ইনস্টাগ্রাম
ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ

ছবি ও ভিডিও বিনিময়ের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের ডিরেক্ট মেসেজ (ডিএম) অপশনের এন্ড-টু-এন্ড এনক্রিপশন–সুবিধা কাজে লাগিয়ে চাইলেই নির্দিষ্ট ব্যক্তিকে নিরাপদে বার্তা পাঠানো যায়। আর তাই ছবি ও ভিডিও পোস্ট করার পাশাপাশি ইনস্টাগ্রামে একে অপরের সঙ্গে বার্তাও বিনিময় করেন অনেকে। কিন্তু হঠাৎ করেই ইনস্টাগ্রামের ডিএম অপশন থেকে এন্ড-টু-এন্ড এনক্রিপশন–সুবিধা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে মেটা।

ইনস্টাগ্রামের ডিএম অপশন থেকে এন্ড-টু-এন্ড এনক্রিপশন–সুবিধা প্রত্যাহার করা হলে ব্যবহারকারীদের আদান–প্রদান করা সব বার্তা পড়তে পারবে মূল প্রতিষ্ঠান মেটা। ফলে গোপন বা গুরুত্বপূর্ণ তথ্যগুলো বর্তমানের মতো আর নিরাপদ থাকবে না বলে ধারণা করা হচ্ছে।

মেটার তথ্যমতে, ইনস্টাগ্রামের ডিরেক্ট মেসেজের ব্যবহার খুব সীমিত। তাই আগামী ৮ মে থেকে ইনস্টাগ্রামে এনক্রিপ্ট করা বার্তা সমর্থন করা হবে না। এর ফলে ইনস্টাগ্রাম ডিএমের মাধ্যমে পাঠানো বার্তাগুলো আর এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকবে না।

প্রসঙ্গত, এনক্রিপশন–সুবিধায় পাঠানো বার্তায় বিশেষ সংকেত (কোড) যুক্ত করে প্রাপকের কাছে পাঠিয়ে থাকে ইনস্টাগ্রাম। প্রাপকের কাছে পৌঁছানোর পর কোডযুক্ত বার্তাকে আবার সাধারণ বার্তায় পরিণত করা হয়। ফলে এতে নির্দিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কেউ বার্তায় থাকা তথ্য জানতে পারেন না।

সূত্র: টেকলুসিভ