প্রথম মানব হিসেবে ২ ঘণ্টার কম সময়ে ম্যারাথন শেষ করেছেন কেনিয়ার সেবাস্টিয়ান সাওয়ে
প্রথম মানব হিসেবে ২ ঘণ্টার কম সময়ে ম্যারাথন শেষ করেছেন কেনিয়ার সেবাস্টিয়ান সাওয়ে

লন্ডনে ইতিহাস: ২ ঘণ্টার নিচে ম্যারাথন এই প্রথম

অসম্ভবকে সম্ভব করলেন কেনিয়ার সেবাস্টিয়ান সাওয়ে। ক্রীড়া ইতিহাসের অন্যতম মহাকাব্যিক মুহূর্তে প্রথম মানব হিসেবে ২ ঘণ্টার ‘ফ্যাবলড ব্যারিয়ার’ বা রূপকথার দেয়াল ভেঙে দিলেন তিনি। রোববার লন্ডন ম্যারাথনে মাত্র ১ ঘণ্টা ৫৯ মিনিট ৩০ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন ২৯ বছর বয়সী এই অ্যাথলেট।

কেনিয়ার কেলভিন কিপটুম ২০২৩ সালে শিকাগোতে যে বিশ্ব রেকর্ড (২:০০:৩৫) গড়েছিলেন, সাওয়ে আজ সেটি ভাঙলেন অবিশ্বাস্য ৬৫ সেকেন্ডের ব্যবধানে। সাওয়ে ছাড়াও দ্বিতীয় হওয়া ইথিওপিয়ার ইয়োমিফ কেজেলচাও ২ ঘণ্টার নিচে (১:৫৯:৪১) দৌড় শেষ করেছেন। আর ২ ঘণ্টা ০০ মিনিট ২৮ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হওয়া উগান্ডার জ্যাকব কিপলিমোও কিপটুমের আগের বিশ্ব রেকর্ডটি ৭ সেকেন্ডের ব্যবধানে ছাড়িয়ে গেছেন।

টানা দ্বিতীয়বার লন্ডন ম্যারাথন জয়ের পর আবেগপ্লুত সাওয়ে বলেন, ‘আজকের এই অর্জন শুধু আমার একার নয়, এটি আজ লন্ডনে থাকা আমাদের সবার জয়।’

সাওয়ে ম্যারাথনের দ্বিতীয় ভাগ দৌড়ান মাত্র ৫৯ মিনিট ০১ সেকেন্ডে। ৩০ কিলোমিটার পর্যন্ত কেজেলচা তাঁর সঙ্গে পাল্লা দিলেও শেষ ২ কিলোমিটারে একক আধিপত্য বিস্তার করেন সাওয়ে।

এই জুতা পরেই বিশ্ব রেকর্ড গড়েছেন সাওয়ে

জেনে রাখা ভালো, এর আগে ২০১৯ সালের অক্টোবরে কেনিয়ার কিংবদন্তি এলিউড কিপচোগে ১ ঘণ্টা ৫৯ মিনিট ৪০ সেকেন্ডে ম্যারাথন শেষ করেছিলেন। তবে কিপচোগে বিশেষ জুতা পরে দৌড়ানোয়, কিছু নিয়ম না মানায় ও প্রতিযোগিতাটি উন্মুক্ত ইভেন্ট না হওয়ায় সেটি বিশ্ব রেকর্ড হিসেবে স্বীকৃতি পায়নি। সাওয়ে আজ অ্যাডিডাসের ১০০ গ্রামের কম ওজনের নতুন ‘প্রো ইভো ৩’ সুপার শু পরে সেই অপূর্ণতা ঘোচালেন।

নারীদের বিভাগেও বিশ্ব রেকর্ড

বিশ্ব রেকর্ড হয়েছে লন্ডন ম্যারাথনের নারী বিভাগেও। বর্তমান অলিম্পিক ও বিশ্ব সিলভার মেডেলিস্ট ইথিওপিয়ার টিগস্ট আসেফা কেনিয়ার হেলেন ওবিরি ও জয়সিলিন জেপকোসগেইর সঙ্গে লড়াই শেষে ২ ঘণ্টা ১৫ মিনিট ৪১ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন। কেবল নারীরা দৌড়ান (উইমেন্স অনলি), এমন ম্যারাথনে এটিই এখন নতুন বিশ্ব রেকর্ড। এটি গত বছর একই কোর্সে গড়া আসেফার নিজের রেকর্ডের চেয়ে ৯ সেকেন্ড কম।

মেয়েদের ম্যারাথনে বিশ্ব রেকর্ড গড়েছেন ইথিওপিয়ার টিগস্ট আসেফা

অলিম্পিক ব্রোঞ্জজয়ী ওবিরি ২ ঘণ্টা ১৫ মিনিট ৫৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন। মাত্র ০.০২ সেকেন্ডের ব্যবধানে তাঁর পেছনে থেকে তৃতীয় হন জেপকোসগেই। তবে নারীদের ম্যারাথনে কেনিয়ার রুথ চেপনগেটিচের শিকাগো ম্যারাথনে গড়া ২ ঘণ্টা ০৯ মিনিট ৫৬ সেকেন্ডের সামগ্রিক বিশ্ব রেকর্ডটি এখনো অক্ষুণ্ন রয়েছে। মিশ্র (পুরুষ ও নারী একত্রে) এক ম্যারাথনে পুরুষ পেসারদের সহায়তায় সেই রেকর্ডটি গড়েছিলেন চেপনগেটিচ।