
আগামীকাল বুধবার থেকে চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে শুরু হচ্ছে হালনাগাদ তথ্যপ্রযুক্তি পণ্যের প্রদর্শনী ‘স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৩ চট্টগ্রাম’। বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) চট্টগ্রাম শাখা আয়োজিত তিন দিনের এ প্রদর্শনীতে ৮১টি প্রযুক্তি প্রতিষ্ঠান ১৬টি প্যাভিলিয়ন ও ৮১টি স্টলে হালনাগাদ প্রযুক্তি ও পণ্য তুলে ধরবে। বেলা ১১টায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী প্রদর্শনীর উদ্বোধন করবেন। আজ মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ কম্পিউটার সমিতি জানিয়েছে, ‘প্রযুক্তিতে হব সমৃদ্ধ বেশ/গড়ে তুলব স্মার্ট বাংলাদেশ’ স্লোগানে অনুষ্ঠেয় এ প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। মূল্যছাড়ে হালনাগাদ প্রযুক্তিপণ্য কেনার পাশাপাশি বিভিন্ন উপহার পাওয়া যাবে প্রদর্শনীতে। থাকছে ইনোভেশন জোন, বঙ্গবন্ধু কর্নার, ৩৬০ ডিগ্রি ফটো বুথ ও গেমিং জোন। প্রবেশমূল্য ১০ টাকা হলেও স্কুলের শিক্ষার্থী, সংবাদকর্মী, রোটারেক্ট, রোটারি, লিও এবং লায়ন্স ক্লাবের সদস্যরা বিনা মূল্যে প্রদর্শনীতে প্রবেশ করতে পারবেন।
বাংলাদেশ কম্পিউটার সমিতি চট্টগ্রাম শাখার চেয়ারম্যান ও প্রদর্শনীর আহ্বায়ক মো. দিদারুল আলম চৌধুরী জানিয়েছেন, প্রদর্শনীতে নতুন প্রযুক্তিপণ্য ও জীবনধারাভিত্তিক উদ্ভাবন সম্পর্কে বিভিন্ন তথ্য জানা যাবে। বিনোদন ও শিক্ষামূলক বিভিন্ন আয়োজনও থাকবে।
আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের (আইবিপিসি) সহযোগিতায় আয়োজিত এ প্রদর্শনীর পৃষ্ঠপোষক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড, এমএসআই, স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড ও ডিডিএন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি সুব্রত সরকার, সংগঠনের সহসভাপতি ও প্রদর্শনীর কেন্দ্রীয় সমন্বয়কারী মো. রাশেদ আলী ভূঁইয়া, চট্টগ্রাম শাখার ভাইস চেয়ারম্যান মো. দিদারুল ইসলাম, সচিব সুমন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।