ফেসবুকে শ খানেক লাইক না পেলে যাঁদের ঘুম হারাম হয়ে যায়, তাঁরা পড়ে নিন এই লেখাটি। মোটেও মনোযোগ পায়নি, এমন সব পোস্ট নিয়েই সাজানো হয়েছে বেশ কয়েকটি ওয়েবসাইট।

নো লাইকস ইয়েট
একটাও লাইক জোটেনি, এমন সব ইনস্টাগ্রাম পোস্ট নিয়েই সাজানো হয়েছে এ সাইটটি। ঘুরে দেখে পছন্দ হলে ইনস্টাগ্রামে গিয়ে একটা লাইক না-হয় দিয়ে আসুন এই ছবিগুলোতে। ঠিকানা: http://www.nolikesyet.com
স্যাড টুইটস
অনেক শখ করে দেওয়া টুইটগুলোর কবরখানা যেন এটি। এ অ্যাপলিকেশন ব্যবহার করে দেখতে পাবেন নিজের পোস্ট করা এমন টুইট, যা কেউই ফেভারিট বা রিটুইট করেনি। ঠিকানা: http://www.sadtweets.com
কিকেনডেড
নিজেদের নানা প্রকল্পের খরচ জোগানোর জন্য কিকস্টার্টার ওয়েবসাইট ব্যবহার করেন অনেকেই। সেটারই বিমর্ষ সংস্করণ বলা যেতে পারে কিকেনডেডকে। কিকস্টার্টারে মোটেও পাত্তা পায়নি, এমন সব প্রকল্পের খোঁজ পাবেন এ ওয়েবসাইটে।
এক পয়সাও দান পায়নি এ প্রকল্পগুলো। তবে এখানে দেখে পছন্দ হলে আপনি চাইলে কিকস্টার্টারে রিপোর্ট করতে পারবেন।
ঠিকানা: http://kickended.com/projects/davasso
পেতি টিউব
একবারও দেখা হয়নি, এমন সব ইউটিউব ভিডিও নিয়ে সাজানো হয়েছে ফরাসি এই ওয়েবসাইট। এমনকি আপলোডারদের কাছের বন্ধুবান্ধবেরাও দেখতে চাননি ভিডিওগুলো! ঠিকানা: http://petittube.com
স্ক্রিনশট অব ডেসপেয়ার
সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে অবহেলিত পোস্টগুলো এই টাম্বলআর পেজে যেন প্রাণ ফিরে পেয়েছে। ফানপেজই বলা যায় একে। পাঠকেরাই পোস্ট দেন এতে। ঠিকানা: http://screenshotsofdespair.tumblr.com
—ইয়াহু টেক