
দুই দশক ধরে গেমের বাজারে একচেটিয়া ব্যবসা করে আসছে ফিফা। ফিফা গেম এতটাই জনপ্রিয় যে কম্পিউটার ও কনসোল (গেম খেলার যন্ত্র)—দুই মাধ্যমেই ব্যাপক হারে খেলা যায়। ইদানীং আই প্যাডেও খেলা যায় ফিফা। বিশ্ব সাইবার গেমস বা যেকোনো গেমস প্রতিযোগিতায় ফিফার একটা ইভেন্ট থাকেই।
নেইল থেওয়ারাপ্পেরুমা, ১৯৯৩ সালে ফিফার নির্মাতাপ্রতিষ্ঠান ইএ (ইলেকট্রনিক আর্টস) স্পোর্টসের বিপণন বিভাগের দলনেতা ছিলেন। সে বছরেই ফিফার যাত্রা শুরু ‘ফিফা ইন্টারন্যাশনাল সকার’ নামে। প্রথম দিকে মার্কিন গেম নির্মাতাদের এই ফিফা নিয়ে কোনো ধরনের আগ্রহ ছিল না। কিন্তু ইএ ইউরোপিয়ান গ্রুপের প্রেসিডেন্ট ফিফা তৈরিতে অবদান রেখেছিলেন। তিনি এবং তাঁর দক্ষ প্রকৌশলীদের দল এই গেমটি তৈরির জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন। তাঁদের এই পরিশ্রমের ফলে ফিফা বিশ্বের সব থেকে বড় গেম হয়ে ওঠে। তাঁরা গবেষণা করে দেখেছিলেন, ৯০ শতাংশ মানুষ ফুটবল পছন্দ করে। তাই তাঁদের মনে হয়েছিল, ফুটবল গেমটি ইএ স্পোর্টসের জন্য একটি নতুন যুগের সূচনা করবে।
তবে ফিফা ইন্টারন্যাশনাল সকারের সহকারী প্রযোজক মার্ক অবনেল বলেছিলেন, ‘আমি কখনো ভাবিনি, আমরা এক কপি সিডিও বিক্রি করতে পারব। ভেবেছিলাম, আমাদের খুব বড় একটা ক্ষতি হয়ে যাবে। তাঁর এই ধারণা ভুল প্রমাণ করেছিলেন কানাডার ইএ স্পোর্টসের আহ্বায়ক ব্রুস ম্যাকমিলান। ম্যাকমিলান চেলসি দলের ভক্ত ছিলেন এবং নিজেও ফিফা গেম বানাতে চেয়েছিলেন। কিন্তু কানাডার এই দলটি ছিল ছোট। তবে তাঁর একজন দক্ষ প্রকৌশলী ছিলেন, নাম ইয়ান তিয়ান। চীনা এই সফটওয়্যার প্রকৌশলী নিজেও ফুটবলের বড় ভক্ত ছিলেন। তাঁদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা আজকের ফিফা পেয়েছি।’
সমস্যা বাধল অন্য জায়গায়। তাঁদের দেখাদেখি অন্য গেম নির্মাতারা ফুটবল গেম বানাতে শুরু করল। সেন্সেবল সকার তখন খুব বেশি জনপ্রিয় ছিল। ইএ স্পোর্টসও তাদের সঙ্গে প্রতিযোগিতায় নেমে হিমশিম খাচ্ছিল। ই এ স্পোর্টসের স্লোগান হলো ‘ইটস ইন দ্য গেম’। ১৯৯৩ সালে ফিফার প্রথম গেমটি যাত্রা শুরু করল। ইএ স্পোর্টস আশা করেছিল, তারা তিন লাখ কপি বিক্রি করতে পারবে। গেমটি ডিসেম্বর মাসে বাজারে আসে। মাত্র চার সপ্তাহের মধ্যে পাঁচ লাখ কপি বিক্রি হয় ফিফা। আর সে বছরের সেরা গেমের তকমা পায় গেমটি। ইএ স্পোর্টসের আর পেছন ফিরে তাকাতে হয়নি। ২০ বছর ধরে তারা গেমিং দুনিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে। দিন দিন ফিফা আরও বেশি উন্নত এবং বাস্তবমুখী হয়ে উঠছে। উন্নত মানের গ্রাফিকস ও শব্দশৈলী আরও আকর্ষণীয় করে তুলেছে।