
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) সপ্তাহব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্ট শেষ হয়েছে। গত রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ইনডোর গ্রাউন্ডে এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় পরিবারের শীর্ষ নেতৃত্ব, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক দৃঢ় করা এবং দলগত কাজের মানসিকতা তৈরির লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার। এ সময় আরও উপস্থিত ছিলেন এনএসইউর প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান এম এ কাশেম, সাবেক চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা আজীবন সদস্য বেনজীর আহমেদ, সাবেক চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা আজীবন সদস্য মো. শাহজাহান, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইয়াছমিন কামাল, রেহানা রহমান এবং ফওজিয়া নাজ।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার ও উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর মধ্যকার প্রীতি ম্যাচ। টুর্নামেন্ট নিয়ে আজিজ আল কায়সার বলেন, ‘এই টুর্নামেন্ট এনএসইউ কমিউনিটির মধ্যে আরও দৃঢ় সম্পর্ক গড়ে তোলা এবং সবাইকে সুস্থ থাকতে উৎসাহিত করার একটি প্রচেষ্টা। এ ধরনের আয়োজন শ্রেণিকক্ষ ও অফিসের বাইরে যোগাযোগের সুযোগ তৈরি করে এবং সবার জন্য ঐক্যবদ্ধ ও সহায়ক পরিবেশ গড়ে তুলতে সহায়তা করে।’
উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘খেলাধুলা মানসিক চাপ কমাতে এবং শারীরিক ও মানসিক সুস্থতা বাড়াতে সাহায্য করে। প্রাণবন্ত ও গতিশীল ক্যাম্পাস গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
নর্থ সাউথ ইউনিভার্সিটি গেমস অ্যান্ড স্পোর্টস ক্লাবের আয়োজনে ১ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ টুর্নামেন্ট চলে। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
প্রতিযোগিতার ফল: ছাত্র (পুরুষ) বিভাগে ‘টিম সিএসসি প্রো’র মো. আজোয়াদ ইসলাম ও তানভির হাসান প্রিন্স চ্যাম্পিয়ন এবং ‘টিম বিবিটি স্ম্যাশার্স’-এর মাহমুদ হাসান ও মো. আসাদুল্লাহ আল নাহিয়ান রানার্সআপ হন। ছাত্রী (নারী) বিভাগে ‘টিম বিবিএ বাবল ট্রাবল’-এর আকীক সানা তারিক ও রাইসা মুজিব চ্যাম্পিয়ন এবং ‘টিম ফার্মা এলিক্সির ২’-এর রুবাইয়া রশীদ পিথি ও উম্মে তানাসসুম রানার্সআপ হন।
ফ্যাকাল্টি ও অফিসার (পুরুষ) বিভাগে ‘টিম স্ম্যাশ মাস্টার’-এর মো. আক্তারুজ্জামান ও মো. তাকবির আলম চ্যাম্পিয়ন এবং ‘টিম একেএইচএন’-এর অধ্যাপক বুলবুল সিদ্দিকী ও আকরাম হোসাইন রানার্সআপ হন। নারী বিভাগে ‘টিম শাটল হাসল’-এর অধ্যাপক নাজলী সিদ্দিকী ও হুমাইরা হক চ্যাম্পিয়ন এবং ‘টিম ফ্যালকন কুইন’-এর সাইমুন নাহার সুপ্তা ও সারিনা সুলতানা রানার্সআপ হন।
ক্লাব এক্সিকিউটিভ বিভাগে ‘টিম এনএসইউ এসসি’র মো. সায়েদুল করিম সিকদার ও সীমান্ত মজুমদার চ্যাম্পিয়ন এবং ‘টিম এনএসইউ এমবিএসি’র হাসিবুল হক ও মানস বনিক রানার্সআপ হন। প্রীতি ম্যাচে ‘টিম বোর্ড চেয়ারম্যানস অফিস’-এর আজিজ আল কায়সার ও জাহিদুল ইসলাম চ্যাম্পিয়ন এবং ‘টিম ভাইস চ্যান্সেলরস অফিস’-এর অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী ও রুমান সারওয়ার রানার্সআপ হন।