গোলের পর সালাহর উদ্‌যাপন
গোলের পর সালাহর উদ্‌যাপন

চ্যাম্পিয়নস লিগ

পঞ্চাশে সালাহ-কেইন, বায়ার্ন পেল রিয়ালকে, লিভারপুলকে পিএসজি

লিভারপুল ৪-০ গালাতাসারাই

পেনাল্টি শটে তেমন জোর ছিল না। গালাতাসারাই গোলকিপার গুরকান চাকিরও ঠিক বুঝেই তাঁর বাঁয়ে ঝাঁপিয়ে শটটি রুখে দেন। মোহাম্মদ সালাহ একটু হাসলেন, যেন ভাগ্য তাঁর সঙ্গে কৌতুক করেছে। কিন্তু লিভারপুলের জন্য পরিস্থিতি তেমন ছিল না। ফিরতি লেগে ততক্ষণে একটি গোল পাওয়ায় দুই লেগ মিলিয়ে ১-১ গোলের সমতা। প্রথমার্ধের সেই শেষ মিনিটে সালাহ পেনাল্টি থেকে গোল করতে পারলে এগিয়ে থেকে বিরতিতে যেতে পারত লিভারপুল।

তবে সালাহর পেনাল্টি মিসে শেষ পর্যন্ত আর ক্ষতিবৃদ্ধি হয়নি। অ্যানফিল্ডে শেষ ষোলো ফিরতি লেগে ৪-০ গোলের জয় পেয়েছে লিভারপুল। তুর্কি ক্লাবটির মাঠে প্রথম লেগ ১-০ গোলে হারায় দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে উঠল আর্নে স্লটের দল। কোয়ার্টার ফাইনালে লিভারপুলের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি।

ফিরতি লেগে সালাহর জন্য স্বস্তির বিষয়, পেনাল্টি মিসের পর ৬২ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁকানো শটে পাওয়া গোল; চ্যাম্পিয়নস লিগে তাঁর ৫০তম, প্রথম আফ্রিকান হিসেবে এই মাইলফলক।

২৫ মিনিটে দমিনিক সোবোসলাইয়ের গোলে ফিরতি লেগে এগিয়ে যায় লিভারপুল। ডান প্রান্ত থেকে অ্যালেক্সিস-ম্যাক অ্যালিস্টারের ক্রস পেয়ে দারুণ ফিনিশ করেন সোবোসলাই। বিরতির পর ৫১ থেকে ৫৩ মিনিটের মধ্যে দুই গোল করে গালাতাসারাইয়ের বিদায় মোটামুটি তখনই নিশ্চিত করে ফেলে লিভারপুল। ৫১ মিনিটে হুগো একিতিকের গোলের এক মিনিট পরই স্কোরলাইন ৩-০ করেন মিডফিল্ডার রায়ান গ্রাভেনবার্চ।

লিভারপুল আরও গোল করতে পারত। সোবোসলাই ও সালাহ সুযোগ নষ্ট করেছেন, শেষ দিকে ফাউলের কারণে ভিএআরে একটি গোল বাতিল হয়। গালাতাসারাই গোলকিপার চাকির অন্তত ১০টি ভালো সেভ করেন। পোস্টেও লেগেছে একটি শট।

দারুণ শটে নিজের ৫০ তম গোলটি তুলে নেন কেইন

‘প্রথম’ ইংলিশ হ্যারি কেইন, রিয়ালকে পেল বায়ার্ন

প্রথম ইংলিশ খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে ৫০ গোলের দেখা পেয়েছেন বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার হ্যারি কেইন। আলিয়াঞ্জ অ্যারেনায় শেষ ষোলো ফিরতি লেগে আতালান্তার বিপক্ষে জোড়া গোল করেন কেইন। ফিরতি লেগে বায়ার্ন পেয়েছে ৪-১ গোলের জয়। ইতালিয়ান ক্লাবটির মাঠে প্রথম লেগ ৬-১ গোলে জিতেছিল বায়ার্ন। দুই লেগ মিলিয়ে ১০-২ গোলের বড় জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বুন্দেসলিগায় শীর্ষস্থানীয় ক্লাবটি। কোয়ার্টার ফাইনালে বায়ার্নের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ।

২৫ ও ৫৪ মিনিটে বায়ার্নের হয়ে প্রথম দুটি গোল কেইনের। প্রথমটি হ্যান্ডবলের অপরাধে পাওয়া ‘রিটেক’ পেনাল্টি থেকে, পরের গোলটি দুর্দান্ত এক শটে। চ্যাম্পিয়নস লিগে ৬৬ ম্যাচে এটা কেইনের ৫০ তম গোল, চলতি মৌসুমে ৪৭তম। ৫৬ মিনিটে লেনার্ট কার্ল ও ৭০ মিনিটে লুইস দিয়াজ বায়ার্নের শেষ দুটি গোল করেন।

গোলের পর আতলেতিকো স্ট্রাইকার আলভারেজের উদ্‌যাপন

বার্সেলোনাকে পেল আতলেতিকো

টটেনহাম হটস্পার স্টেডিয়ামে শেষ ষোলো ফিরতি লেগ শেষে স্কোরলাইন ৩-২। আতলেতিকো হেরেছে, টটেহাম জিতেছে, কিন্তু ইংলিশ ক্লাবটির সমর্থকদের মধ্যে তেমন একটা উল্লাস নেই। কারণ, মাদ্রিদে প্রথম লেগে ৫-২ গোলের বড় হার। তাতে দুই লেগ মিলিয়ে ৭-৫ গোলের হারে শেষ ষোলো থেকে বিদায় ঘটল টটেনহামের। কোয়ার্টার ফাইনালে আতলেতিকোর প্রতিপক্ষ বার্সেলোনা।

৩০ মিনিটে কোলো মুয়ানির গোলে এগিয়ে যায় টটেনহাম। আতলেতিকোকে ৪৭ মিনিটে সমতায় ফেরান হুলিয়ান আলভারেজ। ৫২ মিনিটে জাভি সিমন্সের গোলে স্বাগতিকরা আবারও এগিয়ে ‍গেলেও হানকোর গোলে ৭৫ মিনিটে সমতায় ফেরে মাদ্রিদের ক্লাবটি। ৯০ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে টটেনহামকে জেতান জাভি সিমন্স।