সাফ ফুটবলের টিকিটের দাম সর্বনিম্ন ১ হাজার টাকা
সাফ ফুটবলের টিকিটের দাম সর্বনিম্ন ১ হাজার টাকা

সাফ ফুটবলের টিকিটের দাম সর্বনিম্ন ১ হাজার টাকা, পাওয়া যাবে বৃহস্পতিবার থেকে

দীর্ঘ আট বছর পর বাংলাদেশে ফিরছে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতার টিকিট বিক্রি শুরু হবে বৃহস্পতিবার রাত আটটা থেকে। অনলাইনে টিকিট বিক্রি করবে অনলাইন ইভেন্ট টিকিটিং প্ল্যাটফর্ম ‘টিকিফাই’।

টিকিটের সর্বনিম্ন মূল্য ১ হাজার টাকা। সবচেয়ে বেশি ১০ হাজার টাকা খরচ করতে হবে করপোরেট বক্সের টিকিট কিনতে। তবে এক টিকিটেই দেখা যাবে দিনের দুটি ম্যাচ।  

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন কমিটির সঙ্গে আজ বাফুফে ভবনে সমন্বয় সভা করেছেন সাফের কর্মকর্তারা। সভায় টিকিটের দাম, বিক্রির সময় ও পদ্ধতিসহ বিভিন্ন বিষয় চূড়ান্ত করা হয়।  

টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে পাঁচটি শ্রেণিতে। সাধারণ গ্যালারির টিকিটের মূল্য ১ হাজার টাকা, ক্লাব হাউসের ৪ হাজার, ভিআইপি গ্যালারির ৭ হাজার, রেড বক্সের ৮ হাজার এবং করপোরেট বক্সের টিকিট ১০ হাজার টাকা। প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। একটি ডে পাস কিনলেই সেদিনের দুটি ম্যাচ দেখা যাবে। ফাইনালের টিকিটের দাম পরিবর্তন হতে পারে।

সাফে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা।

টিকিট বিক্রির দায়িত্ব পাওয়া টিকিফাইকে নিয়ে এর আগে বিতর্ক হয়েছিল। ২০২৫ সালের মে মাসে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি শুরুর পর প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে সমস্যা দেখা দেয়। অনেক দর্শক সাইটে ঢুকতে পারেননি। কেউ কেউ কয়েক ঘণ্টা অপেক্ষা করেও টিকিট পাননি। আবার টাকা পরিশোধের পরও টিকিট না পাওয়ার অভিযোগ করেন অনেকে।

পরিস্থিতির জন্য বাফুফে ও টিকিফাই সাইবার হামলার কথা বলেছিল। তবে টিকিট বিক্রির ব্যবস্থাপনা নিয়ে সমালোচনা থামেনি। এবার সাফের টিকিট বিক্রিতে সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি এড়াতে পারবে কি না, সেটিই দেখার বিষয়।

সাফে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান ও মালদ্বীপ। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে। ১৪ নভেম্বর হবে দুটি সেমিফাইনাল। ১৭ নভেম্বর ফাইনাল।

‎বাংলাদেশ সর্বশেষ সাফ চ্যাম্পিয়ন হয়েছে ২০০৩ সালে ঘরের মাঠেই। এরপর আর শিরোপা জেতা হয়নি। এবার নিজেদের মাঠে দর্শকদের সমর্থন কাজে লাগিয়ে দীর্ঘ অপেক্ষা ঘোচানোর লক্ষ্য থাকবে স্বাগতিকদের।