প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপ সেমিফাইনালে উঠেছে মরক্কো
প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপ সেমিফাইনালে উঠেছে মরক্কো

‘দিস টাইম ফর আফ্রিকা ’

এক যুগ আগে যে বিশ্বকাপে শাকিরা গেয়েছিলেন ‘দিস টাইম ফর আফ্রিকা’, সেই বিশ্বকাপে আফ্রিকাকে থামিয়েছিল লুইস সুয়ারেজের হাত। নিজে লাল কার্ড খেয়ে ঘানার নিশ্চিত গোল ঠেকিয়ে দিয়েছিলেন উরুগুইয়ান স্ট্রাইকার। আফ্রিকায় হওয়া প্রথম বিশ্বকাপেও তাই কোয়ার্টার ফাইনালের বেশি যাওয়া হয়নি আফ্রিকান কোনো দেশের। ২০০২ সালে সেনেগাল থেমেছিল কাঠখোট্টা তুরস্কের অতিরিক্ত সময়ের এক গোলে। আর ৩২ বছর আগে ক্যামেরুনকে থামিয়ে দিয়েছিল গ্যারি লিনেকারের পেনাল্টি শট। তিনবারই ম্যাচ গড়িয়েছিল অতিরিক্ত সময়ে। 

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে আফ্রিকার দেশগুলোর বিদায় যেন একেকটি মর্মান্তিক গল্প! কখনো না কখনো সেই গল্পটা বদলাবে—এই অপেক্ষায় থেকে থেকে স্যামুয়েল ইতো-দিদিয়ের দ্রগবারা সাবেক হয়ে গেছেন। এবারও যখন মরক্কো গ্রুপ পেরিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে এল, মনে হচ্ছিল—এ স্রেফ অঘটন। কত দূর আর যাবে, দৌড় তো বড়জোর সেই কোয়ার্টার ফাইনাল পর্যন্তই।

শেষ ষোলো গেল, তারপর কোয়ার্টার ফাইনাল পেরিয়ে কাতার বিশ্বকাপে এখন শেষ চারের লড়াইয়ের অপেক্ষা। সেই চার দলের একটা দল—মরক্কো! বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা প্রথম আফ্রিকান দেশ, প্রথম আরব দেশ।

ইতিহাস গড়ার পথে মরক্কো গ্রুপে হারিয়েছে বেলজিয়ামের সোনালি প্রজন্মকে, শেষ ষোলো থেকে বিদায় করেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে, আর কোয়ার্টার ফাইনালে কাঁদিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো ও তাঁর দল পর্তুগালকে। অথচ বিশ্বকাপ শুরুর আগে ইউরোপের এই তিন পরাশক্তিও ছিল শিরোপার অন্যতম দাবিদার। ভাবা যায়, বিশ্বকাপের ৫ ম্যাচে এখন পর্যন্ত মরক্কোর জালে প্রতিপক্ষের কোনো খেলোয়াড় বল পাঠাতে পারেননি। এই ৫ ম্যাচে একটাই গোল খেয়েছে মরক্কো, সেটা আত্মঘাতী! 

অবিনাশী এক রক্ষণভাগ এবং কানে তালা লাগানোর মতো গর্জন করা একদল সমর্থককে নিয়ে একের পর এক অবিশ্বাস্য সব গল্প লিখে যাচ্ছে মরক্কো। লিখে যাচ্ছে আফ্রিকান রূপকথা। শনিবার রাতে ২০১৬ ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করার রাতে মরোক্কান খেলোয়াড়েরাও যেন পরাবাস্তব এক জগতে চলে গিয়েছিলেন। ম্যাচ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নিতে যাওয়া এক সাংবাদিককে গোলরক্ষক ইয়াসিন বুনু বারবার বলছিলেন, ‘আমাকে আগে একটা চিমটি দিন তো। জলদি চিমটি দিন। আগে বুঝে নিই, এটা বাস্তব কি না!’

মরক্কোর এই অবিনাশী রক্ষণভাগের সর্বশেষ দেয়াল ৩১ বছর বয়সী বুনু। প্রতিটি ম্যাচেই যিনি গোলার মতো আসা শট ঠেকিয়েছেন বুক চিতিয়ে, স্পেনের বিপক্ষে টাইব্রেকারে ফিরিয়েছেন দুটি কিক। ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতা এবং গোলবারের নিচে অসাধারণ পারফরম্যান্সের কারণে যাকে সমর্থকেরাও ডাকতে শুরু করেছেন ‘অ্যাটলাস পর্বত’ বলে।

এবারের বিশ্বকাপে মরক্কোর এই পথচলা তথাকথিত ছোট দলগুলোকে অনেক সাহস দেবে বলেই মনে করেন বুনু, ‘আমরা সবার মানসিকতা বদলাতে চাই। চাই ছোট দলগুলো হীনম্মন্যতা থেকে বেরিয়ে এসে নিজেদের উজাড় করে খেলুক। মরোক্কান খেলোয়াড়েরা দেখিয়ে দিতে চায়, তারা যেকোনো দলের সঙ্গে পাল্লা দিয়ে লড়ার সামর্থ্য রাখে। এর পর থেকে কেউ যখন মরক্কোর ফুটবল নিয়ে কথা বলবে, তারা যেন সম্মান দিয়ে কথা বলে।’

সেই সম্মান মরক্কো এখন পাচ্ছে, সঙ্গে পাচ্ছে ফুটবলপ্রেমীদের ভালোবাসাও। যে ভালোবাসায় আপ্লুত মরক্কোর কোচ ওয়ালিস রেগরাগুই, ‘আমরা আসলেই এখন সবার ভালোবাসার দল হয়ে উঠছি। কারণ, আমরা দেখিয়েছি বিশ্বমানের প্রতিভা, দলের গভীরতা ও অঢেল টাকা ছাড়াও সফল হওয়া যায়, যদি প্রবল ইচ্ছাশক্তি ও পরিশ্রম থাকে।’ 

এই প্রবল ইচ্ছাশক্তি ও পরিশ্রমে আস্থা আছে বলেই এখন সেমিফাইনালের প্রতিপক্ষ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকেও ভয় পাচ্ছে না মরক্কো। তাদের তো আসলে আর হারানোরও কিছু নেই। যত দূর যাবে মরক্কো—সবই অর্জন। ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমকেই বরং বেশি সতর্ক থাকতে হচ্ছে চমক দেখানো প্রতিপক্ষকে নিয়ে। যে কারণে ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ওঠার পর দেশম বলেছেন, ‘মরক্কো প্রশংসার দাবিদার। হয়তো তাদের এখানে (শেষ চারে) আসাটা প্রত্যাশিত ছিল না। কিন্তু তারা পুরো টুর্নামেন্টে একটিমাত্র গোল হজম করেছে। এরপর তাদের এখানে দেখা মোটেও অবাক হওয়ার মতো কিছু নয়।’ 

প্রশংসা শুধু দেশমের কাছ থেকে নয়, পুরো বিশ্বের কাছ থেকেই পাচ্ছে মরক্কো। অভিনন্দন জানিয়ে আফ্রিকান ফুটবল কনফেডারেশন টুইটারে লিখেছে, ‘মহাদেশের ইতিহাস!...অ্যাটলাসের সিংহদের কী দারুণ এক অর্জন!’ ক্যামেরুন ফুটবল ফেডারেশনের প্রধান ও দেশটির কিংবদন্তি ফুটবলার সামুয়েল ইতো টুইট করেছেন, ‘অবিশ্বাস্য!...পুরো মহাদেশ আপনাদের জন্য গলা ফাটাচ্ছে।’ আরেক আফ্রিকান কিংবদন্তি আইভরি কোস্টের দিদিয়ের দ্রগবা লিখেছেন, ‘তারা পেরেছে! এই কৃতিত্বের জন্য মরক্কোকে অভিনন্দন। আফ্রিকা দীর্ঘজীবী হোক।’

২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে যাঁর গান বিশ্ব মাতিয়েছিল, সেই শাকিরাও তাঁর সেই গানের লাইন দিয়েই অভিনন্দন জানিয়েছেন মরক্কোকে, ‘দিস টাইম ফর আফ্রিকা!’

কে জানে, এবার সত্যিই আফ্রিকার সময় কি না। আর তো মাত্র দুটি ম্যাচ!