ইন্টারনেটে গাইবান্ধা সদর উপজেলা পরিষদের ওয়েবসাইট চালু হয়েছে। গতকাল রোববার সদর আসনের সাংসদ মাহাবুব আরা বেগম এর উদ্বোধন করেন। ওয়েবসাইটে উপজেলার সব উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ১৩টি ইউনিয়ন পরিষদের তথ্য পাওয়া যাবে। এ ছাড়া উপজেলার মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের ইতিহাস, বিশিষ্ট ব্যক্তিদের জীবনবৃন্তান্ত সংযোজন করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিব আহসান বলেন, যে কেউ ওয়েবসাইড খুলে উপজেলার উন্নয়নমূলক কাজের হালনাগাদ তথ্য জানতে পারবে। এতে অনিয়ম-দুর্নীতি অনেকটা কমে যাবে। এর আগে সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রশিদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামসহ অনেকে। সাইটটির ঠিকানা: www.gaibandhasadar.com। —গাইবান্ধা প্রতিনিধি