
এশিয়ান গেমসের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে চায়নিজ তাইপের বিপক্ষে ৫-৫ গোলে ড্র করার পর আজ উজবেকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছে বাংলাদেশ নারী হকি দল। হকির আন্তর্জাতিক প্রতিযোগিতায় এটাই অর্পিতাদের প্রথম জয়। গতকাল চায়নিজ তাইপের বিপক্ষে ম্যাচ দিয়ে হকির আন্তর্জাতিক অঙ্গনে পথচলা শুরু হয় বাংলাদেশের মেয়েদের।
দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে মোট ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে বাংলাদেশ। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে উজবেকিস্তান। আগামী রোববার হংকং নারী দলের বিপক্ষে গ্রুপ পর্বে তৃতীয় ম্যাচ মেয়েদের।
আট দলের এ টুর্নামেন্টে শীর্ষ চার দল চলতি বছরের সেপ্টেম্বর–অক্টোবরে জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে খেলার টিকিট পাবে।
ইন্দোনেশিয়ার জাকার্তায় জিবিকে হকি মাঠে আজ খেলা শুরুর ১১ মিনিটে শারিকা সাফার পেনাল্টি কর্নার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে এক মিনিট পরই সমতায় ফেরে উজবেকিস্তান। ১-১ সমতায় শেষ হয় প্রথম কোয়ার্টার।
দ্বিতীয় কোয়ার্টারে লড়াইটা বেশ জমে ওঠে। শুরু থেকেই একের পর এক আক্রমণ করে বাংলাদেশের মেয়েরা। শেষ পর্যন্ত ২৪ মিনিটে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে বল জালে জড়ান কনা আক্তার। ম্যাচে আবার এগিয়ে যায় বাংলাদেশ।
তৃতীয় কোয়ার্টারে চলে বাংলাদেশের আক্রমণের দাপট। ৪০ মিনিটে আরেকবার পেনাল্টি কর্নার পায় বাংলাদেশ। গোল করে সেই সুযোগও দারুণভাবে কাজে লাগান আইরিন আক্তার।
কিন্তু চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশের শুরুটা ছিল হতাশার। ৪৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে ম্যাচে ফেরার আভাস দেয় উজবেকিস্তান। শেষ ১৪ মিনিটে উজবেকিস্তান খুব করে চেষ্টা করেছে বাংলাদেশের পয়েন্টে ভাগ বসাতে, কিন্তু পারেনি।