুমেন্তাল স্টেডিয়ামে নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন লিওনেল মেসি। প্রতিপক্ষ বেনিন। তবে তাঁর বিদায়ী ম্যাচের নানা আয়োজন শুরু হয়ে যাবে আরও আগেই। যা চলবে ম্যাচ শেষেও। কী থাকছে সেই অনুষ্ঠানে? আজ ইনস্টাগ্রামে এক ফটোকার্ডে সেই সূচি প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। বুয়েনস এইরেসের স্থানীয় সময় ধরে সাজানো তালিকাটা তিন ভাগে ভাগ করা। ম্যাচের আগে, বিরতিতে এবং ম্যাচ শেষে। একটা জিনিস কমন—গান আর আলোর ঝলকানি।

বিস্তারিত পড়ুন: মেসির বিদায়ের অনুষ্ঠানসূচি, শেষ লাইনে লেখা ‘চমক’

৩০ মিটারের জার্সি

রোজারিওর ন্যাশনাল ফ্ল্যাগ মেমোরিয়ালে মেসির ৩০ মিটার লম্বা বিশেষ জার্সি। ছবিটি ওপর থেকে তোলা

যে হাওয়া-জল মেখে বেড়ে উঠেছিলেন লিওনেল মেসি, আন্তর্জাতিক ক্যারিয়ারের অন্তিম মুহূর্তে সেই জন্মভূমি রোজারিও মাথা নোয়াল তার সর্বকালের সেরা সন্তানের প্রতি। জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচের আগে ঘরের ছেলেকে অভিনব শ্রদ্ধা জানাল শহরটি। পারানা নদীর তীরে আর্জেন্টিনার ন্যাশনাল ফ্ল্যাগ মেমোরিয়ালে রাখা হয়েছে মেসির বিশাল এক জার্সি। ৩০ মিটার দীর্ঘ জার্সিটি বানানো হয়েছে বিদায়ী ম্যাচের জন্য বানানো মেসির বিশেষ জার্সির আদলে। যার ১০ নম্বরের ওপরে নামের জায়গায় লেখা ‘গ্রাসিয়াস’, অর্থাৎ কৃতজ্ঞতা।

বিস্তারিত পড়ুন: মেসিকে বিদায় জানাতে তাঁর জন্মশহরে নজরকাড়া শ্রদ্ধাঞ্জলি

শেষের মঞ্চ

বুয়েনস এইরেসে মনুমেন্তাল স্টেডিয়াম

এস্তাদিও মনুমেন্তাল। রিভার প্লেটের এই মাঠই সাক্ষী হয়ে থাকবে আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে মেসির শেষ নাচের। জাতীয় দলের হয়ে ২০০৫ সালের ৫ অক্টোবর প্রথমবার খেলেছিলেন এই মাঠে। সেদিন গোল পাননি। কিন্তু এরপর মনুমেন্তাল তাঁকে দিয়েছে দুহাত ভরে। আর্জেন্টিনার সবচেয়ে বড় এই স্টেডিয়ামে জাতীয় দলের হয়ে মেসি কখনো হারেননি। ২৮ ম্যাচে ২২ জয়, ৬ ড্র, ১৯ গোল।

পড়ুন: বিদায়ের মাঠ মনুমেন্তালই সবচেয়ে বেশি ভালোবেসেছে মেসিকে

‘যেতে দিতে ইচ্ছা নাহি!’

মনুমেন্তাল, রোজারিও কিংবা পুরো আর্জেন্টিনা। সময় যেন একটু থমকে ছিল দুদিন ধরে। জন্মশহর তাঁর জন্য বিছিয়ে দিয়েছে ৩০ মিটারের এক জার্সি, শেষ নাচের অপেক্ষায় থাকা মনুমেন্তাল যেন বলছিল—‘যেতে দিতে ইচ্ছা নাহি!’

আর মেসি? নিজেই অনুশীলনে লিখেছেন শেষ অধ্যায়ের প্রথম কয়েকটি লাইন।

‘আমি জানি, এই বিশেষ মুহূর্তগুলো মিস করব’

মেসির বিদায়ী ম্যাচের আগে

বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায় বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। নীল-সাদা জার্সিতে এটাই লিওনেল মেসির শেষ ম্যাচ।

দুই দশকের বেশি সময় ধরে যে জার্সি গায়ে কত স্বপ্ন দেখেছেন, কত রাতকে ভোর করেছেন, কতবার কাঁদিয়েছেন আর হাসিয়েছেন কোটি কোটি মানুষ, সেই জার্সি আজ শেষবারের মতো গায়ে চাপাবেন ৩৯ বছর বয়সী মেসি।

ম্যাচটি তাই শুধু আরেকটি ম্যাচ নয়। এটা বিদায়ের রাত। স্মৃতির রাত। একজন কিংবদন্তিকে শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে দেখার রাত।

মনুমেন্তালের গ্যালারি থেকে বুয়েনস এইরেসের রাজপথ, আর্জেন্টিনা থেকে বাংলাদেশ। আজ থাকবে মেসিকে প্রিয় জার্সিতে শেষবার দেখার অপেক্ষা। কখন মাঠে নামছেন তিনি, সতীর্থরা কীভাবে তাঁকে বিদায় জানাচ্ছেন, গ্যালারিতে কী হচ্ছে, আর ম্যাচ শেষে সেই বহু প্রতীক্ষিত বিদায়ী আয়োজন কেমন হয়, সবই থাকছে প্রথম আলো অনলাইনের এই লাইভ ব্লগে।

ম্যাচ শুরুর আগে থেকে বিদায়ের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা থাকব আপনার সঙ্গে। থাকবে মুহূর্তে মুহূর্তে আপডেট, ছবি, ভিডিও, মেসিকে ঘিরে নানা গল্প আর আবেগের নানা খণ্ডচিত্র।

একটা মানুষ, একটা জার্সি, একটা যুগ। চলুন, একসঙ্গে দেখি তার শেষ দৃশ্যপট।