
১৯৭৫ সালের জানুয়ারিতে পপুলার ইলেকট্রনিকস সাময়িকীর একটি সংখ্যা হাতে বিল গেটসের কাছে ছুটে আসেন বন্ধু পল অ্যালেন। সে সংখ্যাটির প্রচ্ছদে অলটেয়ার ৮৮০০ কম্পিউটারের ছবি ছিল। অ্যালেন প্রস্তাব রাখেন কম্পিউটারটির জন্য প্রোগ্রামিং ভাষা বেসিক ইন্টারপ্রেটর বানানোর। বিল গেটস সঙ্গে সঙ্গে অলটেয়ারের নির্মাতা প্রতিষ্ঠান এমআইটিএসের সঙ্গে যোগাযোগ করেন। শুরুটা তখন থেকেই। সে বছরের ৪ এপ্রিল অ্যালেন ও গেটস মিলে মাইক্রোসফটের প্রাতিষ্ঠানিক রূপ দেন। আজ প্রতিষ্ঠানটির ৪৩ বছর পূর্ণ হলো।
বর্তমানের অনেক প্রযুক্তির শুরু করতে চেয়েছিল মাইক্রোসফট। এর মধ্যে তাৎক্ষণিক অনুবাদ (রিয়াল-টাইম ট্রান্সলেশন), ট্যাবলেট কম্পিউটার ও ইন্টারনেটে যুক্ত টিভিও আছে। এমনকি ‘ট্যাবলেট’ শব্দও চালু করে মাইক্রোসফট। তবে শেষ পর্যন্ত সে প্রযুক্তিগুলো মাইক্রোসফটের হাত ধরে আলোর মুখ দেখেনি।