ফটো ফিচার

মোনাকোতে নেইমার-গেইল-কোর্তোয়ারা

মোনাকো গ্রাঁ প্রিঁতে বসেছে তারার মেলা, নেইমার থেকে গেইল-কোর্তোয়া হাজির সেখানে। লিগ শিরোপা উদ্‌যাপনে ব্যস্ত রামোসরা। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
গতবারের মতো এবারও ফ্রেঞ্চ লিগ আঁ-এর চ্যাম্পিয়ন পিএসজি। ড্রেসিংরুমে সেটিরই উদ্‌যাপনে ব্যস্ত সতীর্থ সের্হিও রামোস ও কিলিয়ান এমবাপ্পের সঙ্গে জিয়ানলুইজি দোন্নারুম্মা। ক্যাপশনে লিখেছেন, ‘আবার চ্যাম্পিয়ন’। ড্রেসিংরুমে উদ্‌যাপনের ছবি পোস্ট করেছেন রামোস নিজেও। তাঁর ক্যাপশন, ‘২৯তম শিরোপা’।
মোনাকোতে তারার মেলা! ফর্মুলা ওয়ানের মোনাকো গ্রাঁ প্রিঁতে রেড বুল গ্যারেজের সামনে ‘স্পাইডারম্যান’ টম হল্যান্ড ও ব্রাজিলের ফুটবল তারকা নেইমার। এখানে রেড বুল দলের সঙ্গে ছবি তুললেও মোনাকোতে কাকে সমর্থন করছেন, এমন প্রশ্নের জবাবে হল্যান্ড বলেছেন, ‘সব সময়ই লুইস (হ্যামিল্টন)।’ আর রেড বুল পান করতে করতে এফওয়ান দেখছেন, এমন জানিয়ে নেইমার ইঙ্গিত দিয়েছেন, তাঁর সমর্থন কার দিকে। শেষ পর্যন্ত মোনাকো গ্রাঁ প্রিঁ জিতেছেন পোল পজিশনে থাকা রেড বুলের ম্যাক্স ভারস্টাপেনই, ছয়ে রেস শুরু করা হ্যামিল্টন হয়েছেন চতুর্থ।
মোনাকোতে দেখা গেল ক্রিস গেইলকেও। তাঁর এই ছবি মার্সিডিজ গ্যারেজের সামনে, রেড বুল দলের সঙ্গে ছবি তুলতেও অবশ্য ভোলেননি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার।
উইলিয়ামসের আমেরিকান ড্রাইভার লোগান সার্জেন্টের সঙ্গে আলোচনায় ব্যস্ত রিয়াল মাদ্রিদ ও বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া।
আইপিএল ফাইনালের পথে কেভিন পিটারসেন। এ উপলক্ষে ভারতের ঐতিহ্যবাহী পোশাকে সাবেক ইংল্যান্ড অধিনায়ক। দর্শক উপস্থিতির রেকর্ড ভেঙে দেবে, এমন আশা করেছিলেন পিটারসেন। যদিও বৃষ্টির কারণে এ ক্যাপশন লেখা পর্যন্ত খেলা শুরু হতে পারেনি।
আয়নায় নিজেকে দেখছেন। ‘হাকুনা মাতাতা’, দ্য লায়ন কিং থেকে ক্যাপশন নিয়েছেন স্মৃতি মান্ধানা।
মেয়ের জন্মদিন উদ্‌যাপনে পাকিস্তান লেগ স্পিনার উসমান কাদির।
যুজবেন্দ্র চাহালের রোববারটা কেটেছে এবি ডি ভিলিয়ার্সময়! ডি ভিলিয়ার্সের প্রতি নিজের ভালোবাসার কথাও আরেকবার জানিয়েছেন ভারতের লেগ স্পিনার।