
এ শুধু একটি ম্যাচই নয়, দেশের হকিতে লেখা হয়ে গেছে একটি ইতিহাসও। ১৯৭৮ সাল থেকে বাংলাদেশের ছেলেদের জাতীয় হকি দল আন্তর্জাতিক ম্যাচ খেলা শুরু করলেও মেয়েদের সূচনা হলো আজ। ইন্দোনেশিয়ার জাকার্তায় এশিয়ান গেমসের বাছাইপর্বে চায়নিজ তাইপের বিপক্ষে ৫–৫ গোলে ড্র করে আন্তর্জাতিক হকিতে নিজেদের শুরুটা স্মরণীয়ই করে রাখলেন বাংলাদেশের মেয়েরা।
বিশ্ব হকির র্যাঙ্কিংয়ে প্রতিপক্ষ চায়নিজ তাইপে আছে ৫৫তম স্থানে। অন্যদিকে আজই প্রথম আন্তর্জাতিক হকি খেলতে নামা বাংলাদেশ নারী দল এখনো র্যাঙ্কিংয়ের খাতায় নামই লেখাতে পারেনি। তবু জাকার্তার জিবিকে হকি মাঠে বাংলাদেশের মেয়েরা যেভাবে খেলেছেন, তাতে মনে হয়নি চায়নিজ তাইপে শক্তিমত্তায় খুব একটা এগিয়ে।
প্রথম কোয়ার্টারেই দুই দলের লড়াই জমে ওঠে। একের পর এক আক্রমণ করে অষ্টম মিনিটে পেনাল্টি কর্নার আদায় করে নেয় বাংলাদেশ নারী দল। সুযোগটা কাজে লাগিয়ে গোল করেন আইরিন আক্তার।
১ মিনিট পরই পাল্টা আক্রমণে গোল হজম করে বাংলাদেশ। তাতে অবশ্য দমে যায়নি দল। দশম মিনিটে চমৎকার এক গোছানো আক্রমণে আরেকটি পেনাল্টি কর্নার পেলে তা থেকে বাংলাদেশকে দ্বিতীয় গোল এনে দেন অধিনায়ক অর্পিতা পাল।
ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারের শুরুটা যত ভালো খেলেছে বাংলাদেশ, শেষ করেছে ততটাই খারাপভাবে। ১৭ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে নিজের দ্বিতীয় গোলের পাশাপাশি দলের স্কোরলাইন ৩–১ করেন অর্পিতা। ওদিকে সুযোগ খুঁজতে থাকে চায়নিজ তাইপে। শেষ পর্যন্ত ২৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক পেয়ে দ্বিতীয় গোলটি করেন পেই শান। ২৯ মিনিটে বাংলাদেশ তৃতীয় গোল হজম করলে ম্যাচের স্কোরলাইন হয়ে যায় ৩–৩।
সমতায় থেকে প্রথম ৩০ মিনিট শেষ হওয়ায় বাকি ৩০ মিনিটের খেলা হয়ে যায় একধরনের নতুন লড়াই। দুই দলই গোলের জন্য হন্যে হয়ে আক্রমণ করতে থাকে। তবে ৩৪ মিনিটের এক পেনাল্টি কর্নার যেন বাংলাদেশ নারী দলের সর্বনাশ ডেকে আনে। চতুর্থ গোল করেন চায়নিজ তাইপের হুয়াং টিং। তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্নে বিভোর ছিল বাংলাদেশ।
কিন্তু ৩৬ মিনিটে পঞ্চম গোল হজম করে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যাচ্ছিলেন অর্পিতারা। ৪০ মিনিটে কনা আক্তারের ফিল্ড গোল নতুন আশা দেখায় বাংলাদেশকে। শেষ কুড়ি মিনিটে সবার চোখেমুখেই ছিল ম্যাচে ফেরার আত্মবিশ্বাস। ৪৪ মিনিটে অর্পিতা পেনাল্টি কর্নার থেকে পঞ্চম গোল করার পর আত্মবিশ্বাস যেন আরও বেড়ে যায়। কিন্তু শেষ ১৬ মিনিট একাধিক আক্রমণ করেও আর গোলের দেখা পায়নি বাংলাদেশ।
‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ হংকং ও উজবেকিস্তান। আগামীকাল উজবেকিস্তান ও ২৬ এপ্রিল হংকং নারী দলের বিপক্ষে ম্যাচ মেয়েদের। আট দলের টুর্নামেন্টে শীর্ষ চার দল এ বছরের সেপ্টেম্বর–অক্টোবরে জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে খেলার টিকিট পাবে।