বাংলাদেশের কাবাডি খেলোয়াড় রুপালী আক্তার
বাংলাদেশের কাবাডি খেলোয়াড় রুপালী আক্তার

সাক্ষাৎকারে রুপালী আক্তার

‘বিশ্বকাপের পর বিয়ে করব’

বাবা কৃষি গবেষণাগারে চাকরি করতেন, মা গৃহিণী। চার ভাই–বোনের মধ্যে একমাত্র কাবাডি খেলোয়াড় রুপালী আক্তার। এখনো আনুষ্ঠানিক ঘোষণা না হলেও ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এবারই প্রথম তিনি অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেবেন মিরপুরের ইনডোরে ১৫ থেকে ২৫ নভেম্বর অনুষ্ঠেয় দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপে। ৩৩ বছর বয়সী জামালপুরের এই কাবাডি–কন্যা প্রথম আলোর মুখোমুখি হয়ে বললেন, তাঁর স্বপ্ন বাংলাদেশকে বিশ্বকাপে পদক জেতানো। সাক্ষাৎকারটি নিয়েছেন মাসুদ আলম।

প্রশ্ন

দেশের মাটিতে বিশ্বকাপ খেলবেন, কেমন লাগছে?

রুপালী আক্তার: দেশের মাটিতে খেলা ভেবে ভালো লাগছে। সবাই মিলে চেষ্টা করব ভালো খেলতে। জাতীয় সংগীত বাজবে, বাংলাদেশ মাঠে নামবে। শরীরে রক্ত যেন টগবগ করছে। এটা দারুণ অনুভূতি।

প্রশ্ন

বিশ্বকাপের প্রস্তুতি অন্য টুর্নামেন্টগুলোর চেয়ে কতটা ভিন্ন?

রুপালী: প্রস্তুতি সব সময় একই রকম। তবে বিশ্বকাপের জন্য আমরা জানুয়ারি থেকে প্রস্তুতি নিচ্ছি। মাঝে অবশ্য বিরতি ছিল। কারণ, দুবার বিশ্বকাপ স্থগিত হয়েছে। এখন শেষ ধাপের প্রস্তুতি নিচ্ছি বিকেএসপিতে।

প্রশ্ন

দলের শক্তি ও দুর্বলতা কী?

রুপালী: রেইড ও ডিফেন্স দুটোতেই ভালো আমরা। বড় শক্তি রেইড। বৃষ্টিসহ কয়েকজন ভালো রেইডার আছে আমাদের। সবচেয়ে ভালো রেইডার শ্রাবণী মল্লিক। রক্ষণে সবচেয়ে ভালো স্মৃতি আক্তার। আমি দুটোই পারি, অলরাউন্ডার (হাসি)।

বিশ্বকাপে বাংলাদেশকে সাফল্য এনে দিতে চান রুপালী
প্রশ্ন

১৪ দলের বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ কারা হতে পারে, তাদের নিয়ে পরিকল্পনা কী?

রুপালী: বিশ্বকাপে আর্জেন্টিনা, জার্মানি, নেদারল্যান্ডস, জাপান, কেনিয়া, ভারত, ইরান, চায়নিজ তাইপে, দক্ষিণ কোরিয়া, নেপাল, থাইল্যান্ডস, উগান্ডাসহ ১৪টি দল অংশ নেওয়ার কথা। তবে এখনো সূচি হয়নি। তাই কাদের সঙ্গে খেলা জানতে পারিনি এখনো। ২০১২ সালে ভারতের বিহারের পাটনায় প্রথম নারী কাবাডি বিশ্বকাপে চারটি গ্রুপ হয়েছিল। সৌভাগ্যক্রমে সেই বাংলাদেশ দলে আমি ছিলাম। আমি ছাড়া আর কেউ নেই বর্তমান দলে।

প্রশ্ন

প্রথম বিশ্বকাপের কোনো স্মৃতি?

রুপালী: আমরা জাপানের কাছে মাত্র ২ পয়েন্টে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিই। পঞ্চম হয়েছিল বাংলাদেশ। পদক জিততে পারলে অবশ্যই অনেক ভালো লাগত।

প্রশ্ন

এশিয়ান গেমসে বাংলাদেশ নারী কাবাডি দল দুটি ব্রোঞ্জ জিতেছে, সর্বশেষ ২০১৪ সালে। ২০১৯ সালে সর্বশেষ এসএ গেমসে এসেছে ব্রোঞ্জ। গত মার্চে তেহরানে প্রথমবার এশিয়া কাপের ব্রোঞ্জ। এবার দেশের মাটিতে বিশ্বকাপে কী লক্ষ্য?

রুপালী: বিশ্বকাপে দেশকে পদক দিতে চাই। কী পদক পাব বলা যাচ্ছে না, তবে সর্বোচ্চ চেষ্টা করব সবাই মিলে। চেষ্টার ত্রুটি থাকবে না।

প্রশ্ন

পদক জয়ের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী?

রুপালী: বড় চ্যালেঞ্জ ভারত, ইরান, চায়নিজ তাইপের মতো দলগুলো। ভারত প্রথম নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল। ইরান আর চায়নিজ তাইপেও খুব ভালো। পদক জিততে এই দলগুলোর সঙ্গে ভালো করতে হবে।

১৬ বছর কাবাডির জাতীয় দলে খেলছেন রুপালী
প্রশ্ন

২০০৯ থেকে জাতীয় দলে খেলছেন আপনি। ১৬ বছরে নারী কাবাডিতে কী পরিবর্তন দেখছেন?

রুপালী: প্রযুক্তির ছোঁয়া এসেছে, কিছু নিয়ম পাল্টেছে। এখন সুপার ট্যাকেলে এসেছে। মানে প্রতিপক্ষের কোর্টে তিনজন খেলোয়াড় থাকলে রেইডার যদি ধরা পড়ে তাহলে এক পয়েন্টের জায়গায় এখন দুই পয়েন্ট হবে। তা ছাড়া চোখে পড়ার মতো পরিবর্তন... আমার শুরুর সময়ের চেয়ে আমাদের এখনকার মেয়েদের উচ্চতা বেড়েছে। শ্রাবণীর উচ্চতা যেমন ৫ ফুট ৮ ইঞ্চি, বৃষ্টি বিশ্বাসের ৫ ফুট ৭। আমার ৫ ফুট সাড়ে চার।

প্রশ্ন

বাংলাদেশের নারী কাবাডিতে সুযোগ–সুবিধা কেমন?

রুপালী: সুযোগ–সুবিধা ভালোই। বর্তমান ফেডারেশনের সাধারণ সম্পাদক নেওয়াজ সোহাগ স্যার হাতখরচসহ সবই দেন আমাদের। মাসে ১০ হাজার ৫০০ টাকা করে পাচ্ছি। মাস দুয়েক হলো এটা চালু হয়েছে। তা ছাড়া আমরা সবাই বিভিন্ন বাহিনীতে চাকরি করি, ফলে আমাদের চলে যায়। কেউ নিজ দলে ভাতা পায়, কারও চাকরি স্থায়ী।

প্রশ্ন

ফুটবল-ক্রিকেটের মেয়েদের তুলনায় আপনাদের আর্থিক প্রাপ্তি কিছুই নয়। তবু এই খেলায় কেন এলেন?

রুপালী: কাবাডিতে আসার কারণ খেলাটা ভালো লাগে। এটি আমাদের জাতীয় খেলা। কাবাডি খেললে একটা চাকরি হবে... অনেকে এমন আশায়ও এই খেলায় আসে। আমার বাড়ি জামালপুর সদরে। স্কুলে অ্যাথলেটিকস করতাম। ঘটনাচক্রে সেখানেই কোচ মোহাম্মদ রজব আলীর কাছে প্রথম কাবাডি শেখা। একসময় ঢাকায় আসা, তার পর থেকে খেলাটা হয়ে গেছে জীবনের অংশ।

বিশ্বকাপে পদক জিততে চায় কাবাডি দল
প্রশ্ন

বিশ্বকাপের সময় গ্যালারিতে অনেক দর্শক থাকবে। এটা চাপ হবে নাকি অনুপ্রেরণা?

রুপালী: অবশ্যই অনুপ্রেরণা। আমরা আরও উজ্জীবিত হয়ে খেলব। সবাইকে খেলা দেখতে আসতে বলব। দেশের মাটিতে বিশ্বকাপ, সবাই যেন মনে রাখতে পারে এমনভাবে আমরা খেলতে চাই।

প্রশ্ন

আপনার ব্যক্তিগত কোনো বিশেষ স্বপ্ন?

রুপালী: আমার বয়স এখন ৩৩। বিশ্বকাপের পর বিয়ে করব (হাসি)। আর যত দিন পারফরম্যান্স থাকে খেলে যাব। জাতীয় দল থেকে অবসর নিলেও আনসারের হয়ে খেলব। কাবাডি খেলে কী পেলাম সে হিসাব মিলাই না। কোনো আক্ষেপও নেই আমার কাবাডিতে এসে। বরং কাবাডি খেলে আমি গর্বিত এবং সুখী। কাবাডি আমাকে অনেক দিয়েছে। বিশ্বকাপে দেশকে ভালো কিছু উপহার দিতে পারলে নিজেকে ধন্য মনে করব।