এশিয়ান গেমসের বাছাই ফাইনালে হেরেছে বাংলাদেশ
এশিয়ান গেমসের বাছাই ফাইনালে হেরেছে বাংলাদেশ

হকি

ফাইনালে জেতা হলো না বাংলাদেশের, চায়নিজ তাইপের কাছে হার

গত সপ্তাহে চায়নিজ তাইপের বিপক্ষে নিজেদের প্রথম আন্তর্জাতিক ম্যাচে রোমাঞ্চকর এক ড্র করেছিল বাংলাদেশ নারী হকি দল। তবে এশিয়ান গেমসের বাছাই ফাইনালে আজ লড়াইটা ঠিকঠাক জমাতে জমাতে পারল না বাংলাদেশ।

প্রথমার্ধ সমতায় শেষ করতে পারলেও দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করে ম্যাচটা ৩–২ ব্যবধানেই হেরেছে বাংলাদেশ।

জাকার্তার জিবিকে হকি স্টেডিয়ামে ফাইনালের শুরুটা কী দারুণই না ছিল! ম্যাচের প্রথম ১৫ মিনিট মনে হচ্ছিল মাঠে শুধু একটিই দল খেলছে—বাংলাদেশ। শুরু থেকেই আক্রমণের ঝড়ে প্রতিপক্ষকে দিশেহারা করে দিয়েছিলেন আইরিন আক্তাররা। সেই চাপের মুখে ম্যাচের অষ্টম মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে অধিনায়ক অর্পিতা পাল যখন উল্লাসে মাতলেন, লাল–সবুজ সমর্থকদের মনের সাগরে তখন আশার ঢেউ। কিন্তু কে জানত, ম্যাচ শেষ হতে হতে হারিয়ে যাবে সেই আনন্দ!

ম্যাচের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের মেয়েরা কেমন যেন খেই হারিয়ে ফেলেন। বিশ্ব র‍্যাঙ্কিংয়ের ৪২ নম্বর দল চায়নিজ তাইপেও তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা আর শক্তির পরিচয় দিতে শুরু করে। ১৭ মিনিটে বাংলাদেশের মেয়েদের এলোমেলো রক্ষণের সুযোগ নিয়ে ওয়াং চিউ সমতা ফেরানোর পর থেকেই খেলার ছবিটা পাল্টে যেতে থাকে।

এশিয়ান গেমস বাছাইয়ে রানার্সআপ হয়েছে বাংলাদেশ নারী হকি দল

প্রথমার্ধ ১–১ সমতায় কাটলেও বিরতির পর আক্রমণ সাজাতে গিয়ে রক্ষণটা একেবারেই অরক্ষিত রেখে দেয় বাংলাদেশ। যার খেসারত দিতে হয় ৩২ মিনিটে দ্বিতীয় গোল হজম করে।

এর পরপরই হাতে চোট পেয়ে অধিনায়ক অর্পিতা মাঠ ছাড়লে বাংলাদেশ আরও ছন্দহীন হয়ে পড়ে। ৪০ মিনিটে স্কোরলাইন ৩–১ হয়ে যাওয়ার পর অর্পিতা আবারও মাঠে ফেরেন। ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। শেষ ২০ মিনিটে প্রাণান্ত চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি বাংলাদেশ।